শতাধিক গুম ও হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত, সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত জিয়াউল আহসানকে হাতকড়া ও ডান্ডাবেড়ি না পরিয়ে ‘পুলিশি প্রটোকল’ দেওয়ায় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন সরকারি দলের সংসদ সদস্য তাহসিনা রুশদীর। আওয়ামী লীগ আমলে গুমের শিকার বিএনপির কেন্দ্রীয় নেতা ইলিয়াস আলীর স্ত্রী রুশদী প্রশ্ন রেখে বলেন, সরকার কি তাঁকে নিয়ন্ত্রণ করতে পারছে না? জবাবে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে সংসদকে আশ্বস্ত করেন।
আইনমন্ত্রী বলেন, গত ১৬-১৭ বছরে দেশে যত গুম-খুন হয়েছে এবং জুলাই গণ-অভ্যুত্থানে যত মানুষ প্রাণ হারিয়েছেন, পঙ্গু হয়েছেন কিংবা অঙ্গহানি ও দৃষ্টিশক্তি হারিয়েছেন, প্রতিটি ঘটনার ন্যায়বিচার নিশ্চিত করার পথে সরকার এগিয়ে যাবে।
আজ রোববার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বের পর পয়েন্ট অব অর্ডারে ফ্লোর নিয়ে তাহসিনা রুশদীর গত বৃহস্পতিবার জিয়াউল আহসানকে শুনানির জন্য আদালতে নেওয়ার ঘটনা তুলে ধরেন। তিনি বলেন, সেদিন তাঁকে জেরা করার জন্য নিয়ে যাওয়ার সময়ের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিতে তাঁর অঙ্গভঙ্গি ও ঔদ্ধত্যপূর্ণ আচরণ দেখে মনে হয়েছে, তিনি যেন আনন্দভ্রমণে বের হয়েছেন। আর পুলিশ সদস্যদের দেখে মনে হয়েছে, তাঁরা তাঁর প্রটোকল হিসেবে যাচ্ছেন।
রুশদীর বলেন, ‘এ রকম একজন অপরাধীকে, যাঁর হাতকড়া পরার কথা, যে হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছে, তাঁকে হাতকড়া ও ডান্ডাবেড়ি না পরিয়ে এভাবে নিয়ে যাওয়া হচ্ছে। এটা আমাদের মর্মাহত করেছে। আমার মতো বহু পরিবার এ বিষয়ে অত্যন্ত উদ্বিগ্ন ও আতঙ্কিত। তাঁকে কি সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না? তাঁর প্রতি কি কোনো মানবিকতা দেখাচ্ছে? মাননীয় আইনমন্ত্রীর কাছে এর ব্যাখ্যা চাই।’
জবাবে আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেন, বিষয়টি তাঁরও নজরে এসেছে। জিয়াউল আহসানকে আদালতে পৌঁছে দেওয়ার বিষয়টি সরাসরি আইনমন্ত্রীর এখতিয়ারের মধ্যে না পড়লেও বিষয়টি জানার পর পরবর্তী সময়ে তাঁকে একজন কুখ্যাত অপরাধীকে যেভাবে নেওয়া প্রয়োজন, সেভাবেই নেওয়া হয়েছে।
আইনমন্ত্রী বলেন, ‘এরপর থেকে আদালত অঙ্গনে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না, সেই নিশ্চয়তা আমরা দিচ্ছি, মাননীয় স্পিকার।’
মানবতাবিরোধী অপরাধের মামলায় সরকার কোনো ফরমায়েশি রায় চায় না উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, ন্যায়বিচার যেন প্রশ্নবিদ্ধ না হয়, সে বিষয়ে সরকার সতর্ক। জিয়াউল আহসানসহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাঁদের হাজির করা হচ্ছে, তাঁদের বিরুদ্ধে থাকা সব ধরনের সাক্ষ্য-প্রমাণ আদালতে উপস্থাপন করা হচ্ছে। এসব সাক্ষ্য-প্রমাণ পৃথিবীর যেকোনো আদালত বা ট্রাইব্যুনালে উপস্থাপন করা হলে এ ধরনের আসামির সাজা হবে বলে মন্তব্য করেন তিনি।
সরকার ন্যায়বিচারের মানদণ্ড অনুসরণ করে এগোচ্ছে এবং আসামির সাজা নিশ্চিত করতে আদালতে সাক্ষ্য-প্রমাণ ও নথিপত্র উপস্থাপন করছে বলেও জানান আইনমন্ত্রী। তিনি বলেন, ‘আশ্বস্ত করতে চাই, বাংলাদেশে ঘটে যাওয়া বিগত ১৬-১৭ বছরে যত গুম-খুন হয়েছে, গায়েবি মামলা হয়েছে, বিগত জুলাই আন্দোলনে, গণ-অভ্যুত্থানে যত মানুষ মারা গেছেন, পঙ্গু হয়েছেন, চোখ হারিয়েছেন, হাত হারিয়েছেন, কান হারিয়েছেন, অঙ্গহানি হয়েছে, তার প্রত্যেকটি ঘটনায় আমরা ন্যায়বিচারের পথ ধরে এগিয়ে যাব। এটা আমাদের অঙ্গীকার।’
এ সময় আইনমন্ত্রী আরও জানান, গত ১৬ বছরে এবং জুলাই গণ-অভ্যুত্থানের সময় ঢাকার বাইরে বিভিন্ন জেলায় যেসব মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে, সেসব ঘটনায় তদন্ত করতে মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের প্রধান তদন্ত কর্মকর্তা ও চিফ প্রসিকিউটরের নেতৃত্বে দল সংশ্লিষ্ট জেলাগুলোতে যাবে। তদন্তকাজে সহযোগিতার জন্য সংসদ সদস্য, স্থানীয় প্রশাসনসহ দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।