হোম > জাতীয়

ফিরে এসেছে বিমানের কাঠমান্ডুগামী ফ্লাইট, নেপালে আটকা ফুটবলাররা

বিশেষ প্রতিবেদক, ঢাকা ­­

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ। ফাইল ছবি

নেপালের রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তাজনিত কারণে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। ফলে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ উভয় রুটের বিমান চলাচল স্থবির হয়ে পড়েছে।

এই অবস্থায় আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিমানের কাঠমান্ডুগামী একটি ফ্লাইট ত্রিভুবন বিমানবন্দরের কাছাকাছি গিয়েও ফিরে এসেছে। অন্যদিকে বিমানের আরও একটি ফ্লাইটে কাঠমান্ডু থেকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সদস্যদের ফেরার কথা ছিল। তাঁরাও সেখানে আটকা পড়েছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক এ বি এম রওশন কবীর জানান, ঢাকা থেকে কাঠমান্ডুগামী বিজি ৩৭১ ফ্লাইট নির্ধারিত সময়েই ছেড়ে যায়। কিন্তু বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল হওয়ায় কাছাকাছি গিয়েও ১১৪ যাত্রী নিয়ে বিমানটিকে ফিরে আসতে হয়েছে। বর্তমানে কাঠমান্ডু থেকে দেশে ফেরার অপেক্ষায় থাকা যাত্রীরা বিমানবন্দরে অবস্থান করছেন।

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ফেরার ফ্লাইটটি ছিল বিমানের। বাফুফে জানিয়েছে, জামাল ভূঁইয়াদের দলটি আজ বেলা ৩টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ৩৭২ ফ্লাইটে দেশে ফেরার কথা ছিল। কিন্তু সব ফ্লাইট বাতিল হওয়ায় তাঁরা হোটেলেই আটকে আছেন।

জাতীয় দলের আমের খান বলেন, ‘কাঠমান্ডুর অবস্থা খারাপ। আমরা হোটেলেই আছি। ফেরার ব্যাপারে এখনো কোনো আলোচনা হয়নি।’

ফ্লাইট বাতিল হওয়ায় উভয় যাত্রীদের বিমানের ব্যবস্থায় হোটেলে রাখার প্রস্তুতি নিচ্ছে বিমান কর্তৃপক্ষ।

কাঠমান্ডু পোস্টের খবরে বলা হয়, আজ দুপুর ১২টা ৪৫ মিনিট থেকে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়। রাজধানীর কোটেশ্বর এলাকার কাছে ধোঁয়া দেখা যাওয়ার পর সতর্কবার্তা জারি করে বিমানবন্দর কর্তৃপক্ষ। যদিও বিমানবন্দরের মহাব্যবস্থাপক হংস রাজ পান্ডে বলেন, ‘বিমানবন্দর বন্ধ হয়নি, আমরা এটিকে বন্ধও করব না।’ তবে সব ধরনের সতর্কবার্তা মেনে কার্যক্রম সীমিত রাখা হয়েছে।

ফ্লাইট বাতিলের কারণে যাত্রী ও বিমানকর্মীদের মধ্যে চরম অনিশ্চয়তা বিরাজ করছে। অনেকেই বিমানবন্দরে আটকে আছেন, আবার কেউ কেউ হোটেলে অবস্থান করছেন। অভ্যন্তরীণ বিমান সংস্থা বুদ্ধা এয়ার নিরাপত্তার কারণ দেখিয়ে সব ফ্লাইট বাতিল করেছে। রানওয়েতে অপেক্ষমাণ যাত্রীদের হতাশা ও ক্ষোভে ভরা পরিবেশ তৈরি হয়েছে।

প্রসঙ্গত, সরকারের দুর্নীতি এবং সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধের প্রতিবাদে গতকাল সোমবার তরুণদের বিক্ষোভে পুলিশের গুলিতে অন্তত ১৯ জন নিহত হন। আহত হন আরও অনেকে। এরপর থেকে রাজধানী কাঠমান্ডু ও বড় শহরগুলোতে কারফিউ জারি রয়েছে, যা ফ্লাইট চলাচলেও প্রভাব ফেলেছে।

সচিবালয়ের পক্ষে কথা বলায় এবং নিউজ শেয়ার করায় বিচারকদের শোকজ

সুপ্রিম কোর্ট সচিবালয়: রায়ের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ

বিডিআর হত্যাকাণ্ড দেখে ফেলায় স্বামীকে গুম করে হত্যা করা হয়: জবানবন্দিতে স্ত্রী

ভিসাপ্রক্রিয়া শিগগির সহজ করার আভাস ভারতের

হাদির হত্যাকারীদের ফেরত চাইল বাংলাদেশ, রাজি ভারত

সংসদের সাউন্ড সিস্টেম-কাণ্ডে দুদকের অনুসন্ধান

বছরের মধ্যেই বিসিএস শেষ করতে প্রশাসনিক ও আর্থিক স্বাধীনতা চাইলেন পিএসসি চেয়ারম্যান

ব্যর্থতায় সেকশন প্রধানের পদের আয়ু হবে ৫ মিনিট, রেলের কর্মকর্তাদের মন্ত্রীর হুঁশিয়ারি

শুধু মার্চেই সীমান্তে ১৬৫ কোটি টাকার চোরাচালান জব্দ, আটক ৩১৭

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় হাইকমিশনার