হোম > জাতীয়

মন্ত্রণালয় থেকে সংসদে বিল আসতে দেরি হওয়ায় ডেপুটি স্পিকারের উষ্মা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডেপুটি স্পিকার কায়সার কামাল। ফাইল ছবি

মন্ত্রিসভায় অনুমোদনের পর সংসদে সময়মতো বিল না আসায় উষ্মা প্রকাশ করেছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। ভবিষ্যতে সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আইনসভাকে অবজ্ঞা নয়, শক্তিশালী করুন।’

আজ সোমবার সংসদে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়া মন্ত্রিসভায় পাস হওয়ার পর সংসদে বিল তুলতে চার মাস সময় লাগার প্রসঙ্গ টেনে ডেপুটি স্পিকার এসব কথা বলেন। মন্ত্রণালয় থেকে সংসদে বিল আসতে দেরি হওয়ায় এর আগেও ডেপুটি স্পিকার সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন।

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের আজ ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’ সংসদে উত্থাপন করেন। এর আগে ডেপুটি স্পিকার কায়সার কামাল মন্ত্রীর উদ্দেশে বলেন, এটি গত ২৩ জুলাই মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছিল। প্রায় চার মাস আগে।

কার্যপ্রণালি বিধি অনুযায়ী, সরকারি বিল উত্থাপনের সাত দিন আগে নোটিশ দিতে হয়। বেসরকারি বিল উত্থাপনের ১৫ দিন আগে নোটিশ দিতে হয়। তবে স্পিকার চাইলে সময় বাড়াতে পারেন। বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিলটি ৪ নভেম্বর সংসদে আসে।

ডেপুটি স্পিকার বলেন, ‘এই চার মাসে, আপনার এক্সিকিউটিভের (নির্বাহী বিভাগ) পক্ষ থেকে এই বিলটা কেন এত দিন পরে আসল যে, আমাকে আমার প্রিরোগেটিভ ইউজ (বিশেষ ক্ষমতা ব্যবহার- কনডোনেশন অব টাইম) করতে হলো? আমি দিচ্ছি অনুমতি, বাট (কিন্তু) এটা বোধ হয় আগেও দুই-একবার সংসদে বলেছি, পর্যাপ্ত সময় থাকে, তারপরেও এক্সিকিউটিভ পার্ট থেকে লেজিসলেচারকে (আইন বিভাগ) আপনারা সময়মতো বিলটা পাঠান না। যে কারণে মাননীয় সদস্যরা বিলটা দেখতে পারেন না।’

ডেপুটি স্পিকার আরও বলেন, ‘আপনাদের চার মাস আগে যে বিলটা অনুমোদিত হয়েছে মন্ত্রিপরিষদে, এই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সংসদে আসতে তো তিন-চার মাস সময় লাগার কথা না।’ মন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘আপনি উত্থাপন করতে পারেন, পরবর্তী সময়ে সতর্ক থাকবেন দয়া করে, প্লিজ। লেজিসলেচারকে এমপাওয়ারড করেন, ইগনোর না।’

পরে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের লক্ষ্যে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল সংসদে তোলেন। পরে বিলটি পরীক্ষা করে তিন দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

বিলে বলা হয়েছে, আইন পাস হওয়ার পর সরকার গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ নামে একটি কর্তৃপক্ষ গঠন করবে। বগুড়া সিটি করপোরেশনের আওতাধীন এলাকা ও সরকার গেজেট প্রজ্ঞাপন দিয়ে সিটি করপোরেশন এলাকা-সংলগ্ন যেসব এলাকা নির্ধারণ করবে, সেসব এলাকা এই কর্তৃপক্ষের অন্তর্ভুক্ত হবে। ভূমির যৌক্তিক ব্যবহার নিশ্চিত করে মহাপরিকল্পনা, কৌশলগত পরিকল্পনা ও বিশদ অঞ্চল পরিকল্পনা প্রণয়ন করবে এই কর্তৃপক্ষ। এ জন্য ভূমি জরিপ ও সমীক্ষা, গবেষণা পরিচালন ও সংশ্লিষ্ট সব তথ্য, উপাত্ত সংগ্রহ ও সংরক্ষণ এবং বাস্তবায়ন করতে পারবে। অপরিকল্পিত, অপ্রশস্ত সড়ক ও এলাকার ভূমি পুনঃ উন্নয়ন ও ভূমি পুনর্বিন্যাসে উন্নয়ন প্রকল্প নিতে পারবে।

বিলের উদ্দেশ্য ও কারণ-সংবলিত বিবৃতিতে মন্ত্রী বলেন, উত্তরাঞ্চলের ক্ষুদ্র ও মাঝারি শিল্পসমৃদ্ধ গুরুত্বপূর্ণ বগুড়া শহর ও এর সন্নিহিত এলাকার পরিকল্পিত নগরায়ণ, সমন্বিত অবকাঠামো উন্নয়ন, আধুনিক নাগরিক সুবিধা সম্প্রসারণসহ দীর্ঘমেয়াদি টেকসই উন্নয়ন নিশ্চিতকল্পে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক), খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (খুউক), রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষসহ (রাউক) ইতিমধ্যে গঠিত চারটি উন্নয়ন কর্তৃপক্ষের মতো ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ (বউক)’ গঠন করা আবশ্যক।

তিন অধ্যাদেশ সংসদে

অধিবেশন শুরু হওয়ার আগে জারি করা তিনটি অধ্যাদেশ আজ চতুর্থ অধিবেশনের প্রথম বৈঠকে উপস্থাপন করা হয়েছে। অধ্যাদেশগুলো হলো—পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬; মূল্য সংযোজন কর ও সম্পূরক শূল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬ এবং বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান অধ্যাদেশগুলো সংসদে উপস্থাপন করেন।

কপ৩১ সম্মেলনে যোগ দিতে কাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

হামে মৃত্যুর দায় আমার, আমাকে ফাঁসি দিন: স্বাস্থ্যমন্ত্রী

সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার দাবি শ্রমিকপক্ষের

বনানী কবরস্থানে ১৫ বছর স্থায়ী কবরের ব্যয় ১ কোটি টাকা

তিন বছরে ১৬ হাজার পরিবার স্থায়ীভাবে দারিদ্র্য থেকে বেরিয়ে এসেছে: স্থানীয় সরকারমন্ত্রী

আর্সেনিকমুক্ত পানি নিশ্চিতে সাড়ে ৩ হাজার কোটির প্রকল্প আসছে: সংসদে স্থানীয় সরকারমন্ত্রী

‘১৫ বছরে স্থানীয় সরকারে প্রায় ২৮ হাজার কোটি টাকা ব্যয়ে ব্যাপক অনিয়ম হয়েছে’

গঙ্গা, এলপিজি, গার্মেন্টসসহ চার বিষয়ে আলোচনার জন্য সংসদে বিরোধী দলের নোটিশ

শ্রমিকদের চিকিৎসায় ছয়টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণ করবে সরকার: সংসদে প্রধানমন্ত্রী

প্রশাসক নিয়োগে জেলা পরিষদে গতি এসেছে: সংসদে স্থানীয় সরকারমন্ত্রী