হোম > জাতীয়

অবৈধ ইটভাটায় অর্থায়ন বন্ধের সুপারিশ সংসদীয় কমিটির

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফাইল ছবি

অবৈধ ইটভাটায় ব্যাংকঋণসহ সব ধরনের অর্থায়ন বন্ধের সুপারিশ করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকে চিঠি পাঠানোর সিদ্ধান্তও নিয়েছে কমিটি।

জাতীয় সংসদ ভবনে আজ শনিবার এই সংসদীয় কমিটির প্রথম বৈঠকে এমন সুপারিশ পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সংসদ সচিবালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অবৈধ ইটভাটা বন্ধে বাংলাদেশ ব্যাংক থেকে অর্থায়ন বন্ধ করার সুপারিশ করেছে কমিটি। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকে চিঠি পাঠানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে। সারা দেশের বৈধ ও অবৈধ ইটভাটার তালিকা প্রণয়নের জন্য পরিবেশ অধিদপ্তরকে নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে সরকারের নির্মাণাধীন অবকাঠামোতে ইটের পরিবর্তে ব্লক ব্যবহারের সুপারিশ করা হয়েছে।

বৈঠকে পরিবেশদূষণ নিয়ন্ত্রণে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মন্ত্রণালয়ের কোনো সিদ্ধান্তের কারণে যাতে পরিবেশ ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়। এ ছাড়া জলবায়ু পরিবর্তন ট্রাস্টের অধীনে পরিচালিত ১০১টি প্রকল্পের তথ্য-উপাত্ত কমিটির পরবর্তী বৈঠকে উপস্থাপনের জন্য মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। গত ১৬ বছরে মন্ত্রণালয়ের বরাদ্দ করা অর্থ কীভাবে ব্যয় হয়েছে, তাও জানতে চেয়েছে কমিটি।

বৈঠকে চলতি অর্থবছরে মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ বাজেট ব্যয়ের পরিকল্পনা বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়। একই সঙ্গে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।

কমিটির সভাপতি জি কে গউছের সভাপতিত্বে বৈঠকে আরও অংশ নেন কমিটির সদস্য ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, জাহিদুল ইসলাম ধলু, আব্দুল মান্নান, সুলতানা জেসমিন প্রমুখ।