এশিয়া-প্যাসিফিক অঞ্চলের পর্যটনে নতুন চমক এনেছে শরৎকালীন বিমান ভ্রমণের চিত্র। সম্প্রতি প্রকাশিত অনলাইন ট্রাভেল প্ল্যাটফর্ম ট্রিপ ডট কমের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক ভ্রমণকারীদের পছন্দের দৌড়ে বেশ কয়েকটি এশীয় শহর তালিকার ওপরে দিকে জায়গা করে নিয়েছে। তালিকায় থাকা শীর্ষস্থানীয় ৫টি শহর হলো থাইল্যান্ডের চিওং মাই, ইন্দোনেশিয়ার সুরাবায়া, দক্ষিণ কোরিয়ার বুসান, ফিলিপাইনের ম্যানিলা এবং ইন্দোনেশিয়ার জাকার্তা।
তালিকায় প্রথম থাইল্যান্ডের প্রাচীন পাহাড়ি শহর চিওং মাই। গত বছরের তুলনায় এ বছর শহরটিতে শরৎকালীন ফ্লাইট বুকিং বেড়েছে ৮৪ দশমিক ৩ শতাংশ। চিওং মাইয়ের শীর্ষে ওঠার মূল কারণ এর অপরূপ পাহাড়ি প্রকৃতি, কম খরচে বিশ্বমানের ভ্রমণের সুযোগ এবং সংস্কৃতি। পাহাড়ের চূড়ায় অবস্থিত ঐতিহাসিক ওয়াট ফরা থাট দোই সুথেপ প্যাগোডা ও ঐতিহ্যবাহী স্ট্রিট মার্কেটগুলোর প্রতি পর্যটকদের রয়েছে প্রবল আকর্ষণ। তা ছাড়া নভেম্বরের বিশ্বখ্যাত ই পেং লণ্ঠন উৎসবের সময় হাজার হাজার ফানুসে আকাশ আলোকিত হয়ে ওঠে। তখন পুরো শহরটি যেন রূপকথার রাজ্যে পরিণত হয়।
১৮ থেকে ২৪ বছর বয়সী বা জেনারেশন জি পর্যটকদের মধ্যে বিমানে ভ্রমণের হার দ্রুত বাড়ছে। চীনের ঐতিহ্যবাহী ‘গোল্ডেন উইক’ ছুটির ট্রাভেল আউটলুকেও দেখা গেছে, তরুণ ভ্রমণকারীরা এখন গাদাগাদি আর বড় বড় ট্যুরিস্ট হাবের চেয়ে প্রকৃতি ঘেরা এবং বৈচিত্র্যময় ছোট শহরগুলোকে বেশি প্রাধান্য দিচ্ছেন। আর সেই তালিকার প্রথমে চিওং মাই।