হোম > জাতীয়

‘মিথ্যা’ শব্দটির ব্যবহার নিয়ে বিরোধীদলীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রীর বিতর্ক

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

শফিকুর রহমান ও সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের অধিবেশনে ‘অসংসদীয়’ শব্দ ব্যবহারের অভিযোগে মৃদু বিতর্ক হয়েছে। অধিবেশনের একপর্যায়ে পয়েন্ট অব অর্ডারে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বিরুদ্ধে ‘মিথ্যা’ বক্তব্য দেওয়ার অভিযোগ করেন। পরে স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধীদলীয় নেতার ব্যবহৃত ‘মিথ্যা’ শব্দকে অসংসদীয় আখ্যা দিয়ে তা কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার দাবি জানান।

সংসদের এই ঘটনাপ্রবাহ আবারও সংসদীয় ভাষা ও আচরণবিধি মেনে চলার প্রয়োজনীয়তা সামনে নিয়ে এসেছে।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়।

আসরের নামাজের বিরতির আগে পয়েন্ট অব অর্ডারে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেন, ‘গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী আমার বক্তব্য নিয়ে কিছু কথা বলেছেন। তিনি বলেছেন যে আমি একটু অসত্য কথা এখানে বলেছি। আমি এটা জানতে পারলাম। আসলে আল্লাহ তাআলা তাঁকে অপূর্ব দক্ষতা দিয়েছেন; জাস্ট বোতলটা পরিবর্তন করে ম্যাটেরিয়ালসটা ঠিক রেখে তিনি সত্যকে মিথ্যা হিসেবে এবং মিথ্যাকে সত্য হিসেবে চমৎকারভাবে পরিবেশন করতে পারেন। এ জন্য শুধু তাঁকে ধন্যবাদ জানানোর জন্য আমি এখানে দাঁড়িয়েছি। মাননীয় স্পিকার ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।’

বিরোধীদলীয় নেতার বক্তব্যের পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘বিরোধীদলীয় নেতা আপনি পয়েন্ট অব অর্ডারে নিশ্চয়ই এই বক্তব্য রেখেছেন। পয়েন্ট অব অর্ডার চলমান বিষয়ের ওপরে। এটা তো গতকালের বিষয়। এটা গতকালই শেষ হয়ে গেছে। এখন আর নতুন করে তোলার কোনো প্রয়োজন নেই। মাননীয় মন্ত্রী (স্বরাষ্ট্রমন্ত্রী) উত্তর দেওয়ার প্রয়োজন নেই। উনি (বিরোধীদলীয় নেতা) যদি হাউসে থেকে বলতেন, নিশ্চয়ই আপনাকে রাইট অব রিপ্লাই দিতাম।...তারপরও কিছু বলতে চান?’

পরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ফ্লোর নিয়ে বলেন, ‘এই মুহূর্তে বিরোধীদলীয় নেতা দুটো অসংসদীয় শব্দ ব্যবহার করেছেন। একটা হচ্ছে “মিথ্যা”। এটা “অসত্য” বললে আমি আপত্তি করতাম না। যে আমি কালকে “মিথ্যা” বলেছি বয়ানে। “মিথ্যা” শব্দটি অসংসদীয় হিসেবে এটা এক্সপাঞ্জ করার জন্য অনুরোধ জানাচ্ছি।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘দ্বিতীয় কথা হচ্ছে, উনার কালকে বক্তব্যের প্রেক্ষিতে আমি বলেছিলাম, বিরোধীদলীয় নেতা এখানে একটা অসত্য বক্তব্য উত্থাপন করেছেন। সেটা ছিল কার্যপ্রণালি বিধি ৬২ অনুসারে আপনি তার পরে একজন বেসরকারি সদস্যের উত্থাপিত সিদ্ধান্ত প্রস্তাব গ্রহণ করেছেন উনারা ওয়াকআউট করারও অনেক পরে। তাহলে সেটা সংসদে উত্থাপিত বা পঠিত হলো কীভাবে? সুতরাং আমি বলেছি সেই বক্তব্যটা অসত্য।’

