দেশ থেকে বিতাড়িত ফ্যাসিস্ট শক্তিকে ফিরিয়ে আনার যেকোনো চেষ্টা প্রতিহত করার জন্য আল্লাহর কাছে মোনাজাত ও প্রার্থনা করেছেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার। তিনি বলেছেন, ‘রাব্বুল আলামিন, আপনি ফ্যাসিস্টকে বিতাড়িত করার জন্য আমাদের তৌফিক দিয়েছেন। দয়া করে আপনি আমাদের তৌফিক দান করুন—যাতে সেই ফ্যাসিস্টকে ফিরিয়ে আনার কোনো প্রেক্ষাপট তৈরি করার চেষ্টা যদি কেউ করে, তাকে যেন আমরা প্রতিহত করতে পারি।’
সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনের বৈঠকে শোকপ্রস্তাব গ্রহণের পর মোনাজাত পরিচালনাকালে প্রতিমন্ত্রী এ প্রার্থনা করেন। একই সঙ্গে রাষ্ট্র ও সংসদের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র ও পদক্ষেপ ব্যর্থ করে দেওয়ার জন্য মহান সৃষ্টিকর্তার সাহায্য কামনা করেন তিনি।
মোনাজাতে নভেম্বর মাসের ঐতিহাসিক প্রেক্ষাপট ও সিপাহি-জনতার বিপ্লব-পরবর্তী জাতীয় সংহতি দিবসের প্রসঙ্গ তুলে ধরে সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিয়াউর রহমানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন ধর্ম প্রতিমন্ত্রী। তিনি প্রার্থনা করেন, ‘রাব্বুল আলামিন, এই নভেম্বর মাসে সিপাহি-জনতার বিপ্লব-পরবর্তী জাতীয় সংহতি দিবসে সমস্ত দিশেহারা মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দিকে আস্থার প্রতিফলন ঘটিয়েছিলেন এবং পরবর্তী সময়ে তিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে এই জাতিকে উত্তরণের জন্য আপনার তৌফিক পেয়ে আজীবন চেষ্টা করে গেছেন; আপনি দয়া করে তাঁকে মাফ করুন।’
পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও সম্মান কামনা করে শামীম কায়সার বলেন, ‘সেই বহুদলীয় গণতন্ত্রকে জীবন দিয়ে লালন করে প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত সম্মান নিয়ে চলে গেছেন, আপনি আখিরাতেও তাঁকে সম্মানিত করুন।’
প্রধানমন্ত্রী তারেক রহমানের সুদৃঢ় নেতৃত্ব ও রাষ্ট্র পরিচালনার সামর্থ্য নিশ্চিত করতে মোনাজাতে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ‘সামনের দিনেও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, সরকারপ্রধান, যে ইনসাফভিত্তিক এবং মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ন্যায়পরায়ণতার ভিত্তিতে এই রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি দিয়ে প্রতিফলন ঘটিয়েছেন ও জনগণের আস্থায় আজকে দায়িত্ব পালন করছেন; দয়া করে, তাঁকে আপনি আরও দৃঢ় ও আরও সুদৃঢ়ভাবে এই রাষ্ট্র পরিচালনা করার তৌফিক দান করুন।’
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে সাবেক সংসদ সদস্য, গণপরিষদ সদস্যসহ দেশের বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে সর্বসম্মতিক্রমে শোকপ্রস্তাব নেওয়া হয়।
প্রয়াত ব্যক্তিদের স্মরণে প্রথমে সংসদে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে স্পিকারের অনুরোধক্রমে আনুষ্ঠানিকভাবে মোনাজাত পরিচালনা করেন প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার।