হোম > জাতীয়

গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

‎বাংলাদেশ পুলিশ বাহিনীর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। ‎সংগঠনটি বলেছে, দীর্ঘদিনের ঐতিহ্যবাহী খাকি পোশাক পরিবর্তনের আগে আরও গবেষণা ও জনমত যাচাই প্রয়োজন।

‎‎আজ সোমবার রাতে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও কুমিল্লা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

‎‎বিবৃতিতে বলা হয়, ২০০৩-০৪ সালে তৎকালীন সরকার গঠিত একটি কমিটির মাধ্যমে দীর্ঘ যাচাই-বাছাই শেষে পুলিশের ইউনিফর্ম নির্ধারণ করেছিল। সে সময় পুলিশ সদস্যদের গায়ের রং, দেশের আবহাওয়া, দিন ও রাতের ডিউটিতে সহজে চিহ্নিত হওয়ার বিষয় এবং অন্যান্য বাহিনীর সঙ্গে সাদৃশ্য এড়ানোর দিকগুলো বিবেচনায় নেওয়া হয়েছিল।

‎‎বিবৃতিতে দাবি করা হয়, অন্তর্বর্তী সরকার সম্প্রতি যে নতুন পোশাক নির্বাচন করেছে, সেখানে মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের মতামত, গায়ের রং ও আবহাওয়াগত বিষয় যথাযথভাবে বিবেচনা করা হয়নি। পাশাপাশি অন্যান্য ইউনিফর্মধারী সংস্থার সঙ্গে সাদৃশ্য থাকায় পুলিশ সদস্যদের আলাদাভাবে চিহ্নিত করা কঠিন হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়।

‎সংগঠনটির সাধারণ সম্পাদক আরও দাবি করেন, বাহিনীর অধিকাংশ সদস্য তড়িঘড়ি করে নেওয়া এ সিদ্ধান্তের পক্ষে নন। তাঁদের মতে, বর্তমান পোশাক বাংলাদেশ পুলিশের ঐতিহ্য, শৃঙ্খলা ও পেশাদারত্বের প্রতীক।

‎বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় সব পুলিশ সদস্য বর্তমান ইউনিফর্ম পরেই দায়িত্ব পালন করেন। তাঁদের পেশাদারত্ব দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে বলেও দাবি করা হয়।

‎এ ছাড়া ইউনিফর্ম পরিবর্তনকে ব্যয়বহুল প্রক্রিয়া উল্লেখ করে সংগঠনটি বলেছে, বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে এ খাতে বিপুল অর্থ ব্যয় না করে বাহিনীর আধুনিকায়ন, থানা পর্যায়ে যানবাহন সরবরাহ এবং লজিস্টিক সহায়তা বাড়ানো বেশি যৌক্তিক হবে।

‎‎বিবৃতিতে বলা হয়, পোশাকের রং বা নকশা নয়, পুলিশ সদস্যদের মনোবল, মানসিকতা ও পেশাদারত্বের উন্নয়নই এখন বেশি গুরুত্বপূর্ণ।

‎‎বিবৃতিতে আরও বলা হয়, বিষয়টি নিয়ে আরও গবেষণা ও জনমত যাচাই করে বাস্তবসম্মত সিদ্ধান্ত নেওয়া উচিত এবং পুলিশ সদস্যদের আবেগ ও বাস্তবতাকে গুরুত্ব দিতে হবে।

পরিবহন থেকে বছরে চাঁদা ২ হাজার কোটি টাকা

সচিবদের চিঠি দিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের তাগিদ

সিটিতে শুরু, ইউপিতে শেষ হবে স্থানীয় সরকার নির্বাচন

ডিজিএফআই প্রধানকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান

চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু

৯ সচিবের চুক্তি বাতিল, দপ্তর হারালেন ৩ সচিব

ইসি সচিবালয় ও মাঠপর্যায়ের ১১২ কর্মকর্তা বদলি

নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবসহ তিন সচিব প্রত্যাহার

যারা অন্যায় করেনি, তারা হয়রানির শিকার হবে না: চিফ প্রসিকিউটর