হোম > জীবনধারা > রেসিপি

মধু-মাখনের মিষ্টি স্বাদে ক্রিসপি হানি বাটার চিকেন

ফিচার ডেস্ক, ঢাকা 

মধু-মাখনের মিষ্টি স্বাদে ক্রিসপি হানি বাটার চিকেন। ছবি: সংগৃহীত

চিকেনের সঙ্গে মধু আর মাখনের মেলবন্ধন—শুনতে একটু অদ্ভুত মনে হতে পারে। তবে মচমচে ভাজা চিকেনের সঙ্গে রসুন, মাখন ও মধুর মিষ্টি-ঝাল সস একবার মিশিয়ে দেখলেই বদলে যেতে পারে ধারণা। বাইরে ক্রিসপি আবরণ আর ভেতরে নরম চিকেনের সঙ্গে মিষ্টি স্বাদের এই সমন্বয় হানি বাটার চিকেনকে করে তুলেছে বেশ আকর্ষণীয়। কোরিয়ায় জনপ্রিয় এই পদ খুব সহজে ঘরোয়া উপকরণে তৈরি করা যায়। নাশতা, বিকেলের আড্ডা কিংবা অতিথি আপ্যায়ন—যেকোনো আয়োজনেই রাখতে পারেন ভিন্ন স্বাদের এই চিকেন।

উপকরণ

হাড় ছাড়া চিকেন ব্রেস্ট বা থাইয়ের মাংস, সয়া সস, সাদা বা কালো গোলমরিচের গুঁড়া, একটি ডিম এবং কর্নস্টার্চ বা আলুর স্টার্চ। চিকেন ভাজার জন্য লাগবে পরিমাণমতো সয়াবিন বা অন্য কোনো তেল। সস তৈরিতে প্রয়োজন হবে রসুনকুচি, মধু, মাখন, ব্রাউন সুগার, সয়া সস, তিলের তেল এবং কর্নস্টার্চ ও পানির মিশ্রণ। স্বাদে ঝাঁজ আনতে চাইলে শুকনা মরিচের কুচি দেওয়া যেতে পারে। সবশেষে সাজানোর জন্য লাগবে ভাজা তিল ও পেঁয়াজপাতা।

প্রণালি

প্রথমে চিকেন ছোট ছোট টুকরা করে একটি পাত্রে নিন। এতে সয়া সস ও গোলমরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মেখে নিন। এরপর একটি ডিম দিয়ে আবারও মেখে কর্নস্টার্চ বা আলুর স্টার্চ দিয়ে প্রতিটি টুকরা ভালোভাবে কোট করে নিতে হবে। এবার একটি প্যানে তেল মাঝারি থেকে একটু বেশি আঁচে গরম করুন। তেল গরম হলে চিকেনের টুকরাগুলো অল্প করে ভাজুন। প্রথমবার ১ থেকে ২ মিনিট ভেজে তুলে কয়েক মিনিট রেখে আবার গরম তেলে ২ থেকে ৩ মিনিট ভাজতে হবে। চিকেন সোনালি ও মচমচে হয়ে এলে তুলে রাখুন। দুই ধাপে ভাজার ফলে চিকেনের বাইরের আবরণ বেশি ক্রিসপি হবে, আবার ভেতরের মাংস শুকিয়ে যাবে না।

হানি বাটার চিকেন। ছবি: সংগৃহীত

এবার তৈরি করতে হবে হানি বাটার সস। একটি প্যানে মাখন দিয়ে গলিয়ে তাতে রসুনকুচি দিয়ে ১ থেকে ২ মিনিট ভাজুন। রসুনের গন্ধ বের হলে আঁচ কমিয়ে মধু, ব্রাউন সুগার, সয়া সস ও তিলের তেল দিয়ে ভালোভাবে মেশান। ঝাল পছন্দ হলে শুকনা মরিচের কুচি দিতে পারেন। এরপর কর্নস্টার্চ ও পানির মিশ্রণ দিয়ে ক্রমাগত নাড়তে থাকুন। কিছুক্ষণ পর সস ঘন হয়ে এলে এতে ভেজে রাখা চিকেন দিয়ে দ্রুত ভালোভাবে মিশিয়ে নিন। প্রতিটি টুকরার গায়ে যেন সস ভালোভাবে লেগে যায়, সেদিকে খেয়াল রাখতে হবে।

পরিবেশন

সসের সঙ্গে চিকেন ভালোভাবে মিশে গেলে চুলা বন্ধ করে ওপর থেকে ভাজা তিল ছড়িয়ে দিন। হানি বাটার চিকেন গরম-গরম পরিবেশন করা ভালো। চাইলে গরম ভাত, নুডলস বা ফ্রাইড রাইসের সঙ্গে পরিবেশন করতে পারেন।

সূত্র: খিন্স কিচেন