হোম > জাতীয়

রিট খারিজ, ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফাইল ছবি

ছবি ছাড়া শুধু বায়োমেট্রিক তথ্য ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিতে নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ বুধবার শুনানি শেষে বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি এস এম সাইফুল ইসলামের বেঞ্চ এ রায় দেন। এর ফলে ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র করা যাবে না।

ছবি সংযুক্ত না করে বিকল্প পরিচয় শনাক্তকরণ পদ্ধতি হিসেবে বায়োমেট্রিক ফিচার ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র পেতে রাজধানীর শাহজাহানপুরের বাসিন্দা সুমাইয়া আহমদ মুনা ২০২২ সালে রিটটি করেন। রিটের প্রাথমিক শুনানির পর ওই সময় রুল জারি করেন হাইকোর্ট। রুলে ছবি ছাড়া বায়োমেট্রিক ফিচার ব্যবহার করে রিট আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র তৈরি করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়। চূড়ান্ত শুনানি শেষে রুল খারিজ করে আজ রায় দেন হাইকোর্ট।

আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী শেখ ওমর শরীফ ও ইলিয়াছ আলী মণ্ডল। নির্বাচন কমিশনের (ইসি) পক্ষে ছিলেন আইনজীবী কামাল হোসেন মিয়াজী।

পরে আইনজীবী কামাল হোসেন মিয়াজী সাংবাদিকদের বলেন, জাতীয় পরিচয়পত্র আইন, জাতীয় পরিচয়পত্র নিবন্ধন বিধিমালা ও ভোটার তালিকা আইন অনুযায়ী ছবিসহই জাতীয় পরিচয়পত্র ইস্যু করতে হবে।