হোম > জাতীয়

আপিলেও প্রার্থিতা ফেরত পেলেন না মনিরা শারমিন, যাবেন হাইকোর্টে

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

মনিরা শারমীন। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিলে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত বহাল রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে মনোনয়ন বাতিল বহাল থাকছে এনসিপি নেত্রী মনিরা শারমিনের।

আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সংরক্ষিত নারী আসনের নির্বাচনের জন্য মনোনয়নপত্র নিয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির প্রথম দিন শেষে এই তথ্য জানা যায়।

সরকারি চাকরি ছাড়ার তিন বছর পার না হওয়ায় মনিরা শারমিনের প্রার্থিতা বাতিলের রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত বহাল রেখেছে ইসি। এর ফলে মনিরা শারমিনের প্রার্থিতা বাতিলই থাকছে। এখন তিনি প্রার্থিতা ফেরত পেতে আদালতে আপিল করতে পারবেন।

আপিল শুনানি শেষে নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ সাংবাদিকদের বলেন, মনিরা শারমিনের আপিল আবেদন নামঞ্জুর হয়েছে। তাঁর মনোনয়ন বাতিল থাকল।

ইসির এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করবেন বলে সাংবাদিকদের জানিয়েছেন মনিরা শারমিন। তিনি বলেন, ‘আমরা হাইকোর্টে এটার জন্য আপিল করব...আমি চাই না যে আইনের অস্পষ্টতার জন্য নারীদের সংসদে প্রতিনিধিত্ব এবং নারীদের রাজনৈতিক ক্ষমতায়ন আসলে অনিশ্চিত হয়ে পড়ে।’