হোম > জাতীয়

স্থগিত ফ্লাইটগুলোর রিশিডিউল হয়েছে, যাত্রীরা পর্যাপ্ত সময় পাবেন: প্রতিমন্ত্রী

বিশেষ প্রতিনিধি, ঢাকা

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। ছবি: সংগৃহীত

ইরান-ইসরায়েল পাল্টাপাল্টি হামলায় উদ্ভূত পরিস্থিতিতে দেশ থেকে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন আন্তর্জাতিক রুটে স্থগিত হওয়া ৫৪টি ফ্লাইটের সময় পুনর্নির্ধারণ (রিশিডিউল) করা হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। যাত্রীদের পর্যাপ্ত সময় দিয়ে ধাপে ধাপে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

আজ রোববার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ট্রাফিক সিগন্যাল মনিটরিং সেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী জানান, ইরানে উদ্ভূত পরিস্থিতির কারণে গতকাল শনিবার থেকে আজ পর্যন্ত বাংলাদেশের আন্তর্জাতিক রুটে প্রায় ৫৪টি ফ্লাইট স্থগিত করা হয়। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কয়েকটি নির্ধারিত গন্তব্যের ফ্লাইটও ছিল। তবে পরিস্থিতি পর্যালোচনা করে আজ থেকে ধীরে ধীরে ফ্লাইট কার্যক্রম পুনরায় শুরু হয়েছে।

রশিদুজ্জামান বলেন, স্থগিত হওয়া ফ্লাইটগুলো রিশিডিউল করা হয়েছে, যাতে যাত্রীরা পর্যাপ্ত সময় পান। সিভিল এভিয়েশন চেয়ারম্যান, মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তমন্ত্রণালয় পর্যায়েও আলোচনা হয়েছে, যেখানে পররাষ্ট্র ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় যুক্ত ছিল। আগামীকাল সোমবারের মধ্যে স্থগিত ফ্লাইটের অধিকাংশ যাত্রীকে তাঁদের গন্তব্যে পাঠানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রত্যন্ত অঞ্চল থেকে আসা যাত্রীদের কথাও বিবেচনায় নেওয়া হচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ফ্লাইট এমনভাবে পুনর্নির্ধারণ করা হচ্ছে, যাতে দূরবর্তী এলাকা থেকে আসা যাত্রীরাও ন্যূনতম প্রয়োজনীয় সময় পান।

যাত্রীসেবার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে উল্লেখ করে বিমান প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নিজেই সার্বক্ষণিকভাবে পরিস্থিতি মনিটর করছেন। নির্ধারিত সময়ে যেতে না পারা যাত্রীদের দেখভাল, রমজান মাস বিবেচনায় ইফতারের ব্যবস্থাসহ প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা হয়েছে।

পরিস্থিতি পরিবর্তনশীল হওয়ায় বিমানবন্দরে আসার আগে সংশ্লিষ্ট এয়ারলাইনস বা ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ সময়সূচি জেনে নেওয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী।

দুই আসনের ফলাফল চ্যালেঞ্জ করে পরাজিত প্রার্থীদের আবেদন

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে গুলি: সন্ত্রাসী গ্রুপ চিহ্নিত হয়েছে বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

ইরানে বসবাসরত বাংলাদেশিদের নিয়ে উদ্বিগ্ন সরকার

দপ্তর হারালেন স্থানীয় সরকার সচিব রেজাউল

পুরোনো প্রতিশ্রুতির বোঝা আমাদের ওপর চাপাবেন না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

৫ জেলার ডিসি প্রত্যাহার

মধ্যপ্রাচ্যগামী কর্মীদের জন্য সহায়তায় হটলাইন চালু

সীমান্ত হত্যার বিষয়ে যেন আর শুনতে না হয়, এ বিষয়ে সতর্ক থাকব: স্বরাষ্ট্রমন্ত্রী

যে শর্তে বাংলা একাডেমি পুরস্কার নিতে রাজি হলেন কবি মোহন রায়হান