হোম > জাতীয়

পেট্রলপাম্পে ভিড় বাড়ছে, খুচরায় বাড়তি দাম

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ঝিনাইদহে তেল নিতে গিয়ে হামলার শিকার এক যুবকের মৃত্যুর ঘটনায় পাম্পমালিকের একটিসহ ৩টি বাসে আগুন দেয় বিক্ষুব্ধরা। সেই আগুন নিয়ন্ত্রণে আনা চেষ্টা করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। গত শনিবার রাতে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালসংলগ্ন তাজ ফিলিং স্টেশনে। ছবি: আজকের পত্রিকা

জ্বালানি তেল কিনতে রাজধানীসহ সারা দেশের পেট্রলপাম্পে যানবাহনের লাইন দীর্ঘ হচ্ছে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করা ক্রেতাদের সঙ্গে পেট্রল-পাম্পের কর্মচারীদের কথা-কাটাকাটি, হাতাহাতির ঘটনাও ঘটছে। সীমা নির্ধারণের পরও বাড়তি চাহিদার চাপে বেশ কিছু পাম্প জ্বালানি তেলশূন্য হয়ে পড়েছে। পেট্রলপাম্পগুলোতে গতকাল রোববার থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) পেট্রলপাম্পে পুলিশি টহল জোরদারে সরকারকে অনুরোধ করেছে।

দেশের বিভিন্ন স্থানে খুচরা দোকানে জ্বালানি তেলে বাড়তি দাম নেওয়ার অভিযোগ উঠেছে।

মধ্যপ্রাচ্যে যুদ্ধের পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার থেকে দেশে জ্বালানি সংকটের আশঙ্কায় পাম্পগুলোতে তেল সংগ্রহে ভিড় বাড়তে থাকে। পরে সরকার মোটরসাইকেলসহ বিভিন্ন যনবাহনের জন্য দৈনিক তেল নেওয়ার পরিমাণ নির্ধারণ করে দেয়। দিনে দিনে পাম্পে যানবাহনের সারি দীর্ঘ হচ্ছে। জ্বালানি তেল কেনা নিয়ে বিভিন্ন স্থানে বাগ্‌বিতণ্ডা, মারামারির ঘটনা ঘটছে। ঝিনাইদহে গত শনিবার রাতে পাম্প কর্মচারীদের মারধরে এক যুবক নিহত হয়েছেন। এর জেরে ওই পাম্পমালিকের একটি বাসসহ তিনটি বাসে অগ্নিসংযোগ করা হয়। গতকাল সড়ক অবরোধও করা হয়। এ ছাড়া সুযোগ বুঝে তেল মজুত, বেশি দামে বিক্রির অভিযোগও উঠেছে।

গতকাল রাজধানীর কয়েকটি পেট্রলপাম্প ঘুরে দেখা যায়, আগের দিনের মতোই পাম্পের বাইরে দীর্ঘ লাইন মোটরসাইকেলের। কয়েক সারিতে মোটরসাইকেল রেখে তেল নিতে অপেক্ষায় চালকেরা। আছে ব্যক্তিগত গাড়ির সারিও। ফলে পাম্পের পাশের সড়কগুলোতে যানজটের সৃষ্টি হয়েছে।

তেজগাঁওয়ের সিটি ফিলিং স্টেশন, আরএস এন্টারপ্রাইজ, তশোফা ফিলিং স্টেশন, রয়েল ফিলিং স্টেশনসহ বেশ কয়েকটি পাম্প তেলশূন্য অবস্থায় পেয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মহাখালীর ক্লিন ফুয়েল, ইউরেকা ফিলিং স্টেশনসহ বেশ কয়েকটি স্টেশনে গিয়ে মজুত ও বেচাকেনা স্বাভাবিক পেয়েছে ভোক্তা-অধিকার।

মহাখালীর সোহাগ ফিলিং স্টেশনে জ্বালানি মন্ত্রণালয়ের ভ্রাম্যমাণ আদালত গিয়ে দেখেন, ৩ হাজার ৫০০ লিটার অকটেন রয়েছে। ভ্রাম্যমাণ আদালত সবকিছু পরিমাপের পর আবার তেল বিক্রি শুরু হয়।

বাংলাদেশ পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল হক আজকের পত্রিকাকে বলেন, ক্রেতারা চাহিদামতো জ্বালানি তেল না পেয়ে উত্তেজিত হয়ে উঠছেন। হামলা, বিতণ্ডা, মারামারি ঠেকাতে ঢাকা ও বিভাগীয় শহরের পাম্পগুলোতে পুলিশ মোতায়েন করা জরুরি। না হলে পাম্প বন্ধ করার হুমকি দিচ্ছেন মালিকেরা

ঝিনাইদহে ৩ বাসে আগুন, অবরোধ

ঝিনাইদহে পাম্পে তেল নিতে গিয়ে যুবক নিরব হোসেন নিহত হওয়ার পর ওই পাম্পমালিকের একটিসহ তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাত ৩টার দিকে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে এ ঘটনা ঘটে। বাসে আগুনের ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকেরা গতকাল সকাল ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ঝিনাইদহ-মাগুরা-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে প্রশাসনের সুষ্ঠু তদন্তের আশ্বাসে অবরোধ তুলে নেন শ্রমিকেরা।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ বিল্লাল হোসেন বলেন, ‘দ্রুত সময়ের মধ্যে অগ্নিসংযোগকারীদের আইনের আওতায় আনব। যুবক নিহতের ঘটনায় পাম্পের সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ চলছে। আসামিদের এর মধ্যে আটক করা হয়েছে। সঙ্গে নিহতের পরিবারকে থানায় মামলা দিতে বলা হয়েছে।’

চৌগাছায় ৬ হাজার লিটার জ্বালানি তেল জব্দ

যশোরের চৌগাছায় বেলা ৩টার দিকে ৫ হাজার ৬০০ লিটার ডিজেল, ২৪২ লিটার পেট্রল এবং ৩৮ লিটার অকটেন জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন যশোর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শোয়াইব হাসান। অবৈধভাবে জ্বালানি তেল মজুত করায় উপজেলার সলুয়া বাজারের ব্যবসায়ী নিজাম উদ্দিনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই বাজারের ব্যবসায়ী রুহুল আমিনকে ওজন ও পরিমাপ আইনে ১৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। বিকেল ৪টার দিকে চৌগাছা সদরের চৌগাছা ফিলিং স্টেশনকে ওজন ও পরিমাপ আইনে ২০ হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) রেশমা খাতুনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত।

রাজশাহীর বাঘায় বেশি দামে পেট্রল বিক্রি

রাজশাহীর বাঘা উপজেলায় বিভিন্ন দোকানে খুচরা বিক্রেতারা সুযোগ বুঝে প্রতি লিটার পেট্রল ১৩০-২০০ টাকা পর্যন্ত দামে বিক্রি করছেন বলে অভিযোগ উঠেছে। উপজেলার আলাইপুর মহাজনপাড়ার দুই মুদিব্যবসায়ী বলেন, তাঁরা ডিলারদের কাছ থেকে প্রতি লিটার পেট্রল ১৩০ টাকায় কিনে ১৩৫-১৬০ টাকা বিক্রি করেছেন। শনিবার বিনোদপুর বাজারে বিক্রি হয় প্রতি লিটার ১২৫-১৫০ টাকায়।

গতকাল মনিগ্রাম বাজারে দুই ডিলার প্রতি লিটার পেট্রল ১৫০ টাকায় বিক্রি করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বাঘা পেট্রোলিয়াম এজেন্সির স্বত্বাধিকারী গোলাম মোস্তফা বলেন, কোনো বোতল বা ড্রামে করে কেউ তেল নিতে এলে দেওয়া হচ্ছে না। ধারণা করা হচ্ছে, তাঁরা নিয়ে গিয়ে মজুত করতে পারেন।

বাঘার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তার বলেন, মনিটরিং চলছে। খুচরা দোকানে বেশি দামে বিক্রির অভিযোগ পেয়েছেন। প্রমাণ পেলে তাদের আইনের আওতায় আনা হবে।

সৌদি আরবে দুই বাংলাদেশি নিহতের ঘটনায় বাংলাদেশের নিন্দা

তেলের প্রধান ডিপোগুলোয় সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ

নেপালের সরকার ও জনগণকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সিঙ্গাপুর সফরের আগের দিন সাবেক গভর্নরের পিএস কামরুলসহ দুজনের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা

১৫ বছর পর পুলিশ কর্মকর্তা কোহিনুর মিয়ার চাকরি পুনর্বহাল

কলকাতায় গ্রেপ্তার ফয়সাল ও আলমগীরের সাক্ষাৎ চায় বাংলাদেশ উপহাইকমিশন

জ্বালানি তেলের সরবরাহ পর্যবেক্ষণে বিপিসির মনিটরিং সেল গঠন

পাম্পে তেল নেই, আক্ষেপ নিয়ে ফিরছেন ক্রেতারা

ঢাকা থেকে বাতিল আরও ৩৩ ফ্লাইট, ১০ দিনে বাতিল ৩৩৫টি

জাকাত বোর্ড পুনর্গঠনের সিদ্ধান্ত