হোম > জীবনধারা > খাবারদাবার

মধ্যপ্রাচ্যের স্বাদে ঘরেই তৈরি করুন গ্রিন গডেস হুমুস

ফিচার ডেস্ক, ঢাকা 

তুর্কি, লেবানিজ, সিরিয়ান ও মিসরীয় রন্ধনশৈলীর একটি প্রচলিত ও জনপ্রিয় খাবার হুমুস। ছবি: সংগৃহীত

সহজ, মসৃণ, আঁশে ভরপুর এবং প্রোটিনে সমৃদ্ধ খাবার হাম্মুস বা হুমুস। খাবারটি কেন সবার প্রিয়, তা আলাদা করে বলার প্রয়োজন নেই। পৃথিবীতে বিভিন্নভাবে এটি খাওয়া হয়। পরিচিত রেসিপি থেকে বের হয়ে এসে তাজা তুলসীপাতা, ধনেপাতা ও লেবুর সতেজতায় ভরপুর গ্রিন গডেস হুমুস একবার খেয়ে দেখতেই পারেন। স্যান্ডউইচ থেকে শুরু করে যেকোনো স্ন্যাকসের প্লেটে চমৎকার মানিয়ে যাবে এই খাবার। তৈরি করতে সময় লাগে মাত্র ১০ মিনিট এবং এর জন্য প্রয়োজন মাত্র ৯টি উপাদান। খাবারটি তৈরির পর ৪ থেকে ৫ দিন রেফ্রিজারেটরে এবং ১ মাস পর্যন্ত ফ্রিজারে ভালো থাকে।

হুমুসের ইতিহাস ও উৎপত্তি

হুমুস নামের এই খাবার ঠিক কোন দেশের, তা নিয়ে বিতর্ক থাকলেও ধারণা করা হয়, ১২০০ থেকে ১৩০০ সালের রান্নার বইগুলোতে প্রথম এর রেসিপি দেখা গিয়েছিল। ‘হুমুস’ একটি আরবি শব্দ। এর সাধারণ অর্থ ছোলা। মধ্যপ্রাচ্য এবং ভারতে হাজার হাজার বছর ধরে ছোলার চাষ হয়ে আসছে। সাধারণত হুমুস বি তাহিনিকে সংক্ষেপে হুমুস বলা হয়। এটি তৈরি হয় ছোলা, তাহিনি বা তিলের পেস্ট, রসুন ও লেবু দিয়ে। এটি তুর্কি, লেবানিজ, সিরিয়ান ও মিসরীয় রন্ধনশৈলীর একটি প্রচলিত ও জনপ্রিয় খাবার। বর্তমানে এটি সারা বিশ্বে সুপরিচিত। ঐতিহ্যবাহী এই রেসিপিতে ফ্রেশ হার্বস বা সুগন্ধি পাতা যোগ করে তৈরি করা হয়েছে এই সতেজ গ্রিন গডেস রূপ।

প্রয়োজনীয় উপকরণ

পানি না ঝরানো অবস্থায় ছোলা ১৫ আউন্স, ২ কোয়া খোসা ছাড়ানো রসুন, টুকরা করা পেঁয়াজপাতা ১টি, তাজা তুলসীপাতা ১ কাপের ৪ ভাগের ১ ভাগ, তাজা ধনেপাতা আধা কাপ, লেবুর রস ৩ টেবিল চামচ, অলিভ অয়েল ৩ টেবিল চামচ, পানি ১ কাপের ৪ ভাগের ১ ভাগ, তাহিনি বা তিলবাটা ১ কাপের ৩ ভাগের ১ ভাগ, লবণ স্বাদ অনুযায়ী।

