পূর্বের তথ্য গোপন করে মামলা তালিকাভুক্ত করার অভিযোগে এক আইনজীবীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি শেখ জাকির হোসেন ও বিচারপতি মো. জাকির হোসেনের বেঞ্চ এ আদেশ দেন।
রোববার ওই বেঞ্চে আসামি সাকিব ওরফে সাকিব হাসান লিটনের জামিনের আবেদন শুনানির জন্য তালিকাভুক্ত ছিল। শুনানির সময় ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতান মাহমুদ বান্না আদালতের দৃষ্টি আকর্ষণ করে জানান, মামলাটি এর আগে হাইকোর্টের ভিন্ন একটি বেঞ্চে শুনানি হয়েছে। কিন্তু পূর্ববর্তী শুনানির বিষয়টি গোপন করে মামলাটি এখানে তালিকাভুক্ত করা হয়েছে।
বিষয়টি আদালতের নজরে আনার পর সংশ্লিষ্ট আইনজীবী মোহাম্মদ আজিজুর রহমানের কাছে ব্যাখ্যা তলব করা হয়। তবে জবাব সন্তোষজনক না হওয়ায় হাইকোর্ট মামলাটি সরাসরি খারিজ করে দেন এবং তথ্য গোপন করে প্রতারণার আশ্রয় নেওয়ায় ওই আইনজীবীকে ২৫ হাজার টাকা জরিমানা করেন।
এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, পূর্ণাঙ্গ ও নির্ভুল তথ্য উপস্থাপন করা একজন আইনজীবীর মৌলিক পেশাগত দায়িত্ব। একই বিষয়ে একাধিক বেঞ্চে শুনানির সুযোগ তৈরি করা কিংবা পূর্ববর্তী কার্যক্রম গোপন করে আদালতের আদেশ প্রভাবিত করার চেষ্টা শুধু পেশাগত নৈতিকতার পরিপন্থী নয়—এটি বিচারপ্রক্রিয়ার প্রতি আস্থাকেও প্রশ্নবিদ্ধ করে।