হোম > জীবনধারা > ভ্রমণ

বাংলাদেশ-ভারত পর্যটনে ফিরছে সুবাতাস

ফিচার ডেস্ক

বাংলাদেশ ও ভারতের পর্যটকদের জন্য দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। বেশ কয়েক মাস পর্যটন ভিসা বন্ধ থাকার পর আবারও সব ক্যাটাগরির ভিসা চালুর ঘোষণা দিয়েছে ভারত। একই সঙ্গে ১৮ মাস পর পুনরায় চালু হয়েছে ঢাকা হয়ে কলকাতা-আগরতলা আন্তর্জাতিক বাস সার্ভিস। সব মিলিয়ে বলা যেতে পারে, দুই দেশের সাধারণ মানুষ এবং ব্যবসায়ীদের মধ্যে যাতায়াতের ক্ষেত্রে এখন দারুণ চনমনে অবস্থা শুরু হয়েছে।

ভিসার জট খোলার সম্ভাবনা

সিলেটে ১৯ ফেব্রুয়ারি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস। তিনি জানান, আগামী কয়েক দিনের মধ্যে বাংলাদেশে সব ধরনের ভিসা ইস্যু করা শুরু করবে ভারত।

২০২৪ সালের শেষের দিকে বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা এবং সরকার পরিবর্তনের প্রেক্ষাপটে ঢাকার ভারতীয় ভিসা সেন্টারে রুটিন সেবা স্থগিত করা হয়েছিল। এত দিন শুধু মেডিকেল এবং সীমিত পর্যায়ে ডাবল-এন্ট্রি ভিসা প্রক্রিয়াকরণ করা হচ্ছিল। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে নতুন সরকার দায়িত্ব গ্রহণ করার পর দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ায় এই ইতিবাচক পরিবর্তন এসেছে। তবে কনস্যুলার কর্মকর্তারা জানিয়েছেন, ইন্টিগ্রেটেড ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের সফটওয়্যার আপডেট এবং নিরাপত্তাকর্মী মোতায়েন করার কাজ চলছে। আশা করা হচ্ছে, মার্চ মাসের শুরু থেকে ধাপে ধাপে বিজনেস, ট্যুরিস্ট এবং স্টুডেন্ট ভিসার অ্যাপয়েন্টমেন্ট আবারও খুলে দেওয়া হবে। এই তথ্য ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার।

ব্যবসায়িক ও ব্যক্তিগত যাতায়াতে স্বস্তি

দীর্ঘদিন ভিসা বন্ধ থাকায় ভারতীয় বহুজাতিক প্রতিষ্ঠান এবং বাংলাদেশি সরবরাহকারীদের চরম দুর্ভোগের মধ্যে পড়তে হয়েছে। প্রকৌশলী ও ব্যবস্থাপকদের এক দেশ থেকে অন্য দেশে পাঠাতে তৃতীয় কোনো দেশের কনস্যুলেট ঘুরে যেতে হতো, যা ছিল ব্যয়বহুল ও সময়সাপেক্ষ। বিশেষ করে চট্টগ্রামের পোশাক রপ্তানিকারক এবং হায়দরাবাদের ওষুধ কোম্পানিগুলো যারা একে অপরের সাইট ভিজিটের ওপর নির্ভরশীল। ভিসা-সংকটে তাদের প্রকল্পের সময়সীমা অন্তত দুই সপ্তাহ পিছিয়ে যায়। এখন ভিসা চালু হওয়ার ঘোষণায় সেই ব্যবসায়িক স্থবিরতা কাটতে শুরু করবে।

আবেদনকারীদের পুরো সহযোগিতা করার জন্য ‘ভিসাএইচকিউ’-এর মতো পোর্টালগুলো রিয়েল-টাইম তথ্য এবং নথি যাচাইয়ের সুবিধা দিচ্ছে। তবে আপাতত ই-ভিসা চালু করা হচ্ছে না। পুরোনো প্রক্রিয়ায় আবেদন এবং সশরীরে উপস্থিত হয়ে বায়োমেট্রিক দেওয়া বাধ্যতামূলক থাকছে। এ ছাড়া শুরুতে সিলেটের ভিসা সেন্টারে আগের তুলনায় ৬০ শতাংশ কাজ সম্পন্ন করা হবে।

১৮ মাস পর রাস্তায় আন্তর্জাতিক বাস

ভিসা চালুর খবরের পাশাপাশি যাতায়াতে বড় স্বস্তি নিয়ে এসেছে কলকাতা-আগরতলা বাস সার্ভিস। বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার কারণে দেড় বছর বন্ধ থাকার পর ২৪ ফেব্রুয়ারি ঢাকা হয়ে প্রথম বাসটি আগরতলায় পৌঁছায়। প্রায় ২০ জন যাত্রী নিয়ে বাসটি আখাউড়া চেকপোস্টে পৌঁছালে তাঁদের স্বাগত জানান ত্রিপুরার পরিবহনমন্ত্রী সুশান্ত চৌধুরী। এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ত্রিপুরার পরিবহনমন্ত্রী বলেন, ‘বন্ধুত্ব ও সহযোগিতা ছাড়া উন্নয়ন সম্ভব নয়।’ আগরতলা-ঢাকা-কলকাতা বাস সার্ভিস দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের এক উজ্জ্বল উদাহরণ। ত্রিপুরা রোড ট্রান্সপোর্ট করপোরেশনের কর্মকর্তারা আশা করছেন, ভিসা প্রক্রিয়া পুরোপুরি স্বাভাবিক হয়ে গেলে ধীরে ধীরে যাত্রীর সংখ্যা বাড়বে।

ঈদে মালয়েশিয়ার লঙ্কাউই দ্বীপে সুলভ ভ্রমণ

হ্রদ-পাহাড়ের দেশে রিসোর্ট ভ্রমণ

দীর্ঘ ভ্রমণে শিশুদের জন্য মনে রাখুন

হাইকিংয়ে প্রেমের সূত্রে বেঁধে দিল এক সাপ

সন্ধ্যা নামার মুখে আগুন ঝরে এক ঝরনায়

পর্যটনে মন দিয়েছেন পাকিস্তানের মেয়েরা

রমজান মাসে ভ্রমণের পরিকল্পনায় যা রাখতে হবে

সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর এখন ‘লাভ কানেকশন’

খেলার শহর হতে চলেছে কিদ্দিয়া সিটি

কম খরচে বিমান ভ্রমণের কৌশল