হোম > জাতীয়

আন্তর্জাতিক ব্যান্ডউইডথ পরিবহনে মাইলফলক অতিক্রম করেছে বিএসসিপিএলসি: ফয়েজ আহমদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফয়েজ আহমদ তৈয়্যব। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশ সাবমেরিন কেব্‌লস পিএলসি (বিএসসিপিএলসি) বাংলাদেশে আন্তর্জাতিক ব্যান্ডউইডথ পরিবহনে এক নতুন মাইলফলক অতিক্রম করেছে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ফয়েজ আহমদ তৈয়্যব আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে এক ফেসবুক পোস্টে এই তথ্য জানিয়েছেন।

ফয়েজ আহমদ তৈয়্যব তাঁর ফেসবুক পোস্টে লিখেছেন, ‘বাংলাদেশ সাবমেরিন কেব্‌লস পিএলসি প্রথমবারের মতো বাংলাদেশে আন্তর্জাতিক ব্যান্ডউইডথ পরিবহনে ৩.০০ টেরাবাইট/সেকেন্ডের মাইলফলক অতিক্রম করেছে।’ তিনি জানান, ২৮ এপ্রিল পর্যন্ত বিএসসিএলের ব্যান্ডউইডথ ব্যবহার ছিল ৩.৩৪ টিবিপিএস, যা এই মাসের শেষ নাগাদ ৩.৪৬ টিবিপিএসে উন্নীত হবে। বিগত ৮ মাসে ব্যান্ডউইডথের ব্যবহার ১.১০ টেরাবাইট বেড়েছে বলেও তিনি উল্লেখ করেন।

ফয়েজ আহমদ অভিযোগ করেন, এর আগে আওয়ামী লীগ সরকারের আমলে এই প্রতিষ্ঠানের ৬৫ শতাংশের বেশি ক্যাপাসিটি অব্যবহৃত ফেলে রাখা হয়েছিল। তিনি জানান, গত কয়েক মাসে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নির্দেশনা ও পলিসি সাপোর্ট, প্রতিষ্ঠান ম্যানেজমেন্টের ঐকান্তিক প্রচেষ্টা এবং কয়েক দফা মূল্যছাড়ের পরিপ্রেক্ষিতে এই অর্জন সম্ভব হয়েছে। দেশে ব্যবহৃত ব্যান্ডউইডথের বাংলাদেশ সাবমেরিন কেব্‌লস পিএলসির শেয়ার ক্রমান্বয়ে বাড়ার ফলে কোম্পানির রাজস্ব আদায়ও উল্লেখযোগ্য হারে বেড়েছে।

তিনি আরও জানান, সম্প্রতি বিটিআরসি লাইসেন্সিং গাইডলাইন সংশোধন করে সব আইআইজি অপারেটরকে তাদের ব্যবহৃত মোট ব্যান্ডউইডথের কমপক্ষে ৫০ শতাংশ সাবমেরিন ব্যান্ডউইডথ ব্যবহারের নির্দেশনা দিয়েছে। সাবমেরিন ব্যান্ডউইডথ ব্যবহারকে অধিকতর উৎসাহিত করার লক্ষ্যে বিএসসিপিএলসি যেসব আইআইজি অপারেটর তাদের ব্যবহৃত মোট ব্যান্ডউইডথের ৫০ শতাংশের বেশি সাবমেরিন ব্যান্ডউইডথ ব্যবহার করবে, তাদের ক্ষেত্রে এই বর্ধিত ব্যান্ডউইডথের ওপর অতিরিক্ত মূল্যছাড়ের বিষয়টি বিবেচনা করছে, যা শিগগির বাস্তবায়ন করা হবে। পাশাপাশি রেগুলার ডিসকাউন্টেড বাল্ক প্যাকেজের বাইরে ডেটা সেটার/ক্লাউড/‘হাইপার স্কেলার’দের জন্য আলাদা ইন্টারনেট প্যাকেজ ঘোষণার পরিকল্পনাও রয়েছে।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী তাঁর ফেসবুক পোস্টে আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘দেশে ইন্টারনেট ব্যান্ডউইডথের সাবমেরিনের ব্যবহার ক্রমান্বয়ে বাড়তে থাকলে বিশ্বমানের তুলনায় অনেক পিছিয়ে থাকা ইন্টারনেটের মানের উল্লেখযোগ্য উন্নতি ঘটবে।’

আদ্-দ্বীনে অবহেলাতেই ৬ নবজাতকের মৃত্যু, শৃঙ্খলার স্বার্থে ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী

সাবেক সিইসি হাবিবুল আওয়ালের জামিন প্রশ্নে রুল

বান্দরবানের সেই তিন্দু নিম্নমাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণ করা হবে: সংসদে শিক্ষামন্ত্রী

৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, ১৫২১ জনকে নিয়োগের সুপারিশ

সংসদ ভবনে শিক্ষার্থীদের নিয়ে প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজ

ঢাকায় নতুন কমিশনার, কুমিল্লা-সিলেটে নতুন ডিসি

জুলাই গণ-অভ্যুত্থানের নেতৃত্ব নিয়ে সংসদে সরকারি ও বিরোধী দলের বিতর্ক

আগস্টেই জাতীয় গ্রিডে যুক্ত হবে রূপপুরের বিদ্যুৎ

কড়াইল বস্তিসহ ৫৮ স্থানে নির্মাণ করা হবে ১ লাখ সাশ্রয়ী ফ্ল্যাট: সংসদে মন্ত্রী

এত ব্যাংকের দরকার নেই বাংলাদেশে: মাহবুব উদ্দিন খোকন