হোম > জীবনধারা > রূপবটিকা

এ সময়ের চুলের যত্নে জেনে নিন বিশেষজ্ঞের পরামর্শ

আফরোজা পারভীন

বছরে একবার স্বাস্থ্য পরীক্ষা করিয়ে বিশেষজ্ঞের পরামর্শ মেনে চলুন। ছবি: মঞ্জু আলম

চলছে রমজান মাস। এখন যে আবহাওয়া, তাতে ইফতার ও সেহরিতে পর্যাপ্ত পানি ও পানিবহুল খাবার গ্রহণ না করলে তার প্রভাব সরাসরি চুলে পড়তে পারে। এটি ছাড়াও এই ঋতুতে চুলের বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছে চুল পড়া, খুশকি, চুলের আগা ফেটে যাওয়া ইত্যাদি। কখনো কখনো দেখা যায়, প্রতিটি সমস্যা একে অপরের সঙ্গে যুক্ত। রোজা রেখে এসব সমস্যা সমাধানের উপায় কী হতে পারে, তা নিয়েই তো দুশ্চিন্তা?

যে কারণে চুল ঝরে এবং চুল গজানোর টোটকা

শুধু অযত্নের জন্য নয়, আরও নানান কারণে অতিমাত্রায় চুল পড়তে পারে। যাঁরা ডায়াবেটিস, থাইরয়েড কিংবা হরমোনের ভারসাম্যহীনতায় ভুগছেন, তাঁরা অতিরিক্ত চুল পড়ার সমস্যায় ভুগতে পারেন। এ জন্য খুব ভালো হয় যদি বছরে একবার স্বাস্থ্য পরীক্ষা করিয়ে বিশেষজ্ঞের পরামর্শ মেনে চলা যায়। তবে ঘরে চুল পড়ার সমস্যা সমাধানে ও চুল গজাতে কিছু টোটকা বেছে নিতে পারেন। এ জন্য মেথিবাটার সঙ্গে পেঁয়াজের রস মিশিয়ে মাথার ত্বকে লাগিয়ে এক ঘণ্টা রেখে দিন। এরপর শ্যাম্পু করে চুল শুকিয়ে ফেলুন। এই মিশ্রণ নিয়মিত ব্যবহার করলে চুল গজাবে এবং দ্রুত বাড়বে।

৩ মাস অন্তর চুলের আগা ছাঁটুন। ছবি: পেক্সেলস

৩ মাস অন্তর চুলের আগা ছাঁটুন

অনেকের ধারণা, আগা কাটলে চুল পড়া বন্ধ হয়। তবে এ কথা পুরোপুরি সত্য নয়। কারণ, চুলের নিচের অংশ কাটার সঙ্গে গোড়ায় চুল মজবুত হওয়ার বা চুল না পড়ার কোনো সম্পর্ক নেই। তবে আগা কাটলে চুলের নিচের অংশ ভারী হয়ে যায়, ফলে চুলের বৃদ্ধি ঘটে। সে ক্ষেত্রে তিন মাস পর পর চুলের আগা ছাঁটা উচিত।

খুশকি পালাবে যেভাবে

খুশকির কারণে চুল পড়তে পারে। যখন আমাদের মাথার ত্বক অনেক বেশি শুষ্ক হয়ে যায় এবং মরা কোষগুলো উঠতে থাকে, তখন সেটাকে আমরা খুশকি বলি। যখন এই মরা কোষ অনেক বেশি উঠতে থাকে, তখন চুল অপুষ্টিতে তো ভোগেই, পাশাপাশি এর গোড়াও দুর্বল হয়ে পড়ে। তাই মাথায় খুশকি বেড়ে উঠতে দেওয়া যাবে না। খুশকি তাড়াতে একটি ডিমের সাদা অংশের সঙ্গে ২ টেবিল চামচ অলিভ অয়েল মিশিয়ে মাথার ত্বকে লাগিয়ে রাখুন ৩০ মিনিট। এরপর চুল স্বাভাবিক নিয়মে শ্যাম্পু করে নিন। এ ছাড়া আধা কাপ টক দইয়ের সঙ্গে ২ টেবিল চামচ লেবুর রস এবং ১ টেবিল চামচ মধু মিশিয়ে মাথার ত্বকে লাগালেও উপকার পাওয়া যাবে।

চুল ভালো রাখতে খাদ্যাভ্যাসে নজর দিন

আমরা অনেকে জানি না, চুল পড়ে যাওয়ার সঙ্গে খাদ্যাভ্যাসের গভীর যোগসূত্র আছে। কারণ, আমাদের শরীরে যতটুকু প্রোটিন, ভিটামিন ও খনিজ দরকার, ততটুকু যদি আমরা গ্রহণ না করি, তাহলে চুল পুষ্টি পায় না। ফলে ঝরে পড়তে শুরু করে চুল। সে ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, এক দিনে যে পরিমাণে পুষ্টি গ্রহণ করা দরকার, সেটুকু নেওয়া হচ্ছে কি না। খুব ভালো হয় যদি একজন পুষ্টিবিদের সঙ্গে কথা বলে খাদ্যতালিকা ঠিক করে নেওয়া যায়। ডিম, মাছ, ভিটামিন সি-জাতীয় ফল ও সবজি, বিভিন্ন ধরনের বাদাম ও বীজ এবং ভিটামিন ই-জাতীয় খাবার চুল ভালো রাখতে সহায়তা করে।

স্বাস্থ্যোজ্জ্বল চুলের গোপন রহস্য

তেল চুলকে সুস্থ ও সুন্দর রাখে। এ জন্য সপ্তাহে দুই দিন চুলে তেল দিতে হবে। এক দিন প্যাক ব্যবহার করতে হবে। রাতে গোসল করলে ঘুমানোর আগে চুল সুন্দর করে শুকিয়ে ঘুমাতে হবে। তা ছাড়া ঘুমানোর আগে চুল আঁচড়ে নিতে হবে। এতে মাথার ত্বকে রক্তসঞ্চালন বাড়বে। চুলের আগা ফাটা রোধে বালিশে সিল্কের কভার ব্যবহার করলে উপকার পাওয়া যায়।

লেখক: রূপবিশেষজ্ঞ ও স্বত্বাধিকারী, রেড বিউটি স্যালন

ত্বক ও চুলের পানিশূন্যতা এড়াতে ইফতার ও সেহরি যেমন হবে

ছোলার ডালের বেসনে রূপচর্চা

সৌন্দর্যচর্চায় বেসন

ইফতারের দাওয়াতে পরিপাটি সাজ

ত্বকে কালচে দাগ পড়েছে? জেনে নিন আয়ুর্বেদিক উপায়ে মুক্তির পথ

এই বসন্তে অফিসে তরতাজা থাকবেন যেভাবে

ডোপামিন স্কিন কেয়ার: মনের আনন্দই ত্বকের উজ্জ্বলতার মূল রহস্য

চকলেট দিবসে চকলেট দিয়ে রূপচর্চা

শরীর, ত্বক ও মন ভালো রাখবে এই গোলাপি স্ক্রাব

অ্যান্টি-ড্যানড্রাফ শ্যাম্পুতে কাজ হচ্ছে না? খুশকি তাড়াতে সমাধান হতে পারে তাজা নিমপাতা