ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক শুরু হয়েছে। আজ বেলা ১১টায় স্পিকারের সভাপতিত্বে শুরু হওয়া এই বৈঠকে সরকারি ও বিরোধীদলীয় সংসদ সদস্যদের উপস্থিতিতে মুখর হয়ে উঠেছে সংসদকক্ষ।
দিনের শুরুতেই কার্যসূচি অনুযায়ী সংসদে প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর পর্ব শুরু হয়। এদিন জামালপুর থেকে নির্বাচিত বিএনপি দলীয় সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবুর পক্ষ থেকে কক্সবাজারের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহমুল্লাহ ফরিদ প্রথম প্রশ্নটি উত্থাপন করেন। সংসদে জনগুরুত্বপূর্ণ বিষয়ে নোটিশ নিষ্পত্তি এবং প্রশ্নোত্তর পর্ব এরই মধ্যে শেষ হয়েছে।
দুপুর ১২টা ১০ মিনিটে জুলাই সনদের ওপর বক্তব্য দিচ্ছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।
এদিনের কার্যসূচিতে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব এবং সেই প্রস্তাবের ওপর বিস্তারিত আলোচনার কথা রয়েছে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার সংসদের প্রথম দিনে রীতি অনুযায়ী ভাষণ দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তবে তাঁকে ‘ফ্যাসিস্টের দোসর’ আখ্যা দিয়ে ওই সময় জামায়াত জোটের সদস্যরা সংসদ থেকে ওয়াকআউট করেছিলেন।
কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, সংসদের এই প্রথম অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে। রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন বেলা ৩টায় অধিবেশন বসবে। তবে বিশেষ প্রয়োজনে স্পিকার এই সময় ও কার্যদিবস পরিবর্তনের ক্ষমতা রাখেন।