হোম > জাতীয়

বিরোধী দল কারণ ছাড়া ওয়াকআউট করে, এটা দুঃখজনক: ধর্ম প্রতিমন্ত্রী

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

গোলটেবিল বৈঠকে বক্তব্য দেন ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন। ছবি: আজকের পত্রিকা

সংসদে বিরোধী দলের ওয়াকআউট করাকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন। তিনি বলেন, সংসদে বিরোধী দল যেকোনো কারণ ছাড়া ওয়াকআউট করে, এটা খুব দুঃখজনক। রাষ্ট্রপতি নির্বাচনে ভোট যাকেই দেন না কেন, পরে রাষ্ট্রপতির সঙ্গে কিন্তু কুশলবিনিময় করেছেন।

আজ রোববার জাতীয় প্রেসক্লাবে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের’ উদ্যোগে আয়োজিত ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান—সার্বভৌমত্ব ও গণতন্ত্র’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।

ধর্ম প্রতিমন্ত্রী বলেছেন, ‘বেগম খালেদা জিয়া শুধু দেশনেত্রীই ছিলেন না, উনি একটি ইনস্টিটিউট। ম্যাডামের গণতান্ত্রিক চর্চা হচ্ছে দৃষ্টান্তমূলক উদাহরণ। ম্যাডাম দাঁড়ি-টুপি এবং ভিন্নমতকে অনেক সম্মান করতেন।’

বিরোধী দলের উদ্দেশে শামীম কায়সার লিংকন বলেন, ‘অনেক সময় কোনো ইস্যু না থাকলে আপনাদের প্রয়োজনীয় এবং অপ্রয়োজনীয় কিছু কর্মসূচি আমরা দেখতে পাই। আপনাদের উচিত জুলাই যোদ্ধারা ঠিকমতো ট্রিটমেন্ট পাচ্ছে কি না, কাদের কতটুকু চিকিৎসা দরকার এবং এগুলোর তালিকা হয়েছে কি না—এগুলো নিয়ে সরকারকে চাপে রেখে জবাবদিহি আনা। আপনাদের আওয়ামী লীগ ইস্যু নিয়ে কথাবার্তা বলা উচিত ছিল। কিন্তু এগুলো বাদ রেখে আপনারা অন্য ইস্যু নিয়ে কথা বলছেন।’

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, তারা এই দেশকে একেবারে ধ্বংস করে দিয়েছে। তারা সমস্ত ফ্যাসিজমের জনক। এমন ফ্যাসিজম তারা তৈরি করেছে, বিশ্বের অন্য কোনো রাষ্ট্র ফ্যাসিস্ট হতে চাইলে আওয়ামী লীগের কাছ থেকে তারা রিসার্চ করে শিখে নিতে পারে।

‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের’ সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান, সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম নাসির, ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের নেতা লায়ন মোহাম্মদ ফারুক রহমান প্রমুখ।