হোম > জাতীয়

৫ বছরে এক কোটি মানুষ বিদেশে পাঠানোর লক্ষ্য: প্রবাসীকল্যাণমন্ত্রী

বিশেষ প্রতিনিধি, ঢাকা

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। ছবি: সংগৃহীত

অবৈধ পথে বিদেশে যাওয়া বন্ধ, বৈধ চ্যানেলে প্রবাসী আয় পাঠানো এবং বিদেশে সংশ্লিষ্ট দেশের আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এই উদ্যোগ আশাবাদী করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী পাঁচ বছরে এক কোটি জনশক্তি বিদেশে পাঠানোর লক্ষ্য বাস্তবায়নে এ ধরনের উদ্যোগ ভূমিকা রাখতে পারে।

একই সঙ্গে বিদেশগামী কর্মীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়কারী রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

আজ বুধবার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে ‘প্রান্তিক শক্তি লিমিটেড’কে রিক্রুটিং লাইসেন্স প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশ আর অদক্ষ শ্রমিক পাঠাতে চায় না। বিশ্বের দেশগুলোকে দেখাতে হবে, বাংলাদেশও আন্তর্জাতিক মানের দক্ষ কর্মী তৈরি করতে সক্ষম। এ জন্য দক্ষতা উন্নয়ন ও মানসম্মত কর্মী তৈরির ওপর গুরুত্ব দিতে হবে।

অবৈধ অভিবাসন ও হুন্ডির বিরুদ্ধে সতর্ক করে মন্ত্রী বলেন, অবৈধ পথে বিদেশে যাওয়া ও অবৈধ পন্থায় রেমিট্যান্স পাঠানো থেকে সবাইকে বিরত থাকতে হবে। এসব কর্মকাণ্ডে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। যে দেশে কর্মীরা যাবেন, সে দেশের আইন যথাযথভাবে মেনে চলতে হবে, যাতে কয়েকজনের অপকর্মের দায় পুরো দেশকে নিতে না হয়।

প্রতারণার সঙ্গে জড়িত ব্যক্তিদের হুঁশিয়ার করে আরিফুল হক চৌধুরী বলেন, দেশে বা বিদেশে অবস্থান করে যাঁরা সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছেন, তাঁদের এসব কর্মকাণ্ড বন্ধ করতে হবে। অন্যথায় তাঁদের আইনের আওতায় আনা হবে।

রিক্রুটিং এজেন্সিগুলোর উদ্দেশে মন্ত্রী বলেন, সৎ ও বৈধভাবে ব্যবসা পরিচালনা করলে সরকার সহযোগিতা করবে। তবে ব্যক্তিগত স্বার্থে কর্মীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়কারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কর্মীদের হয়রানি ও আর্থিক শোষণ বন্ধে এজেন্সিগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মো. ফরহাদ সিদ্দিক, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক জামিল আহমেদসহ মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

আইইডিসিআরের পরিচালককে মারধর: ড্যাবের সহ-আইনবিষয়ক সম্পাদক জাহিদের সদস্যপদ স্থগিত

নিজ কার্যালয়ে আইইডিসিআরের পরিচালককে মারধর, অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে

বিমান চলাচলের নিরাপত্তায় বিনিয়োগ জাতীয় অগ্রগতির ভিত্তি: প্রতিরক্ষা উপদেষ্টা

জাপানি কোম্পানিগুলোকে বাংলাদেশের পাঁচ অগ্রাধিকার খাতে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

জয়-পুতুলসহ আটজনের মামলায় সিআরআইয়ের আয়কর নথি জব্দের আদেশ

সৌদিতে কার্যক্রম সীমিত, ভোগান্তিতে ১৫৩টি ফ্লাইটের ২২ হাজারের বেশি যাত্রী

ঠাকুরগাঁও উপনির্বাচন নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই: ইসি সচিব

সড়ক দুর্ঘটনা কমাতে মালিক-প্রশাসনসহ সবার দায়িত্ব নিশ্চিতের আহ্বান প্রতিমন্ত্রীর

নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে মালয়েশিয়ায় কর্মী যাওয়া শুরু