প্রস্তুত প্রণালি

ছোলা ও রসুন নরম করা

একটি মাঝারি তাপ-সহনশীল বাটিতে পানি না ঝরানো ক্যানজাত ছোলা এবং খোসা ছাড়ানো গোটা রসুনের কোয়া নিয়ে মাইক্রোওয়েভে ৪ থেকে ৫ মিনিট গরম করুন। এ ক্ষেত্রে বাটিটি এমন হতে হবে, যেন ওপরের দিকে অন্তত ২ ইঞ্চি জায়গা খালি থাকে বা যাতে উপচে না পড়ে। বিকল্প হিসেবে একটি ছোট সস প্যানে ছোলা ও রসুন একত্রে নিয়ে ফুটিয়ে মাঝারি আঁচে ৪ থেকে ৫ মিনিট সেদ্ধ করে নেওয়া যায়। এই প্রক্রিয়ায় ছোলা নরম হওয়ার পাশাপাশি রসুনের ঝাঁজালো ভাব কমে আসে।

সবুজ মিশ্রণ তৈরি

ছোলা সেদ্ধ হওয়ার ফাঁকে হাই-স্পিড ব্লেন্ডারে কাটা সবুজ পেঁয়াজ, তুলসীপাতা, পার্সলে পাতা, লেবুর রস, ৩ টেবিল চামচ অলিভ অয়েল এবং ১ কাপের ৪ ভাগের ১ ভাগ পানি নিয়ে ব্লেন্ডের পর মিহি করে একটি উজ্জ্বল সবুজ তরল মিশ্রণ তৈরি করুন।

হুমুস ব্লেন্ড করা

সেদ্ধ করা ছোলা ও রসুনের পানি ঝরিয়ে নিয়ে ব্লেন্ডারের সেই সবুজ মিশ্রণের মধ্যে ঢেলে দিন। এরপর এতে তাহিনি এবং পরিমাণমতো সামুদ্রিক লবণ যোগ করুন। সব উপাদান একত্রে মসৃণ ও ক্রিমি হওয়া পর্যন্ত ব্লেন্ড করতে থাকুন। প্রয়োজনে ব্লেন্ডারের পাশ চেঁচে দিন এবং ব্লেন্ড করার সুবিধার্থে বাড়তি পানি বা তেল যোগ করতে পারেন।

স্বাদ সামঞ্জস্য

ব্লেন্ড করা শেষে চেখে দেখুন। টক ভাব বা সতেজতার জন্য বাড়তি লেবুর রস, ক্রিমি টেক্সচারের জন্য অলিভ অয়েল কিংবা সামঞ্জস্যের জন্য সামান্য লবণ যোগ করে নিজের পছন্দমতো স্বাদ ঠিক করে নিন।

পরিবেশন ভাবনা

তৈরি হয়ে যাওয়া ঘন ও ক্রিমি এই হুমুস বাটিতে ঢেলে ওপর থেকে চিলি অয়েল বা চিলি ক্রাঞ্চ ছড়িয়ে দিয়ে সাজাতে পারেন। এটি নানা রকমের সবজি, ক্র্যাকার্স এবং ফ্ল্যাটব্রেড দিয়ে ডিপ হিসেবে খাওয়ার পাশাপাশি স্যান্ডউইচে স্প্রেড হিসেবে ব্যবহারের জন্য একদম উপযুক্ত।

সূত্র: মিনিমালিস্ট বেকার

সেরা স্ট্রিট ফুডের শহর প্যারিস, পেছনে এশিয়ার দেশগুলো

বানিয়ে ফেলুন নরওয়েজিয়ান ডিশ ফারিকল

বর্ষাকালে যে কারণে খিচুড়ি খাবেন

বর্ষায় সুস্থ থাকতে পাতে রাখুন পুষ্টিকর ও ইমিউনিটি-বুস্টিং সালাদ

স্বাদে-ঐতিহ্যে বিশ্বসেরা তুরস্কের ৬ কাবাব

মেসির চিট মিল রেঁধে ফেলুন

কীভাবে খাবেন টমেটো স্যুপ, জেনে নিন উপকারিতা

ফরাসি টেবিল থেকে কি অদৃশ্য হয়ে যাবে বাগেট!

ঘরেই বানিয়ে ফেলুন ঐতিহ্যবাহী সুইডিশ প্যানকেক

ফ্রেদাগস্তাকো: যেদিন নরওয়েজিয়ানরা পরিবারের সঙ্গে এক টেবিলে জড়ো হন