বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে নিষেধাজ্ঞা চেয়ে করা আবেদনে সাড়া দেননি হাইকোর্ট। আদালত বলেছেন, ওই নির্বাচনের বিষয়ে তাঁরা কোনো প্রকার হস্তক্ষেপ করবেন না।
আজ রোববার বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চে বিষয়টি নিয়ে শুনানি হয়।
আবেদনকারীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ মহসীন রশিদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। বিসিবির পক্ষে আইনজীবী মাহিন এম রহমান।
আইনজীবী মাহিন এম রহমান আজকের পত্রিকাকে বলেন, বিসিবির গঠনতন্ত্র নিয়ে করা রিটে হাইকোর্ট রুল দিয়েছিলেন। ওই রুল বিচারাধীন অবস্থায় বিসিবির নির্বাচনে নিষেধাজ্ঞা চেয়ে গত সপ্তাহে সম্পূরক ওই আবেদন করেন রিট আবেদনকারী। তবে হাইকোর্ট বলেছেন, বিসিবির নির্বাচনে কোনো প্রকার হস্তক্ষেপ করবেন না।
এর আগে গতকাল বিসিবি পরিচালনা পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। আগামী ৭ জুন পরিচালনা পরিষদ নির্বাচন এবং সেদিনই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।