হোম > জাতীয়

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের সাক্ষাৎ, ঢাকা সফরের অপেক্ষায় শাহবাজ

আজকের পত্রিকা ডেস্ক­

জেদ্দায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। ছবি: এক্স

সৌদি আরবের জেদ্দায় অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) ফিলিস্তিনবিষয়ক নির্বাহী বৈঠকের সাইডলাইনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশগ্রহণকারী দেশের প্রতিনিধিদলের নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। এসব বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে বলা হয়েছে, ‘তিনি যাঁদের সঙ্গে বৈঠক করেছেন, তাঁদের মধ্যে ছিলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সিনেটর মোহাম্মদ ইসহাক দার, সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ এ এলখরেইজি, তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী মুসা কুলাকলিকায়া, ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী ড. ভারসেন ওহানেস ভার্তান আগাবেকিয়ান এবং গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরিং মোদু এনজিয়ে। সেরিং মোদু এনজিয়ে একই সঙ্গে নির্বাহী বৈঠকের চেয়ারম্যান।’

প্রতিনিধিদলগুলোর নেতারা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বিশাল বিজয় এবং প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য আন্তরিক অভিনন্দন জানান। তাঁরা আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে বাংলাদেশ দ্রুত রাজনৈতিক স্থিতিশীলতা অর্জন করবে এবং উন্নয়নের গতি ত্বরান্বিত হবে। তাঁরা ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশের অটল অবস্থানের প্রশংসা করেন। পাশাপাশি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার প্রতি পূর্ণ সমর্থন জানান।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী গত বছর প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে তাঁর সাক্ষাতের কথা সস্নেহে স্মরণ করেন। তিনি জানান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্যক্তিগতভাবে শুভেচ্ছা জানাতে বাংলাদেশ সফরের অপেক্ষায় রয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আশা প্রকাশ করেন, ঢাকায় নতুন সরকারের অধীনে দুই দেশের সম্পর্ক ধারাবাহিকভাবে আরও উন্নত হবে।

তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী কুলাকলিকায়া তুরস্ক ও বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্কের কথা উল্লেখ করেন। তিনি আশা করেন, আগামী দিনে বিভিন্ন খাতে দুই দেশের সম্পর্ক আরও সম্প্রসারিত হবে। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান রোহিঙ্গা শরণার্থীদের প্রতি তুরস্কের সহায়তা ও সমর্থনের জন্য আন্তরিক ধন্যবাদ জানান। উভয় পক্ষ রোহিঙ্গা সংকটের দ্রুত সমাধানে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করে।

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান রমজানের পর বাংলাদেশ সফরের জন্য তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের কাছে একটি আমন্ত্রণপত্র তুর্কি উপপররাষ্ট্রমন্ত্রীর হাতে তুলে দেন।

সৌদি উপপররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নিকট ভবিষ্যতে সুবিধাজনক সময়ে সৌদি আরব সফর করবেন। তিনি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকেও রিয়াদ সফরের আমন্ত্রণ জানান। তিনি বলেন, সৌদি আরবের ভিশন ২০৩০ বাংলাদেশের জন্য নানা খাতে গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করেছে। এ বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে তাঁর সরকার প্রস্তুত। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশেও সৌদি আরবের বিনিয়োগের উল্লেখযোগ্য সুযোগ রয়েছে। উভয় পক্ষ এসব সম্ভাবনা বাস্তবায়নে একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নেয়। উপপররাষ্ট্রমন্ত্রী এলখরেইজি ওআইসি সচিবালয়ের কার্যকারিতা বৃদ্ধির লক্ষ্যে বড় ধরনের সংস্কার উদ্যোগে বাংলাদেশের সমর্থন কামনা করেন।

ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী আগাবেকিয়ানের সঙ্গে বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ফিলিস্তিনি জনগণের ন্যায়সংগত দাবির প্রতি বাংলাদেশের অটল সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি জোর দিয়ে বলেন, ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমানার ভিত্তিতে এবং পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাই এই সমস্যার একমাত্র সমাধান। ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী ফিলিস্তিনি ইস্যুতে বাংলাদেশের দৃঢ় ও ধারাবাহিক সমর্থনের প্রশংসা করেন।

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেন, ফিলিস্তিন হয়তো জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতিত্বের দৌড়ে না-ও থাকতে পারে, কিন্তু বাংলাদেশ নির্বাচিত হলে ফিলিস্তিনের ন্যায্য দাবিকে পূর্ণ সমর্থন দেবে। ফিলিস্তিনি মন্ত্রী জানান, আরব-ইসলামিক দেশগুলোর সমর্থন বাংলাদেশের প্রার্থিতার পক্ষে থাকবে।

গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরিং মোদু এনজিয়ের সঙ্গে বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান রোহিঙ্গা ইস্যুতে তাঁর সরকারের অব্যাহত ও সক্রিয় সমর্থনের জন্য আন্তরিক ধন্যবাদ জানান। বিশেষ করে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে যে মামলা গাম্বিয়া করেছে, তার কথাও উল্লেখ করেন।

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর পক্ষে গাম্বিয়ার গুরুত্বপূর্ণ কাজকে সমর্থন দিতে বাংলাদেশ প্রস্তুত। উভয় পক্ষ এ বছরের এপ্রিল মাসে বাগদাদে অনুষ্ঠেয় ওআইসি পররাষ্ট্রমন্ত্রী পরিষদের বৈঠকের সময় রোহিঙ্গা ইস্যুতে একটি অনুষ্ঠান আয়োজনের বিষয়ে একমত হয়। পররাষ্ট্রমন্ত্রী এনজিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদে বাংলাদেশের প্রার্থিতার প্রতি পূর্ণ সমর্থন জানান এবং আফ্রিকার অন্যান্য দেশের সমর্থন আদায়ে কাজ করার আশ্বাস দেন।

এসব বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব রাষ্ট্রদূত মোল্লা ফারহাদ হোসেন এবং ওআইসিতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এম জে এইচ জাবেদ।

বগুড়া থেকে শুরু ফ্যামিলি কার্ড বিতরণ, উদ্বোধন ১০ মার্চ

মব থেকে ফায়দা নিতে গেলে শক্তি প্রয়োগ করা হবে: আইজিপি

মেলা শুরু, আজ জমার আশা

চুক্তিতে নিয়োগ আগের মতোই

সেনাবাহিনীর আরও ৬ উচ্চ পদে রদবদল, নতুন কিউএমজি শাহীনুল হক

তিন আসনের ফলাফল চ্যালেঞ্জ করে জামায়াত প্রার্থীর আবেদন

লোকসান কমাতে সমঝোতার চেষ্টা করছি: বিদ্যুৎমন্ত্রী

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের যুক্তরাজ্যের আরও ৫১৮ ফ্ল্যাট-অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ

১০-১৫ বছরের বাজার সিন্ডিকেট ভাঙতে কাজ চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

মনোনীত হয়েও বাংলা একাডেমি পুরস্কার পেলেন না কবি মোহন রায়হান