পরে আবারও ফ্লোর চান বিরোধীদলীয় নেতা। তখন স্পিকার বলেন, ‘এটা নিয়ে আরও বলবেন? বলেন।’ পরে ফ্লোর নিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, ‘একই বিষয়ের ওপর একই প্রস্তাব। একজন স্বতন্ত্র সংসদ সদস্য এনেছিলেন। সেই প্রস্তাবটি ভিন্ন নামে গতকালকে (বুধবার) এসেছে। শুধু নাম বদল হয়েছে। প্রস্তাব ঠিক আছে। আমি তো আগেরটা জানতাম বলেই বলেছি। এখানে আমি কোনো ভুল তথ্য দিইনি।’

তবে স্বরাষ্ট্রমন্ত্রী ‘মিথ্যা’ শব্দটি এক্সপাঞ্জ চাইলেও স্পিকার এ বিষয়ে কোনো সিদ্ধান্ত জানাননি।

উল্লেখ্য, রেওয়াজ অনুযায়ী জাতীয় সংসদে মিথ্যা শব্দটি ব্যবহার করা হয় না। এর পরিবর্তে ব্যবহৃত হয় ‘অসত্য’ শব্দ। এটি সংসদের দীর্ঘদিনের রেওয়াজ। এ বিষয়ে অতীতে স্পিকার একাধিকবার রুলিংও দিয়েছেন।

এর আগে বিরোধীদলীয় নেতা ২৯ মার্চ সংবিধান সংস্কার পরিষদের বৈঠক আহ্বানবিষয়ক একটি মুলতবি প্রস্তাব দিলে তা গ্রহণ করেন স্পিকার। এর পরদিন স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবালও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে আলোচনার জন্য আরেকটি মুলতবি প্রস্তাব দিলে স্পিকার এ বিষয়ে পরে সিদ্ধান্ত জানবেন বলে উল্লেখ করেন। এখন পর্যন্ত ওই মুলতবি প্রস্তাবের বিষয়ে কোনো সিদ্ধান্ত না এলেও গতকাল সরকারি দলের এমপি জয়নুল আবদিন ফারুক জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন পদ্ধতি কী হবে, সে বিষয়ে আলোচনার জন্য সংসদে মুলতবি প্রস্তাব দিলে স্পিকার তা গ্রহণ করেন। আগামী রোববার প্রস্তাবটির ওপর আলোচনা অনুষ্ঠিত হবে।

এদিকে বিরোধীদলীয় নেতার মুলতবি প্রস্তাবে কোনো সিদ্ধান্ত না আসা এবং তাঁদের প্রস্তাব ধামাচাপা দিতে নতুন প্রস্তাব তোলার প্রতিবাদে বুধবার সংসদ থেকে ওয়াকআউট করেছিল বিরোধী দল।

জঙ্গল সলিমপুর কোনোভাবেই অপরাধীদের আস্তানা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

অসহায় মানুষের পাশে থাকুন: নেতা-কর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

মৃত শিশুদের মায়েদের বক্তব্য ছাড়া আদ-দ্বীনের তদন্ত প্রতিবেদন নয়: স্বাস্থ্যমন্ত্রী

জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের

শহীদ জিয়ার আদর্শে উদ্বুদ্ধ হয়ে গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

শাহাদাতবার্ষিকীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বিএনপি গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের অধিকার রক্ষায় বদ্ধপরিকর: তথ্য প্রতিমন্ত্রী

আইনশৃঙ্খলা পরিস্থিতি রাতারাতি নিয়ন্ত্রণ সম্ভব নয়: পরিবেশমন্ত্রী

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ

রাজধানীর বর্জ্য অপসারণে অবহেলা: প্রধানমন্ত্রীর নির্দেশে দুই কর্মকর্তাকে প্রত্যাহার