ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত জি জুন কিম প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ বুধবার রাজধানীতে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য জানান।
বৈঠকে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দুই দেশের প্রতিনিধিরা বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, শিল্পায়ন, অবকাঠামো উন্নয়ন, মানবসম্পদ উন্নয়ন এবং দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেন।
সাক্ষাৎকালে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বাংলাদেশের দ্রুত অর্থনৈতিক অগ্রগতি এবং এখানকার বিনিয়োগবান্ধব পরিবেশের ভূয়সী প্রশংসা করেন। তিনি জানান, দক্ষিণ কোরিয়া বাংলাদেশের ইলেকট্রনিকস উৎপাদন ও প্রযুক্তি খাতে বড় পরিসরে বিনিয়োগ করতে আগ্রহী। এর পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি, তথ্যপ্রযুক্তি, উৎপাদনশিল্প ও অন্যান্য সম্ভাবনাময় খাতগুলোতেও সহযোগিতা এবং বিনিয়োগ সম্প্রসারণের ব্যাপারে তিনি আগ্রহ প্রকাশ করেন।
পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক ও উন্নয়ন অংশীদারত্বের প্রশংসা করেন। তিনি উভয় দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধি, প্রযুক্তি স্থানান্তর ও শিল্প সহযোগিতা আরও জোরদার করার তাগিদ দেন। উপদেষ্টা বাংলাদেশে আরও বেশি দক্ষিণ কোরীয় বিনিয়োগকে স্বাগত জানান এবং বিদেশি বিনিয়োগকারীদের জন্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সুযোগ-সুবিধা ও নীতিগত সহযোগিতার আশ্বাস দেন।