হোম > জাতীয়

পাঁচ বছরে তিনটি বিষয়কে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: উপদেষ্টা রেহান

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী আয়োজিত ব্রডব্যান্ড এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ। ছবি: আজকের পত্রিকা

প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেছেন, আগামী পাঁচ বছরে সরকার তিনটি বিষয়কে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করবে—সর্বজনীন কানেকটিভিটি নিশ্চিতকরণ, ‘ওয়ান সিটিজেন, ওয়ান ডিজিটাল আইডেন্টিটি’ বাস্তবায়ন এবং ডিজিটাল ওয়ালেট ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-নির্ভর বাংলাদেশ গড়ে তোলা।

রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী আয়োজিত ব্রডব্যান্ড এক্সপো-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা আশা প্রকাশ করে বলেন, ‘টেলিযোগাযোগ খাতে অ্যাকটিভ শেয়ারিং বাস্তবায়নে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) যথাযথ পদক্ষেপ নেবে। নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, ডিজিটাল খাতে যে উদ্দীপনামূলক ট্যাক্সকাঠামো থাকা দরকার, তা নেই। বিনিয়োগ আকর্ষণের জন্য এটা জরুরি। তিনি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডিং (আইএসপি) খাতে বিদ্যমান সমস্যার সমাধান করতে সরকার ও বিটিআরসির প্রতি আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির চেয়ারম্যান বলেন, ফিক্সড টেলিকম সার্ভিস প্রোভাইডার (এফটিএসপি) নামটা বদলে আগের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার নামটা বহাল করা হবে। সামাজিক দায়বদ্ধতা তহবিল (এসওএফ) ব্যবহারের পলিসি রিভিউ করা হবে। অ্যাকটিভ শেয়ারিংয়ের বিষয়ে শিগগির ইতিবাচক কিছু করা হবে বলে তিনি উল্লেখ করেন।

প্রসঙ্গত, টেলিযোগাযোগ খাতে অ্যাকটিভ শেয়ারিং বলতে বোঝায় একাধিক মোবাইল অপারেটরদের তাদের সক্রিয় নেটওয়ার্ক যন্ত্রপাতি একসঙ্গে ব্যবহার করা।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব জহিরুল ইসলাম বলেন, আইএসপি লাইসেন্স নবায়ন ও অ্যাকটিভ শেয়ারিং বিষয়ে যেসব সমস্যা রয়েছে, তা সমাধানের জন্য সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে উদ্যোগ নেওয়া হবে।

আইএসপিএবি সভাপতি মোহাম্মদ আমিনুল হাকিম বলেন, আইএসপি খাতে প্রায় ২০ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। আইএসপি নেটওয়ার্কের মাত্র ৩০ শতাংশ ব্যবহার করা হয়। বাকিটা অব্যবহৃত থাকে। অ্যাকটিভ শেয়ারিং থাকলে অব্যবহৃত নেটওয়ার্কের পরিমাণ অনেকাংশে কমে আসবে।

দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের হার প্রায় ১৫ শতাংশ উল্লেখ করে আমিনুল হাকিম বলেন, সরকারের সহযোগিতা, নীতিসহায়তা পেলে আগামী পাঁচ বছরে এই হার ৫০ শতাংশ করা সম্ভব। তিনি বলেন, সারা দেশে ‘এক দেশ এক রেট’ বাস্তবায়ন করতে হলে ট্রান্সমিশন রেটও সারা দেশে এক হতে হবে।

সূচনা বক্তব্যে আইএসপিএবির মহাসচিব নাজমুল করিম ভূইঞা লাইসেন্স নবায়নসহ বিরাজমান সমস্যাগুলো নিয়ে কথা বলেন এবং খাতসংশ্লিষ্ট বিষয় নিয়ে সরকারের কাছে দাবি জানান।

দেশের ব্রডব্যান্ড খাতের উন্নয়ন, উদ্ভাবন ও ভবিষ্যৎ সম্ভাবনাকে সামনে রেখে প্রথমবারের মতো আয়োজিত হয়েছে ‘ব্রডব্যান্ড এক্সপো-২০২৬’।

ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) আয়োজিত তিন দিনব্যাপী এই আয়োজনের প্রতিপাদ্য ‘লিংকিং পিপল, লিংকিং ফিউচার’।

এই এক্সপোতে ব্রডব্যান্ড ও তথ্যপ্রযুক্তি খাতের বিভিন্ন প্রতিষ্ঠান তাদের সেবা, সফটওয়্যার, হার্ডওয়্যার ও নেটওয়ার্কভিত্তিক পণ্য প্রদর্শন করছে। এবারের আয়োজনে রয়েছে ১০টি প্যাভিলিয়ন, ৩৫টি মিনি প্যাভিলিয়ন ও ২০টি স্টল।

এক্সপোর বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে ‘এক্সপেরিয়েন্স জোন’, যেখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্ভাবিত রোবটিকস, আইওটিসহ প্রায় ২৫টি প্রযুক্তিনির্ভর প্রকল্প প্রদর্শিত হচ্ছে। দর্শনার্থীরা এসব উদ্ভাবন সরাসরি দেখার সুযোগ পাচ্ছেন।

আয়োজকেরা আশা করছেন, ব্রডব্যান্ড এক্সপো-২০২৬ দেশের ইন্টারনেট অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তি উদ্ভাবন ও ডিজিটাল সেবা সম্প্রসারণে নতুন দিগন্ত উন্মোচন করবে। ১৫ এপ্রিল এক্সপোর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ব্রডব্যান্ড এক্সপো প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে।

শহীদ জিয়ার আদর্শে উদ্বুদ্ধ হয়ে গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

শাহাদাতবার্ষিকীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বিএনপি গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের অধিকার রক্ষায় বদ্ধপরিকর: তথ্য প্রতিমন্ত্রী

আইনশৃঙ্খলা পরিস্থিতি রাতারাতি নিয়ন্ত্রণ সম্ভব নয়: পরিবেশমন্ত্রী

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ

রাজধানীর বর্জ্য অপসারণে অবহেলা: প্রধানমন্ত্রীর নির্দেশে দুই কর্মকর্তাকে প্রত্যাহার

কোরবানির পশুর লাথি-গুঁতায় ও অস্ত্রের আঘাতে সারা দেশে আহত দুই সহস্রাধিক, নিহত ৩

রাজধানীর কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শনে প্রধানমন্ত্রী, নিজেই চালালেন গাড়ি

পাঠ্যবইয়ে জিয়াউর রহমানের নিবন্ধ অন্তর্ভুক্তির পরামর্শ বিশিষ্টজনদের

কোরবানির পশুর চামড়া নিয়ে ফের হাহাকার: গরুর ১০০-৬০০ টাকা, ছাগলেরটা কেউ নেয় না