শিগগির কি সমুদ্রসৈকতে ভ্রমণের পরিকল্পনা রয়েছে? মনটা ফুরফুরে লাগছে নিশ্চয়! তবে সমুদ্রসৈকতে ভ্রমণে গেলে খানিকটা দুশ্চিন্তার ব্যাপারও রয়েছে। তা হলো, সাগরপাড় থেকে ফেরার পর কমবেশি সবার ত্বক খানিকটা কালচে হয়ে যায়। সমুদ্র এলাকার তীব্র রোদ, নোনাজল এবং বালুর ক্ষতিকর প্রভাব থেকে ত্বক রক্ষা করতে নিয়মিত সানস্ক্রিন ব্যবহার করা জরুরি। সঙ্গে দরকার গভীর পরিচ্ছন্নতা এবং পর্যাপ্ত আর্দ্রতা বজায় রাখা। যাঁরা সমুদ্রপাড়ে ভ্রমণে যাওয়ার পরিকল্পনা করছেন, তাঁদের ভ্রমণের আগে, ভ্রমণের সময় এবং পরে সঠিক নিয়ম মেনে যত্ন নেওয়া উচিত।
সানস্ক্রিন ব্যবহার: হোটেল থেকে বের হওয়ার অন্তত ৩০ মিনিট আগে এসপিএফ ৩০ বা তার বেশি মাত্রার সানস্ক্রিন ত্বকের খোলা অংশে ব্যবহার করতে হবে। তবে সংবেদনশীল ত্বকের জন্য জিংক অক্সাইড যুক্ত মিনারেল সানস্ক্রিন বেছে নিতে হবে।
সুরক্ষামূলক পোশাক: চওড়া কিনারাযুক্ত হ্যাট, সানগ্লাস ও সুতির হালকা পোশাক পরুন।
ঠোঁটের যত্নে: তীব্র রোদ ও শুষ্ক আবহাওয়ায় ঠোঁট ফেটে যাওয়া রোধ করতে এসপিএফযুক্ত লিপবাম ব্যবহার করুন।
সৈকতে অবস্থানকালীন প্রতি ২ ঘণ্টা পর অথবা সাঁতার কাটার পর পুনরায় সানস্ক্রিন ব্যবহার করুন। চেষ্টা করুন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সরাসরি রোদ এড়িয়ে চলতে। সৈকতের নোনা বাতাস দ্রুত শরীর পানিশূন্য করে। তাই পর্যাপ্ত পানি পান করতে হবে। পানির বোতল সঙ্গে রাখতে পারলে সবচেয়ে ভালো। সম্ভব হলে ভ্রমণের কয়েক দিন এক বেলা রসাল ফল খেয়ে কাটান। এতে ত্বক ক্ষয়ক্ষতি অনেকটাই কাটিয়ে উঠতে পারবে।
সৈকত থেকে হোটেলে ফিরে অয়েল-বেসড ক্লিনজার দিয়ে মেকআপ ও সানস্ক্রিন গলিয়ে এরপর ফেসওয়াশ দিয়ে ত্বক ভালো করে পরিষ্কার করে নিতে হবে। রোদে পোড়া ভাব বা লালচে ভাব কমাতে রাতে ঘুমানোর আগে অ্যালোভেরা জেল বা কুলিং মাস্ক ব্যবহার করলে আরাম পাওয়া যাবে। ভ্রমণকালীন প্রতিদিন ত্বক পরিষ্কার করে হায়ালুরনিক অ্যাসিড বা নিয়াসিনামাইড যুক্ত ভালো ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে।
ভ্রমণ শেষ করে বাড়ি ফেরার পর দ্রুত সঠিক যত্ন না নিলে ত্বক দীর্ঘ মেয়াদে স্বাভাবিক উজ্জ্বলতা হারাতে পারে। যেভাবে নিয়মিত ত্বকের যত্ন নিতে হবে।
যাঁদের ত্বক রোদে পুড়ে অতিমাত্রায় ক্ষতিগ্রস্ত হয়েছে, তাঁরা ত্বকে খাঁটি অ্যালোভেরা জেল লাগিয়ে ২০ মিনিট রাখুন। চাইলে শসার রস বা গ্রিন টি আইসকিউব করেও ত্বকে ব্যবহার করলে উপকার পাওয়া যায়।
কয়েক দিন সমুদ্র এলাকায় ঘুরে বেড়ানোর কারণে ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে উঠতে পারে। এর জন্য মুখ ধুয়ে ত্বক হালকা ভেজা থাকতেই হায়ালুরনিক অ্যাসিড সেরাম ব্যবহার করুন। শুষ্কতা কমাতে সেরামের পর নিয়াসিনামাইড বা সেরামাইড যুক্ত ভালো মানের ময়শ্চারাইজার লাগানো যেতে পারে। এ ছাড়া গোসলের আগে পুরো শরীরে নারকেল তেল ম্যাসাজ করে আধা ঘণ্টা রেখে গোসল করলেও ত্বক দ্রুত ভালো অবস্থায় ফিরবে।
ভ্রমণ করে ফিরে ত্বক পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরে না আসা পর্যন্ত ২ থেকে ৩ দিন ভারী মেকআপ করবেন না। ভ্রমণ শেষের পরেই পারলারে গিয়ে ফেশিয়াল, ব্লিচ বা কোনো তীব্র কেমিক্যাল পিলিং করাবেন না।
ত্বক ভেতর থেকে হাইড্রেট করতে দৈনিক ৩ থেকে ৪ লিটার পানি এবং দিনে অন্তত একটি ডাবের পানি পান করুন। ত্বকের কোলাজেন বাড়াতে এবং কালচে ভাব দূর করতে লেবু, আমড়া, মালটা বা আমলকী খেলে উপকার পাওয়া যাবে।
সূত্র: ওয়েলনেস ফরেভার ও অন্যান্য