হোম > জাতীয়

লিবিয়া থেকে মঙ্গলবার ফিরছেন আরও ১৭৪ বাংলাদেশি

বিশেষ প্রতিনিধি, ঢাকা

লিবিয়ায় ডিটেনশন সেন্টারে আটক থাকা বাংলাদেশিরা। ছবি: সংগৃহীত

লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক আরও ১৭৪ বাংলাদেশি নাগরিককে মানবিক প্রত্যাবাসনের মাধ্যমে দেশে ফেরত পাঠানো হয়েছে। আজ সোমবার ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টার থেকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় তাদের দেশে পাঠানো হয়।

প্রত্যাবাসিত বাংলাদেশিরা লিবিয়ার বুরাক এয়ারের ফ্লাইটে (ইউজেড ২২২) করে আগামীকাল মঙ্গলবার সকাল ৭টায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, ভূমধ্যসাগর থেকে উদ্ধারের পর এসব বাংলাদেশি নাগরিককে দীর্ঘদিন তাজুরা ডিটেনশন সেন্টারে আটক রাখা হয়েছিল। তাঁদের নিরাপদে দেশে ফেরাতে বাংলাদেশ দূতাবাস লিবিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইওএমের সঙ্গে সমন্বয় করে কাজ করে।

প্রত্যাবাসন কার্যক্রম তদারক করতে বাংলাদেশ দূতাবাসের একটি প্রতিনিধি দল ত্রিপলীর মেতিগা আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিল। প্রতিনিধি দলের সদস্যরা প্রত্যাবাসিত অভিবাসীদের প্রয়োজনীয় কনস্যুলার ও অন্যান্য সহযোগিতা দেন।

দূতাবাস জানিয়েছে, লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের শনাক্তকরণ, কনস্যুলার সহায়তা এবং দেশে ফেরানোর কার্যক্রম ধারাবাহিকভাবে চলছে। এরই অংশ হিসেবে তাজুরা ডিটেনশন সেন্টার থেকে সর্বশেষ ১৭৪ জনকে দেশে ফেরানো হয়েছে।

এদিকে বেনগাজীর গানফুদা ও ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টারে এখনো অবস্থানরত অন্যান্য বাংলাদেশি নাগরিকদের দ্রুত দেশে ফিরিয়ে আনার উদ্যোগও অব্যাহত রয়েছে বলে জানিয়েছে দূতাবাস।

দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, জীবনের ঝুঁকি নিয়ে অনিয়মিত পথে সমুদ্রপথে ইউরোপে যাওয়ার চেষ্টা অনেক সময় মৃত্যু, নিখোঁজ, জিম্মি বা আটকের কারণ হয়ে দাঁড়ায়। অনেক অভিবাসীকে উদ্ধারের পর দীর্ঘ সময় ডিটেনশন সেন্টারে মানবেতর পরিবেশে থাকতে হয়। এ অবস্থায় দালাল ও মানবপাচারকারীদের প্রলোভনে বিভ্রান্ত না হয়ে অনিয়মিত পথে বিদেশ যাওয়ার চেষ্টা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।

দূতাবাস আরও জানিয়েছে, লিবিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইওএমের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে আটক বাংলাদেশিদের শনাক্তকরণ ও প্রত্যাবাসনের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে।