বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে বিচার শুরু হয়েছে। আজ মঙ্গলবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্যের মধ্য দিয়ে আনুষ্ঠানিক বিচার শুরু হয়। এরপর এই মামলার প্রথম সাক্ষী দেন এম এ রাজ্জাক।
আন্দোলনে মারা যাওয়া আসিফ ইকবালের বাবা এম এ রাজ্জাক জবানবন্দিতে বলেন, তাঁর এক ছেলে ও এক মেয়ে। ২০২৪ সালের ১৯ জুলাই তাঁর ছেলে আসিফ ইকবাল আন্দোলনে গিয়ে মারা যান। তাঁর ছেলে মনিপুর স্কুলে লেখাপড়া করার পাশাপাশি দারাজ নামের একটি প্রতিষ্ঠানে চাকরিও করতেন। তবে জবানবন্দি শুরুর কিছুক্ষণের মধ্যেই প্রসিকিউটর মিজানুল ইসলামের আবেদনে বুধবার পর্যন্ত তা মুলতবি করা হয়।
এই মামলার অন্য আসামিরা হলেন– কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। এ মামলার সব আসামিই পলাতক।
গত ১৮ ডিসেম্বর আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। সেই সঙ্গে পলাতক থাকা ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরে গত ২২ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।