নৌ, রেল, সেতু ও সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম রবি বলেছেন, পরিবহন সেক্টরে স্পষ্ট ম্যাসেজ দেওয়া আছে, কোনো ভাড়া বাড়ানো যাবে না। যারা ভাড়া বাড়ানোর চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আর চাঁদাবাজির সুনির্দিষ্ট তথ্য জানতে পারলে ফৌজদারি অপরাধ হিসেবে ব্যবস্থা গ্রহণ করা হবে।
আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় নারায়ণগঞ্জ শহরের মাছঘাট এলাকায় নির্মাণাধীন টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এদিন নারায়ণগঞ্জ টার্মিনাল ও নির্মাণাধীন খানপুর আইসিটি অ্যান্ড বাঙ্ক টার্মিনাল, নারায়ণগঞ্জ ড্রেজার বেইজ এবং বিশ্বব্যাংকের অর্থায়নে নারায়ণগঞ্জ নদী বন্দরের মাছঘাট সংলগ্ন নির্মিতব্য টার্মিনাল ভবন পরিদর্শন ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
শেখ রবিউল আলম বলেন, ‘লাইটার জাহাজে ভোগ্যপণ্য রাখা হয় বাজারে সংকট করার জন্য। এটা দেখার জন্য এসেছি। লাইটার জাহাজে গম পেয়েছি। নির্দিষ্ট সময়ে পণ্য খালাস না করে রেখে দেওয়া হয়েছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।’
মন্ত্রী আরও বলেন, ‘এবারের ঈদ যাত্রা স্বস্তির হবে, নিরাপদ হবে। যেসব জায়গায় ব্যত্যয় ঘটনার সম্ভাবনা আছে সেগুলো আমরা চিহ্নিত করে নির্দেশনা দিয়েছি। অবাধ ঈদ যাত্রা নিশ্চিতে গতবারের চেয়ে এবার সবাই বেশি তৎপর থাকবে।’
পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে ছিলেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, নৌপরিবহন সচিব ড. নুরুন নাহার চৌধুরী, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা, বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ জেলার যুগ্ম পরিচালক মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর হুসাইন ও অতিরিক্ত পুলিশ সুপার হাসিনুজ্জামানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।