হোম > জাতীয়

শাহজালালের থার্ড টার্মিনাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

বিশেষ প্রতিনিধি, ঢাকা

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। ফাইল ছবি

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল দ্রুত চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।

বৈঠক শেষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী চান দ্রুত সময়ের মধ্যে থার্ড টার্মিনাল চালু করা হোক। এ বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং বিষয়টি দ্রুত এগিয়ে নিতে কাজ চলছে।

তিনি বলেন, টার্মিনালটি কবে নাগাদ চালু হবে তা এখনই নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। তবে দ্রুত চালুর সম্ভাবনা যাচাই, বিভিন্ন কারিগরি বিষয় এবং পূর্ববর্তী জটিলতা পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

সচিবালয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক-সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)–এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। তিনি জানান, থার্ড টার্মিনাল পরিচালনা ও সংশ্লিষ্ট বিষয় নিয়ে প্রধানমন্ত্রীকে ব্রিফ করা হয়েছে এবং তিনি কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন।

আশিক চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এ বিষয়ে আগামীকাল জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে বলেও জানান তিনি।

থার্ড টার্মিনাল পরিচালনা নিয়ে নতুন করে টেন্ডার আহ্বান করা হবে কি না—এ প্রশ্নের জবাবে বিডা চেয়ারম্যান বলেন, এ বিষয়ে এখনই কিছু বলা সম্ভব নয়। কারণ বিষয়টি সরকার-টু-সরকার (জি-টু-জি) পর্যায়ের একটি ইস্যু।

তিনি আরও বলেন, এটি প্রায় ছয় বছর ধরে চলমান একটি বিষয়। সম্প্রতি বিমান মন্ত্রণালয়ে নতুন মন্ত্রী দায়িত্ব নিয়েছেন এবং তিনি বিষয়টি বোঝার চেষ্টা করছেন।

উল্লেখ্য, দেশের বেসামরিক বিমান চলাচল খাতের অন্যতম বড় অবকাঠামো প্রকল্প হিসেবে বিবেচিত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কাজ ৯৯ শতাংশের বেশি সম্পন্ন হয়েছে। তবে পরিচালনা কাঠামো, কারিগরি সমন্বয় ও কিছু অবকাঠামোগত বিষয়ে জটিলতার কারণে এখনো এটি চালু করা সম্ভব হয়নি।

আওয়ামী লীগ আমলের ১ হাজার রাজনৈতিক মামলা প্রত্যাহার

সাবেক এমপি আফিল ও স্ত্রীর নামে দুদকের মামলা

১৮ মাস পর নিজ কর্মস্থলে ড. ইউনূস

হজযাত্রীরা যেন কোনোভাবেই হয়রানির শিকার না হন: বিমানমন্ত্রী

শিক্ষকদের দাবি আদায়ে আর রাজপথে নামতে হবে না: শিক্ষামন্ত্রী

সিটি নির্বাচনে দলীয় প্রতীক থাকবে কি না, সিদ্ধান্ত সংসদের: ইসি মাছউদ

১৪ এপ্রিলের আগেই বগুড়া ও শেরপুরে নির্বাচন: ইসি মাছউদ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ

কার্যক্রম নিষিদ্ধ দলের তৎপরতা চলতে দেওয়া যাবে না: আইজিপি

সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল