হোম > জাতীয়

‘টাকা কেউ চিবিয়ে খায়নি, গিলেও খায়নি আর নিয়েও যায়নি’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের রিজার্ভের টাকা কমে যাওয়া নিয়ে বিরোধী দলগুলো অপপ্রচারের চেষ্টা করছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘টাকা কেউ চিবিয়ে খায়নি, গিলেও খায়নি আর নিয়েও যায়নি।’ আজ শনিবার গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

২৪ কিলোমিটার দীর্ঘ এই এক্সপ্রেসওয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সঙ্গে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আবদুল্লাহপুর, আশুলিয়া, বাইপাইল ও ইপিজেডকে যুক্ত করবে। এটি নির্মাণে মোট খরচ হবে ১৬ হাজার ৯০১ কোটি টাকা। এই প্রকল্পে ১ দশমিক ২ বিলিয়ন ডলার বা ১০ হাজার ২২৬ দশমিক ৫৩ কোটি টাকা ঋণসহায়তা দিচ্ছে চীনা এক্সিম ব্যাংক।

দেশের বিরোধী দল থেকে প্রায়ই রিজার্ভের টাকা গেল কোথায়—এ নিয়ে প্রশ্ন করে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘সেই সঙ্গে সঙ্গে সারা বাংলাদেশে একটা অপপ্রচার চালানোর চেষ্টা করে। টাকা কেউ চিবিয়ে খায়নি, গিলেও খায়নি আর নিয়েও যায়নি। তবে হ্যাঁ, বিএনপি বলবে, কারণ বিএনপির তো অভ্যাসই এই। তারা নিজেরা চুরি করে অর্থ-সম্পদ বানিয়েছে।’

শেখ হাসিনা বলেন, ‘তাদের তো কিছুই ছিল না। জিয়াউর রহমান যখন মারা যায়, আমরা ৪০ দিন টেলিভিশনে দেখেছি, ভাঙা স্যুটকেস আর ছেঁড়া গেঞ্জি ছাড়া কিছু রেখে যায়নি। পরবর্তীতে দেখি হাজার হাজার কোটি টাকার মালিক তারা। জনগণের অর্থ আত্মসাৎ করেই তারা এটা হয়েছে।’

অর্থ পাচার মামলায় তারেক রহমানের কারাদণ্ড ও অর্থদণ্ডের বিষয়টি উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘এখানে কিন্তু পয়সা কেউ তুলে নিয়ে চলে যায়নি। তাদের মনে সব সময় ওরকম ভয় থাকে, তাই এ কথা তারা বলে। বিএনপি বিশেষ করে বলবে। অর্থ পাচার যাদের অভ্যাস, তারা শুধু ওইটাই জানে, টাকা বোধ হয় সব নিয়ে যেতে হয়।’

আওয়ামী লীগ সরকার এ দেশের একটা অর্থও অপচয় করে না বলে জানিয়ে সরকারপ্রধান বলেন, ‘প্রতিটি অর্থ ব্যয় করে বাংলাদেশের মানুষের স্বার্থে-কল্যাণে এবং তাদের ভালো-মন্দ দেখে।’ জনগণের প্রতি আওয়ামী লীগের দায়বদ্ধতা আছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘জাতির পিতা যে আদর্শ দিয়ে দেশ স্বাধীন করেছে, আমরা সেটাই পূর্ণ করতে চাই। আর সেই লক্ষ্য নিয়েই আমরা রাষ্ট্র চালাচ্ছি বলেই গত ১৩ বছরে এই বাংলাদেশ বদলে গেছে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানটি গণভবন প্রান্তে সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস।

দাঙ্গা নিয়ন্ত্রণে আনসার সদস্যদের বিশেষ প্রশিক্ষণ তুরস্কের জেন্ডারমেরির

৩৫৭ পুলিশ কর্মকর্তার তথ্য চায় সদর দপ্তর

কঠোরভাবে সহিংসতা দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জনগণের জানমালের নিরাপত্তায় সবাইকে সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

পায়রায় কমছে বিদেশি জাহাজের আনাগোনা—দুই বছর আগে ভিড়েছিল ১২৩টি, গত বছর ২৯

বোয়িং-এয়ারবাসের উড়োজাহাজ কেনার আগে সম্ভাব্যতা যাচাই হয়েছে কি না—সংসদীয় কমিটিতে প্রশ্ন

বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর করতে লাগবে ২ হাজার একর জমি

ভারতের সঙ্গে স্থলবন্দরের বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি

মতপার্থক্য প্রকাশে শালীনতা বজায় রাখার আহ্বান সম্পাদক পরিষদের

সৌরবিদ্যুতের প্রসারে শুরু হচ্ছে ‘সোলার এক্সপো’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী