হোম > জীবনধারা > রেসিপি

এক প্লেটে জর্জিয়ার ঘরোয়া স্বাদ

ফিচার ডেস্ক, ঢাকা 

জর্জিয়ার খাবার চখমেরুলি। ছবি: কালিনারি ব্যাকস্ট্রিট

একেকটি দেশের খাবার সেই দেশের জীবনযাপন ও সংস্কৃতির গল্প। জর্জিয়ার চখমেরুলি তেমনই একটি পদ, যেখানে খুব সাধারণ কিছু উপকরণ মিলে তৈরি করে আরামদায়ক স্বাদের এক আয়োজন। রসুনের ঘ্রাণ, দুধ-ক্রিমের সংমিশ্রণ আর মসলায় মাখা নরম চিকেন—সব মিলিয়ে খাবারটি একই সঙ্গে সহজ ও সমৃদ্ধ একটি রেসিপি। বাংলাদেশি রান্নাঘরের পরিচিত উপকরণে সহজে তৈরি করা যায় এই পদ। ফলে ঘরে বসে পাওয়া যাবে জর্জিয়ান স্বাদের ভিন্ন এক অভিজ্ঞতা।

জর্জিয়ার খাবার চখমেরুলি। ছবি: কালিনারি ব্যাকস্ট্রিট

উপকরণ

১টি চিকেন, ১টি রসুন, ১ টুকরা আদা, ১ কাপ দুধ, ১ কাপ ঘন ক্রিম, ২ টেবিল চামচ সূর্যমুখী তেল, ১ চা-চামচ মাখন, ১ টেবিল চামচ ধনেগুঁড়া, ১ চা-চামচ কুচি করা পার্সলে, লবণ ও গোলমরিচ পরিমাণমতো।

প্রস্তুত প্রণালি

প্রথমে মুরগি আট টুকরো করে কেটে লবণ, গোলমরিচ ও ধনেগুঁড়া দিয়ে মাখিয়ে নিন। এরপর একটি প্যানে তেল ও মাখন গরম করে চিকেনের টুকরোগুলো দিয়ে ভালোভাবে বাদামি করে ভেজে নিন। পা ও ঊরুর অংশ আগে দিলে ভালো করে রান্না হবে। এরপর চিকেনসহ প্যানটি ১৯০ ডিগ্রি সেলসিয়াসে প্রিহিট করা ওভেনে প্রায় ৪৫ মিনিট রাখুন। এর মধ্যে তৈরি করে নিতে হবে চখমেরুলির বিশেষ সস। রসুন ও আদাকুচি করে কেটে সামান্য তেলে অল্প সময় ভেজে নিন। সুগন্ধ বের হলে দুধ ও ক্রিম যোগ করে নেড়ে দিন। এরপর সামান্য লবণ ও গোলমরিচ দিয়ে অল্প আঁচে এক মিনিট ফুটিয়ে চুলা বন্ধ করে দিন। চিকেন রান্না হওয়ার প্রায় পাঁচ মিনিট আগে প্যানটি ওভেন থেকে বের করে তার ওপর প্রস্তুত করা ক্রিমি সস ঢেলে দিন। এরপর আবার ওভেনে দিয়ে বাকি সময়টুকু রান্না করতে হবে। চিকেন ভালোভাবে সেদ্ধ ও নরম হয়ে গেলে এবং পাশাপাশি সস ঘন হয়ে এলে ওভেন থেকে বের করে নিন।

পরিবেশন

চখমেরুলি গরম অবস্থায় পরিবেশন করা ভালো। এর ঘন রসুন-ক্রিম সসের সঙ্গে বেক করা আলু, রুটি, নান বা ভাত পরিবেশন করা যায়।

সংরক্ষণ

চখমেরুলি ঠান্ডা হলে বায়ুরোধী পাত্রে রেখে ফ্রিজে ২ থেকে ৩ দিন সংরক্ষণ করা যায়।

সূত্র: কালিনারি ব্যাকস্ট্রিট