আগামী শনিবার (২ মে) সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটাই তাঁর প্রথম সিলেট সফর।
আজ বৃহস্পতিবার সফরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। সূচি অনুযায়ী, শনিবার সকাল ১০টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে তিনি সকাল সাড়ে ১০টায় হযরত শাহজালাল (র.) মাজার জিয়ারত করবেন।
এরপর বেলা ১১টায় নগরের চাঁদনীঘাট এলাকায় সিলেট সিটি করপোরেশনের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের উদ্বোধন ও সুধী সমাবেশে যোগ দেবেন। দুপুর ১২টায় সদর উপজেলার কান্দিগাঁওয়ে বাসিয়া খাল (বাসিয়া নদী) খননকাজের উদ্বোধন করার কথা রয়েছে।
এদিন বেলা ৩টায় সিলেট জেলা স্টেডিয়াময়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ প্রতিযোগিতার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর বিকেল ৫টায় সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় সভায় অংশ নেবেন তিনি।
সন্ধ্যা ৭টায় বিমানযোগে ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করবেন প্রধানমন্ত্রী।