ইদানীং ব্লাশঅন ব্যবহারের ক্রেজ বেড়েছে। ন্য়ুড মেকআপ হোক বা জমকালো, দুই গালে ব্লাশঅন ছুঁইয়ে দিলেই যেন চেহারায় একটা তরতাজা ভাব ফুটে ওঠে। পাউডার বা ক্রিমি ধরনের বিভিন্ন রকম ব্লাশঅন কিনতে পাওয়া যায়। কিন্তু ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এবং গালে প্রাকৃতিক গোলাপি বা লালচে আভা আনতে দামি ব্লাশঅনের চেয়ে সঠিক পুষ্টির দিকে নজর দিলে ফলাফলটা দীর্ঘস্থায়ী হবে। কিছু নির্দিষ্ট ফল ও সবজি রক্ত সঞ্চালন বাড়ায় এবং হিমোগ্লোবিনের মাত্রা উন্নত করে, যা ভেতর থেকে ত্বক সতেজ ও প্রাণবন্ত করে তোলে। গালে প্রাকৃতিক গোলাপি বা লালচে আভা আনতে যে ফল ও সবজিগুলো খেলে উপকার পাওয়া যাবে, তা নিয়েই এ আয়োজন।
মেকআপের ব্লাশঅন ছাড়াই যদি গাল লালচে ও উজ্জ্বল করতে চান, তবে রোজকার খাদ্যতালিকায় এমন কিছু খাবার রাখতে হবে, যা রক্ত পরিষ্কার করে এবং কোলাজেন বাড়ায়। প্রকৃতিতেই লুকিয়ে আছে এমন কিছু ফল ও সবজি, যা নিয়মিত খেলে ত্বক ভেতর থেকে গোলাপি হয়ে উঠবে।
বিটরুট
বিটরুটে প্রচুর পরিমাণে আয়রন ও পটাশিয়াম থাকে। এটি রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায় এবং রক্ত সঞ্চালন দ্রুত করে, যা গালে সরাসরি লালচে আভা নিয়ে আসে।
ডালিম বা বেদানা
এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং পুষ্টিকর খনিজ উপাদান। ডালিম রক্তস্বল্পতা দূর করে। ত্বকের মৃত কোষ দূর করে এবং চেহারায় একটি চমৎকার গোলাপি ভাব এনে দেয়।
গাজর
গাজরে উচ্চমাত্রায় বিটা-ক্যারোটিন এবং ভিটামিন ‘এ’ থাকে। এটি সূর্যরশ্মির ক্ষতি থেকে ত্বক বাঁচিয়ে উজ্জ্বল ও ফরসা করতে সাহায্য করে।
টমেটো
এতে রয়েছে লাইকোপেন নামক শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। এটি ত্বকের কালচে ভাব দূর করে প্রাকৃতিক ব্লাশঅনের মতো কাজ করে এবং ত্বক টান টান রাখে।
স্ট্রবেরি ও চেরি
এই লাল ফলগুলোতে ভিটামিন ‘সি’ এবং আলফা-হাইড্রক্সি অ্যাসিড থাকে। এগুলো ত্বকের কোলাজেন উৎপাদন বাড়িয়ে গাল ও ঠোঁটের প্রাকৃতিক লালচে ভাব ফুটিয়ে তোলে।
ডিটক্স জুস হিসেবে
প্রতিদিন সকালে গাজর, বিটরুট এবং আধা ফালি লেবুর রস একসঙ্গে ব্লেন্ড করে জুস বানিয়ে খেতে পারেন।
সালাদ তৈরি করে
দুপুরে বা রাতে খাবারের সঙ্গে নিয়মিত টমেটো, শসা এবং ডালিমের দানার সালাদ রাখুন।
বিটরুট ও টমেটো সরাসরি ত্বকে ব্যবহার করলে তা প্রাকৃতিক ব্লাশঅন এবং স্ক্রাব হিসেবে চমৎকার কাজ করে। বিটরুটের প্রাকৃতিক লাল রং ত্বকে গোলাপি আভা আনে এবং টমেটোর অ্যাসিডিক উপাদান ত্বকের কালো দাগ দূর করে।
বিটরুট ও টক দইয়ের ফেসপ্যাক
১ চামচ বিটরুটের রসের সঙ্গে ১ চামচ ঘন টক দই মিশিয়ে গালে এবং পুরো মুখে লাগান। ১৫-২০ মিনিট রেখে হালকা ম্যাসাজ করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। টক দই ত্বক নরম করে এবং বিটরুট গালে একটি স্থায়ী গোলাপি ভাব এনে দেয়। এটি সপ্তাহে ৩ দিন ব্যবহার করতে পারেন।
টমেটো ও চিনির স্ক্র্যাব
পাকা টমেটো কেটে অর্ধেক করুন। এবার টমেটোর কাটা অংশে চিনি ছিটিয়ে নিন। এটি দিয়ে গালে এবং মুখে বৃত্তাকার বা সার্কুলার মোশনে হালকা হাতে ৩-৫ মিনিট স্ক্রাব করুন। এরপর ৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এই স্ক্র্যাব ত্বকের মরা চামড়া দূর করে রক্ত সঞ্চালন বাড়ায়। ফলে গাল তাৎক্ষণিকভাবে সতেজ ও লালচে দেখায়। এটি সপ্তাহে ২ দিন করা ভালো।
বিটরুট ও গ্লিসারিনের নাইট সিরাম
১ চামচ বিটরুটের রস ও আধা চামচ গ্লিসারিন বা অ্যালোভেরা জেল ভালো করে মিশিয়ে একটি সিরাম তৈরি করুন। প্রতিদিন রাতে ঘুমানোর আগে টোনার হিসেবে এটি গালে মেখে ঘুমান। সকালে উঠে মুখ ধুয়ে ফেলুন। এটি নিয়মিত ব্যবহারে কয়েক দিনের মধ্যেই গালে একটি স্থায়ী প্রাকৃতিক গোলাপি ভাব ফুটে ওঠে।
সূত্র: স্টাইলক্রেজ ও অন্যান্য