হোম > জাতীয়

সংসদ অধিবেশন: বিরোধী দল থেকে সভাপতি হয়নি একটি কমিটিরও

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদের সব সংসদীয় কমিটি গঠনের কাজ শেষ হয়েছে। গতকাল বৃহস্পতিবার শেষ চারটি কমিটি গঠনের মাধ্যমে মন্ত্রণালয় সম্পর্কিত ৩৯টি এবং বিষয়ভিত্তিক ১১টি কমিটি গঠনের কাজ সম্পন্ন হয়। এর মধ্যে গত কয়েকটি সংসদের ধারাবাহিকতায় শুধু সরকারি হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি করা হয়েছে বিরোধী দল থেকে। কোনো মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতির পদই বিরোধী দলকে দেওয়া হয়নি। জুলাই সনদ অনুযায়ী আসনের সংখ্যানুপাতে সংসদীয় কমিটির সভাপতি পদ না দেওয়ায় ক্ষোভ জানিয়েছে বিরোধী দল।

অন্যদিকে একাধিক কমিটিতে রাষ্ট্রীয় সুবিধাভোগীদের (প্রধানমন্ত্রীর উপদেষ্টা, হুইপ) কমিটিরও সভাপতি করায় স্পিকার উষ্মা প্রকাশ করেছেন। ভবিষ্যতে কমিটি পুনর্গঠনের সময় বিষয়টি বিবেচনার জন্য রুলিং দিয়েছেন তিনি।

শেষ দিন প্রতিরক্ষা মন্ত্রণালয়, বিদ্যুৎ, জ্বালানি, জনপ্রশাসন ও সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে প্রতিরক্ষার সভাপতি হয়েছেন নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হয়েছেন সরকারদলীয় হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হয়েছেন শরীয়তপুর-১ আসনের সাঈদ আহমেদ এবং সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। এ ছাড়া ছয়টি কমিটি পুনর্গঠন করা হয়েছে। চিফ হুইপ পৃথক পৃথকভাবে কমিটি গঠনের প্রস্তাব করেন, যা পরে কণ্ঠভোটে পাস হয়।

কমিটি গঠন শেষে সংসদীয় স্থায়ী কমিটিতে বিরোধী দলের সদস্য বণ্টন নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম ও হুইপ রফিকুল ইসলাম খান। তাঁদের অভিযোগ, বিরোধী দলের দেওয়া তালিকা অনুযায়ী সদস্যদের বিভিন্ন কমিটিতে রাখা হয়নি।

বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, ১০ সদস্যের প্রতিটি কমিটিতে বিরোধী দল প্রথমে তিনজন করে সদস্য চেয়েছিল। পরে সরকারি দলের পক্ষ থেকে জানানো হয়, বিরোধী দল মোট সদস্যের ২৬ শতাংশ প্রতিনিধিত্ব পাবে। সে হিসাবে কিছু কমিটিতে তিনজন এবং কিছু কমিটিতে দুজন করে বিরোধী দলের সদস্য রাখার কথা ছিল। কিন্তু তাঁদের দেওয়া তালিকায় কোন কমিটিতে তিনজন এবং কোনটিতে দুজন থাকবেন, সেটিও ঠিকমতো অনুসরণ করা হয়নি।

বিরোধী দলের অভিযোগের জবাবে চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, মন্ত্রণালয় সম্পর্কিত ৩৯টি স্থায়ী কমিটিতে বিরোধী দলের ২৬ শতাংশ প্রতিনিধিত্ব হিসাব করেই সদস্য দেওয়া হয়েছে। তাঁর হিসাবে, ১৯টি কমিটিতে বিরোধী দলের তিনজন করে এবং বাকি কমিটিতে দুজন করে সদস্য থাকার কথা।