চীনের ঝেজিয়াং প্রদেশের ইউয়েচিং শহরের ইয়াননান গ্রামের পাহাড়ি পথ। খাড়া পাহাড়ের গা বেয়ে এঁকেবেঁকে উঠে গেছে পাথরের তৈরি ৪৩০ ধাপের সিঁড়ি। এই পথে রয়েছে ১১টি বাঁক। পূর্বপুরুষদের ব্যবহৃত পুরোনো পাহাড়ি পথ ধরে ধাপে ধাপে এই সিঁড়ি তৈরি করেছেন হুয়াং ঝুলিয়ান ও তাঁর চার ভাই-বোন। ৮৬ বছর বয়সী মায়ের বাড়ি ফেরার সুবিধার জন্য নিজেদের অর্থ ও শ্রম দিয়ে তাঁরা তৈরি করেছেন এই পথ।
সম্প্রতি পরিবারের এই উদ্যোগের গল্প সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। নেটিজেনরা তাঁদের আধুনিক যুগের ‘পাহাড় সরানো বোকা বৃদ্ধ’ বলে অভিহিত করেছেন। সিঁড়িটির নাম দিয়েছেন ‘মাতৃভক্তির সিঁড়ি’।
৯ নভেম্বর বেলা তিনটার দিকে আঁকাবাঁকা পাহাড়ি পথ পেরিয়ে ‘মাতৃভক্তির সিঁড়ি’র গোড়ায় পৌঁছান এক সংবাদকর্মী। প্রবেশপথে কয়েক বস্তা পাথর স্তূপ করে রাখা ছিল। পাশে ছিল অস্থায়ী দুটি সতর্কতামূলক সাইনবোর্ড। তাতে লেখা, ‘পাহাড়ি পথে বিপদ রয়েছে’।
পাঁচ ভাই-বোনের চতুর্থ হুয়াং ঝুলিয়ান সাংবাদিককে বলেন, ‘পাহাড়ের বাড়িতে যাওয়ার মাত্র দুটি পথের একটি এটি। অন্য পুরোনো পথটি আরও বিপজ্জনক। সেখানে মানুষের চেয়েও উঁচু আগাছা ও লতাপাতা জন্মেছে। সেগুলোর মধ্যে সাপখোপ আছে।’
পাহাড়ের নিচ থেকে তাকালে দেখা যায়, ধূসর-সাদা পাথরের সিঁড়িটি খাড়া পাহাড়ের গা বেয়ে সর্পিল রেখার মতো ওপরে উঠে গেছে। প্রথম অংশটি তুলনামূলক সহজ। কিন্তু কয়েকটি বাঁক পেরোনোর পর ঢাল হঠাৎ খাড়া হয়ে গেছে, সিঁড়ি হয়েছে সরু। এক পাশে গভীর খাদ। নিরাপত্তার জন্য খাদের কিনার ঘেঁষে বাঁশের সাধারণ রেলিং ও তারের জাল লাগানো হয়েছে। তারপরও চলাচলে যথেষ্ট সতর্ক থাকতে হয়।
চূড়ায় রয়েছে একটি সরু ও সমতল সিমেন্টের রাস্তা। সেই রাস্তা সরাসরি পাহাড়ের একমাত্র পুরোনো বাড়িটিতে গিয়ে মিশেছে। পাথরের দেয়ালে ঘেরা ছোট উঠানে ফুটে আছে নানা ফুল। সেখানে রোদ পোহাচ্ছিলেন ৮৬ বছর বয়সী চেন। সন্তানদের সঙ্গে গল্পগুজবে মুখর ছোট উঠানটি সে সময় হয়ে ওঠে উষ্ণ ও প্রাণবন্ত।
পাঁচ ভাই-বোন সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন সময় জানান, এটি আবেগের বশে নেওয়া কোনো সিদ্ধান্ত নয়; বরং মায়ের বহুদিনের ইচ্ছা পূরণ করতেই তাঁদের এই উদ্যোগ। তাঁরা চেয়েছেন, বৃদ্ধ মা যেন জীবনের বাকি সময়টা নিজের পুরোনো বাড়িতে কাটাতে পারেন।
চেন মাত্র ১৫ বছর বয়সে পুত্রবধূ হয়ে আসেন হুয়াং পরিবারে। এরপর জীবনের অধিকাংশ সময় পাহাড়েই কাটিয়েছেন। পাহাড়ের জমি পরিষ্কার করেছেন, শূকর পালন করেছেন, প্রকৃতির ওপর নির্ভর করেই সংসার চালিয়েছেন। ২০ বছরের বেশি আগে তাঁর স্বামী মারা যান। একসময় পুরোনো বাড়িটিও জরাজীর্ণ হয়ে পড়ে। তখন পাঁচ ভাই-বোন মাকে ফুরং টাউনে নিয়ে যান। সেখানে বড় ও মেজ ভাই পালা করে মায়ের দেখাশোনা করতেন।
হুয়াং ঝুলিয়ান বলেন, ‘প্রত্যেকেরই নিজস্ব সংসার আছে। তাই মাকে পাহাড়ে একা রেখে যেতে তাঁরা ভয় পেতেন।’
পাহাড় থেকে নিচে নেমে আসার পরও বৃদ্ধ মায়ের মন পড়ে থাকত পুরোনো বাড়িতে। ভাই হুয়াং শুনফা ও হুয়াং শুনপিং বলেন, ‘পাহাড়ের নিচে সবকিছুই সহজে পাওয়া যায়। কিন্তু মা শুধু বলতেন, সেখানে তাঁর ভালো লাগে না।’
