হোম > জাতীয়

চিকিৎসাধীন মঈন খানকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শুক্রবার সকালে রাজধানী এভারকেয়ার হাসপাতালে যান রাষ্ট্রপতি। ছবি: রাষ্ট্রপতির কার্যালয়

চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মঈন খানকে দেখতে গেলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শুক্রবার সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি মঈন খানের চিকিৎসার খোঁজখবর নেন। মঈন খান হুইল চেয়ারে বসে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কথা বলেন।

হাসপাতালের চিকিৎসক কার্ডিওলজিস্ট বিশেষজ্ঞ শাহাবুদ্দিন তালুকদারসহ অন্য চিকিৎসকেরা উপস্থিত ছিলেন।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান দুদিন ধরেই অসুস্থ হয়ে ওই হাসপাতালে চিকিৎসাধীন। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

গতকাল বৃহস্পতিবার বিকেলে এভারকেয়ার হাসপাতালে ড. আবদুল মঈন খানকে দেখে এসে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন জানান, শ্বাসকষ্ট ও হৃদ্‌রোগের সমস্যা নিয়ে অসুস্থ হয়ে গত বুধবার রাতে তিনি ভর্তি হয়েছেন। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তাঁর চিকিৎসা চলছে। গতকালের চেয়ে আজকে (বৃহস্পতিবার) তাঁর অবস্থা স্থিতিশীল আছে।

ডা. জাহিদ জানান, এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক ডা. আতিকুর রহমান, ডা. জিয়াউল হক ও ডা. জাফর ইকবালের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন ড. আবদুল মঈন খান।

এ ছাড়া বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে যান।

ড. আবদুল মঈন খানের দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তাঁর পরিবার। মঈন খানের সহধর্মিণী রোকসানা খন্দকার ও তিন কন্যা তাঁর শয্যাপাশে আছেন।

ইউরোপ থেকে ফেরত এলেন আরও ৩৫ বাংলাদেশি

শাহজালালের থার্ড টার্মিনাল পরিচালনা: ৪ শর্তে আটকে গেছে চুক্তি

প্রধানমন্ত্রীর জাপান সফরে টোকিওতে থাকছেন না রাষ্ট্রদূত, সমন্বয়ে গেছেন মন্ত্রণালয়ের সচিব

বাংলাদেশে বেসরকারি খাতে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন

স্থানীয় নির্বাচনে সরকার বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম

রিয়াদ বিমানবন্দরে হামলার পর লাগেজ না পাওয়া যাত্রীদের জন্য জরুরি নির্দেশনা

‘স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যের জেরে আইনের আওতায় বাবা-ছেলে, সন্ধ্যা পর্যন্ত মামলা নেই

দক্ষিণ কোরিয়ার খাদ্য কারখানায় বাংলাদেশিদের কাজের সুযোগ

দাম্মাম বিমানবন্দরে হামলায় আহত ৮ জনের মধ্যে বাংলাদেশি ২, হাসপাতালে চিকিৎসাধীন

ক্ষুধামুক্তির লড়াইয়ে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