হোম > জাতীয়

আশুলিয়ায় ছয় লাশ পোড়ানো মামলার রায় আজ

আজকের পত্রিকা ডেস্ক­

জুলাই গণ-অভ্যুত্থানের সময় ছয় লাশ পোড়ানোসহ সাতজনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করা হবে আজ।

আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করবেন। প্যানেলের অন্য দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

পুনর্গঠিত ট্রাইব্যুনালে এটি তৃতীয় রায়। ১ ফেব্রুয়ারি রায় ঘোষণার জন্য আজকের দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল-২। এ রায়ের মাধ্যমেই নির্ধারণ হবে ১৬ আসামির ভাগ্য।

গত ২০ জানুয়ারি রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখা হয়। ওই দিন প্রসিকিউশনের পক্ষে যুক্তি খণ্ডন করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম।

আসামিপক্ষে যুক্তি উপস্থাপন করেন স্টেট ডিফেন্স আইনজীবী মো. আমির হোসেন, মিরাজুল আলম ও আবুল হাসান। এর আগে আসামিদের হয়ে শুনানিতে অংশ নেন আইনজীবী সৈয়দ মিজানুর রহমান।

এ মামলার মোট ১৬ আসামির মধ্যে আটজন কারাগারে আছেন। তাঁরা হলেন ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফী, সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম, ঢাকা জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক পরিদর্শক মো. আরাফাত হোসেন, আশুলিয়া থানার সাবেক উপপরিদর্শক (এসআই) আবদুল মালেক, আরাফাত উদ্দীন, কামরুল হাসান, শেখ আবজালুল হক ও সাবেক কনস্টেবল মুকুল চোকদার। আর সাবেক এমপি মুহাম্মদ সাইফুল ইসলামসহ এ মামলার আট আসামি পলাতক।

গত বছরের ২ জুলাই প্রসিকিউশনের জমা দেওয়া আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন আদালত। অভিযোগের সঙ্গে অন্যান্য তথ্যসূত্র হিসেবে ৩১৩ পৃষ্ঠা, সাক্ষী ৬২, দালিলিক প্রমাণাদি ১৬৮ পৃষ্ঠা ও দুটি পেনড্রাইভ যুক্ত করে প্রসিকিউশন।

এরপর ২১ আগস্ট আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। সে সময় উপস্থিত আট আসামির সাতজনই নিজেদের নির্দোষ দাবি করেন। এ মামলায় তদন্ত কর্মকর্তা জানে আলম খানসহ মোট ২৪ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়েছে। আসামিদের মধ্যে শেখ আবজালুল হক রাজসাক্ষী হয়ে শহীদদের পরিবারসহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে ক্ষমা প্রার্থনা করে জবানবন্দি দেন।

গত ১৪ সেপ্টেম্বর এ মামলার সূচনা বক্তব্য উপস্থাপন করে ২০২৪ সালের ৫ আগস্ট আশুলিয়ায় সংঘটিত বর্বরোচিত হত্যাকাণ্ডের বর্ণনা তুলে ধরেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। পরে তিনি সাংবাদিকদের বলেন, ছয়জন আন্দোলনকারীকে গুলি করে হত্যা করার পর পুলিশ তাঁদের লাশ ভ্যানে তুলে আগুনে পুড়িয়ে দেয়।

২০২৪ সালের ৫ আগস্ট সাভারের আশুলিয়ায় পুলিশের গুলিতে প্রাণ হারান ছয় তরুণ। এরপর পুলিশ ভ্যানে তাঁদের লাশ তুলে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। নৃশংস এ ঘটনার সময় একজন জীবিত ছিলেন বলে অভিযোগ রয়েছে; পেট্রল ঢেলে তাঁকেও পুড়িয়ে মারা হয়।

এ ছাড়া এর আগের দিন একজন শহীদ হয়েছিলেন। এ ঘটনায় একই বছরের ১১ সেপ্টেম্বর মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়।

দুদক আইন: কমিশনশূন্যতায়ও দুদক ‘সচল’ রাখতে আইন সংশোধন হচ্ছে

প্রতিবন্ধী ব্যক্তিদের বাইরে রেখে সমাজের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়: সমাজকল্যাণমন্ত্রী

মোবাইল টাওয়ারের বিকিরণে ‘ক্ষয়ক্ষতির’ প্রতিবেদন জমা দিতে নির্দেশ

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মোসলেহ উদ্দিন, সম্পাদক শামীমা

মানবতাবিরোধী অপরাধ: শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

জাতীয় নির্বাচনে পোস্টাল ব্যালটের ‘কিউআর কোড রিডার’ ফেরত চাইল ইসি

একনেকে ৩৪ হাজার কোটি টাকার পদ্মা ব্যারাজসহ ৯ প্রকল্প অনুমোদন

নিয়োগ পেলেন ২৭তম বিসিএসের আরও ৯৬ বঞ্চিত প্রার্থী

এপ্রিলে ৫২৭ সড়ক দুর্ঘটনায় নিহত ৫১০, মোটরসাইকেলেই ২৮ শতাংশ: যাত্রী কল্যাণ সমিতি

১৫ হাজার টিকিট কাটতে আধা ঘণ্টায় ৬০ লাখ হিট