সুপ্রিম কোর্টের বিচারপতি, অ্যাটর্নি জেনারেল ও বিচার বিভাগ-সংশ্লিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা কমিয়ে জারিকৃত পরিপত্রের কার্যকারিতা আংশিক স্থগিত করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে গত ২৭ আগস্ট জারিকৃত পরিপত্রটি কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। আজ সোমবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভূঞার বেঞ্চ এ আদেশ দেন।
আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নুর মুহাম্মদ আজমী। পরে শিশির মনির জানান, গত ২৭ আগস্টের পরিপত্রটি কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না এবং পরিপত্রটির কার্যকারিতা স্থগিত করে পূর্ববর্তী নিরাপত্তা ব্যবস্থা পুনর্বহালে কেন নির্দেশ দেওয়া হবে না–এই মর্মে রুল জারি করা হয়েছে। সেই সঙ্গে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সুপ্রিম কোর্টের বিচারপতি, অ্যাটর্নি জেনারেল ও বিচার বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা হ্রাস সম্পর্কিত বিধান স্থগিত করেছেন। এ ছাড়া আগের মতো সুপ্রিম কোর্টের বিচারপতি, অ্যাটর্নি জেনারেল ও বিচার বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনা দিয়েছেন।
এর আগে গতকাল রোববার (১৩ সেপ্টেম্বর) সাত আইনজীবী ও তিন আইনের শিক্ষার্থীর পক্ষ থেকে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির রিটটি দায়ের করেন। আবেদনকারীরা হলেন—আইনজীবী মোহাম্মদ সাদ্দাম হোসেন, আবদুল্লাহ সাদিক, মো. মিজানুল হক, যায়েদ বিন আমজাদ, মোহাম্মদ শানেওয়াস, ছাব্বির রহমান ও মাহমুদুল হাসান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষার্থী শামীম শাহিদী, মো. রাফিউল সাব্বির ও হাবিবুর রহমান আল হাসান।
আবেদনে সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে বিবাদী করা হয়েছে। রিটে গত ২৭ আগস্টের জারিকৃত পরিপত্র বাতিলের প্রার্থনা করা হয়। আবেদনে বলা হয়, ওই পরিপত্র বিদ্যমান ওয়ারেন্ট অব প্রিসিডেন্স এবং বাংলাদেশ বনাম আতাউর রহমান ও অন্যান্য মামলায় আপিল বিভাগের রায়ের সঙ্গে সাংঘর্ষিক।