হোম > জাতীয়

ছিনতাই, মাদক ও চাঁদাবাজি প্রতিরোধে সাঁড়াশি অভিযান পূজার পর: আইজিপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পূজার পর ছিনতাই, মাদক, চাঁদাবাজি ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে সাঁড়াশি অভিযান শুরু হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম। আজ শনিবার দুপুরে রাজধানীর রামকৃষ্ণ মঠ ও মিশনে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। 

পুলিশপ্রধান বলেন, ‘আগামীকাল রোববার বিসর্জনের মধ্য দিয়ে দুর্গাপূজা শেষ হবে। বিসর্জনের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি বলেন, ‘সারা দেশে ৩২ হাজারের বেশি মণ্ডপে দুর্গাপূজা উদ্‌যাপিত হচ্ছে। পূজা যাতে নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হতে পারে, সে জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।’ 

আইজিপি জানান, সারা দেশে পূজামণ্ডপে প্রায় সোয়া ২ লাখ আনসার সদস্য মোতায়েন রয়েছেন। পুলিশ বাহিনীর ৭৫ হাজার সদস্য প্রত্যক্ষভাবে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত। এ ছাড়া সারা দেশে সশস্ত্র বাহিনী মোতায়েন আছে। 

ময়নুল ইসলাম বলেন, ‘আমাদের জাতীয় জরুরি সেবা ৯৯৯—কন্ট্রোলরুম সার্বক্ষণিক চালু রয়েছে। আমরা যখনই পূজাসংক্রান্ত যেকোনো সংবাদ পাচ্ছি, তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। পূজাকে কেন্দ্র করে ১ অক্টোবর থেকে এ পর্যন্ত সারা দেশে ৪৩টি ঘটনা ঘটেছে। প্রতিটি ঘটনায়ই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এসব ঘটনায় ১৪টি মামলা, ২৯টি জিডি এবং ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।’ 

আইজিপি বলেন, ‘যারা অপতৎপরতা চালাতে চায়, তারা মুষ্টিমেয়।’ তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘কোনো ঘটনা ঘটিয়ে কেউ পার পাবে না।’ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আনা হবে।’ অপর এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘রাজনৈতিক পরিচয়ে কাউকে ছাড় দেওয়া হবে না।’ 

এ সময় ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজ প্রমুখ উপস্থিত ছিলেন।

বন্যা পরিস্থিতি: সার্বিকভাবে উন্নতি হলেও বৃষ্টিতে নতুন প্লাবনের শঙ্কা

রাষ্ট্রপতির বিদায়: বঙ্গভবন ছেড়ে কাল উঠছেন গুলশানে নিজের ফ্ল্যাটে

রাষ্ট্রপতির পদত্যাগ: অবশেষে সাহাবুদ্দিনের বিদায়

নতুন উন্নয়ন কৌশল বাস্তবায়ন করছে সরকার: তিতুমীর

রাষ্ট্রপতির পদটিকে ব্যক্তি নয়, প্রতিষ্ঠান হিসেবে দেখে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী

সেদিন থেকে শুরু এরশাদের ষড়যন্ত্র

সিঙ্গাপুরের হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী

দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: ইসি মাছউদ

হাফিজ উদ্দিনের বাসভবনে নিরাপত্তাব্যবস্থা জোরদার, দেওয়া হবে গার্ড অব অনার

আমি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি: সংবাদ সম্মেলনে স্পিকার