ত্রয়োদশ জাতীয় সংসদের সভাপতি নির্বাচিত হলেন বিএনপির জ্যেষ্ঠ নেতা ও সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেন। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় প্রথম অধিবেশন শুরুর পর তাঁকে সভাপতি নির্বাচিত করেন সংসদ নেতা তারেক রহমান।
এর আগে সংসদকক্ষে স্পিকারের আসনটি ফাঁকা রেখেই শুরু হয় অধিবেশন। শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। এরপর সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান অধিবেশনে সভাপতিত্ব করার জন্য খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেন। সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁর প্রস্তাবটি সমর্থন করেন। পরে তাঁর সভাপতিত্বে বৈঠকের পরবর্তী কার্যক্রম শুরু হয়।
গত ১২ ফেব্রুয়ারি সংসদের ২৯৯ আসনে নির্বাচন হয়। আদালতের নিষেধাজ্ঞা থাকায় চট্টগ্রাম-২ ও ৪ আসন বাদে ২৯৭টি আসনের ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। এর মধ্যে বিএনপির নেতৃত্বাধীন জোট ২১২, জামায়াত জোট ৭৭, স্বতন্ত্র ৭ এবং ইসলামী আন্দোলন ১টি আসনে বিজয়ী হয়। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসন থেকে নির্বাচিত হন। পরে তিনি বগুড়া-৬ আসন ছেড়ে দিয়েছেন।
বর্তমান ২৯৬ জন সংসদ সদস্যের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানসহ ২১৯ জনই প্রথমবারের মতো সংসদে এসেছেন। তাঁদের মধ্যে বিএনপির ১৪২ জন, জামায়াতের ৬১, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৬, বাংলাদেশ খেলাফত মজলিসের ২, খেলাফত মজলিস, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ এবং ইসলামী আন্দোলনের একজন করে এমপি প্রথমবারের মতো সংসদে যাচ্ছেন। বাকিরা স্বতন্ত্র সংসদ সদস্য।