হোম > জাতীয়

যৌথ খতিয়ানে ভূমি উন্নয়ন কর পরিশোধে হয়রানি-জটিলতা নিরসনে ৬ নির্দেশনা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

যৌথ মালিকানার খতিয়ানে ভূমি উন্নয়ন কর পরিশোধ নিয়ে হয়রানি ও জটিলতা নিরসনে ছয় দফা নির্দেশনা দিয়েছে ভূমি মন্ত্রণালয়।

যৌথ খতিয়ানের সম্পূর্ণ ভূমির কর একসঙ্গে পরিশোধ করা সম্ভব না হলে বণ্টননামা করে পৃথক খতিয়ান সৃষ্টির সুযোগ রাখা হয়েছে।

ভূমি মন্ত্রণালয়ের ডিকেএমপি অনুবিভাগ গত বুধবার (৯ সেপ্টেম্বর) এ বিষয়ে পরিপত্র জারি করেছে।

পরিপত্রে বলা হয়েছে, বর্তমানে যৌথ মালিকানার খতিয়ানের সম্পূর্ণ ভূমির ভূমি উন্নয়ন কর একসঙ্গে পরিশোধের বাধ্যবাধকতা রয়েছে। ফলে হিস্যা অনুযায়ী খতিয়ানের এক বা একাধিক মালিকের জমির ভূমি উন্নয়ন কর তথা খতিয়ানের আংশিক জমির কর পরিশোধের সুযোগ নেই।

ভূমি উন্নয়ন কর আইন অনুযায়ী উত্তরাধিকারসূত্রে বা অন্য কোনোভাবে হস্তান্তরের ফলে ভূমির মালিকানা একাধিক ব্যক্তির ওপর বর্তালে এবং তারা জমা খারিজ করে পৃথক নামজারি না করলে ওই ভূমি একই খতিয়ানে গণ্য করে ভূমি উন্নয়ন কর নির্ধারণ করতে হয়।

আইনি এই বিধানের কথা তুলে ধরে পরিপত্রে বলা হয়েছে, এ বিধানের ফলে খতিয়ানের সব মালিক ভূমি উন্নয়ন কর পরিশোধে আগ্রহী না হলে খতিয়ানের অন্তর্ভুক্ত এক বা একাধিক মালিক তাঁদের হিস্যা অনুযায়ী মালিকানাধীন জমির ভূমি উন্নয়ন কর পৃথকভাবে পরিশোধ করতে পারেন না।

পাশাপাশি যৌথ খতিয়ানের এক বা একাধিক মালিকের পক্ষে পুরো ভূমির উন্নয়ন কর পরিশোধ করাও কঠিন এবং তা যৌক্তিক বা সমীচীন নয়। ফলে কোনো মালিক হিস্যা অনুযায়ী তাঁর মালিকানাধীন অংশ হস্তান্তর বা অন্য কোনো প্রয়োজনে ভূমি উন্নয়ন কর দিতে না পারায় হয়রানির শিকার হচ্ছেন বলে পরিপত্রে উল্লেখ করা হয়।

এসব জটিলতা ও হয়রানি নিরসনে মন্ত্রণালয় ছয় দফা নির্দেশনা দিয়েছে।

অনিবার্য কারণে যৌথ মালিকানার খতিয়ানের সম্পূর্ণ ভূমির ভূমি উন্নয়ন কর একসঙ্গে পরিশোধ করা সম্ভব না হলে ভূমি উন্নয়ন কর পরিশোধ বা দাখিলা ছাড়াই রেজিস্টার্ড বণ্টননামা দলিল বা আদালতের মাধ্যমে বণ্টননামা করা যাবে।

বণ্টননামার ভিত্তিতে যৌথ মালিকানার খতিয়ানের এক বা একাধিক মালিক ভূমি উন্নয়ন কর পরিশোধ ছাড়াই একক বা পৃথক খতিয়ান সৃজনের জন্য নামজারির আবেদন করতে পারবেন।

মালিকানার সঠিকতা যাচাই করে সহকারী কমিশনার (ভূমি) ভূমি উন্নয়ন কর আদায় বা দাখিলা ছাড়াই নামজারির আবেদন মঞ্জুর করতে পারবেন।

নতুন সৃজিত খতিয়ানের মালিককে তাঁর হিস্যা অনুযায়ী আগের যৌথ খতিয়ানের ভূমি উন্নয়ন করের বকেয়া প্রযোজ্য হারে এবং হাল দাবি পরিশোধ করে দাখিলা নিতে হবে।

যৌথ খতিয়ান থেকে বণ্টননামার মাধ্যমে নামজারি করে পৃথক খতিয়ান সৃজন ছাড়া কোনো মালিক এককভাবে তাঁর অংশের ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারবেন না।

এসব নির্দেশনা বাস্তবায়নে অনলাইন ও অটোমেটেড ভূমিসেবা সিস্টেমে প্রয়োজনীয় পরিবর্তন বা মডিউল সংযোজনের নির্দেশনা দেওয়া হয়েছে।