নতুন সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠক বসবে আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি)। বিকেলে বৈঠকের সভাপতি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ের নতুন ১ নম্বর ভবনের তৃতীয় তলায় এই বৈঠকে অংশ নেবেন। মন্ত্রিপরিষদ বিভাগ ও প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এই তথ্য জানা গেছে।
এর আগে গতকাল মঙ্গলবার বিকেলে নতুন সরকারের প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠিত হয়। রাতে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।
দায়িত্ব গ্রহণের পরদিন বুধবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেন। এরপর মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বেলা ১টার দিকে সচিবালয়ে পৌঁছাবেন। সেখানে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত দপ্তরে প্রথমবারের মতো অফিস করবেন।
সচিবালয়ে এসে তিনি মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হবেন এবং একটি সংক্ষিপ্ত মতবিনিময় সভায় অংশ নেবেন। দুপুরের পর বেলা ৩টায় নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বিশেষ বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী। এরপর বিকেল ৪টায় বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন নতুন প্রধানমন্ত্রী।
সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা। বিশেষ করে নতুন এক নম্বর ভবনের চারপাশে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবস্থান নিয়েছে। ১ নম্বর ভবনের সামনে বসানো হয়েছে আর্চওয়ে। ডগ স্কোয়াডের চৌকস দল সেখানে নিরাপত্তা নিশ্চিতের কাজে নিয়োজিত রয়েছে। ১ নম্বর ভবনে থাকা জনপ্রশাসন মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের পরিচয়পত্র দেখে প্রবেশ করাতে দেখা গেছে। মূল ১ নম্বর গেটেও দেখা গেছে নিরাপত্তার কড়াকড়ি।
নতুন প্রধানমন্ত্রীর প্রথম অফিস করাকে কেন্দ্র করে গতকাল ও আজ ব্যস্ত সময় কাটছে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের। বিভিন্ন মন্ত্রণালয়ে নতুন মন্ত্রীদের নামে নেমপ্লেট বসানো হয়েছে।