বসন্তে তাঁরা পাহাড়ে যেতেন বাঁশকোড়ল সংগ্রহ করতে। ছিংমিং উৎসবে যেতেন কবর পরিষ্কার করতে। গরমকালে পাহাড়ের শীতল পরিবেশে সময় কাটাতেন। পাহাড়ের পাদদেশের গ্রামে থাকলেও বৃদ্ধ মা মাঝেমধ্যে পাহাড়ে উঠতে চাইতেন।
২০২৩ সালে পরিবারের সদস্যরা পুরোনো বাড়িটি সংস্কার করে বসবাসের উপযোগী করে তোলেন। বাড়িটি ঝড়বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার মতো অবস্থায় ফিরিয়ে আনা হলে পাহাড়ে ফিরে থাকার ইচ্ছা আরও বেড়ে যায় চেনের।
আগে পাহাড়ের চূড়ায় ওঠার জন্য বাড়ির উত্তর-পূর্ব দিক দিয়ে একটি মাত্র পথ ছিল। সেটি ছিল ছায়াচ্ছন্ন, স্যাঁতসেঁতে এবং খানাখন্দে ভরা। মানুষের চেয়ে উঁচু আগাছা ও লতাপাতায় ঢাকা ছিল পথটি। সেখানে সাপ ও পোকামাকড়েরও উপদ্রব ছিল।
হুয়াং শুনফা বলেন, ‘সন্ধ্যা একটু ঘনিয়ে এলেই আমাদের মতো পাহাড়ে বেড়ে ওঠা মানুষও ওই পথে হাঁটতে ভয় পেত। ধীরে ধীরে হাঁটলে পাহাড়ে উঠতে সময় লাগত প্রায় ৩০ মিনিট।’
মায়ের পাহাড়ের বাড়িতে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষা এবং পুরোনো পথের বিপজ্জনক অবস্থা—দুটিই ভাবিয়ে তুলেছিল পাঁচ ভাই-বোনকে। এক দশকের বেশি সময় ধরে তাঁরা মায়ের জন্য একটি নিরাপদ পথ তৈরির কথা ভাবছিলেন। আগের বছরগুলোতে অর্থের অভাব ছিল। তবে এ বছর কিছু বাড়তি অর্থ ও সময় হাতে আসায় হুয়াং ঝুলিয়ান পথ নির্মাণের পরিকল্পনাটি বাস্তবায়নের উদ্যোগ নেন।
পথটি সংস্কার করা হবে কি না, আর কীভাবে করা হবে—তা নিয়ে প্রথম দিকে ভাই-বোনদের মধ্যে মতবিরোধ ছিল। বেশি উদ্বিগ্ন ছিলেন হুয়াং শুনফা। পেশাদার নির্মাণকর্মী ছাড়া খাড়া পাহাড়ে কাজ করা কতটা নিরাপদ হবে, তা নিয়ে তাঁর সংশয় ছিল।
অন্যদের আশঙ্কা ছিল, ভবিষ্যতে গ্রাম কর্তৃপক্ষ যদি নিজেরাই রাস্তা তৈরি করে, তাহলে তাঁদের খরচ করা টাকা নষ্ট হবে। শেষ পর্যন্ত সবাই একমত হন—কাজ শুরু করা যাক। পাহাড়ের দক্ষিণ পাশের দীর্ঘদিনের পরিত্যক্ত পথটি সংস্কারের সিদ্ধান্ত নেন তাঁরা। যাঁর অর্থ দেওয়ার সামর্থ্য আছে, তিনি অর্থ দেবেন; আর যাঁর শারীরিক শক্তি আছে, তিনি শ্রম দেবেন।
আগস্টের প্রচণ্ড গরমে পরিবারের সদস্যরা নিজেদের দক্ষতা অনুযায়ী কাজ ভাগ করে নেন। হুয়াং ঝুলিয়ান ছিলেন পুরো প্রকল্পের মূল সমন্বয়ক। নির্মাণসামগ্রী সংগ্রহ, কাজ তদারক এবং অগ্রগতি নিয়ন্ত্রণের দায়িত্ব ছিল তাঁর ওপর। তাঁর দুই ভাই হুয়াং শুনফা ও হুয়াং শুনপিং এবং দুই চাচাতো ভাই পাথর বহন ও সিমেন্ট মেশানোর মতো কঠিন কাজ করেন। বোন হুয়াং হেলান এবং হুয়াং ঝুলিয়ানের স্বামী সামগ্রিক ব্যবস্থাপনার দায়িত্ব নেন। ভাগনে-ভাগনিরাও অবসর পেলে কাজে হাত লাগাতেন।
নির্মাণকাজের মাঝামাঝি সময়ে ৫০ থেকে ৬০ হাজার ইউয়ান খরচ হয়ে যায়। এ ব্যয় ছিল প্রত্যাশার চেয়ে অনেক বেশি। পাহাড়ের খাড়া অংশে নির্মাণসামগ্রী হাতে করে নিয়ে যাওয়া ছিল অত্যন্ত কঠিন। একপর্যায়ে কাজ বন্ধ করে দেওয়ার কথাও ভাবছিল পরিবারটি।
তখন হুয়াং ঝুলিয়ানের ছেলে ড্রোনের সাহায্যে নির্মাণসামগ্রী বহনের পরামর্শ দেন। ঠিক যখন মনে হচ্ছিল, কাজ আর এগিয়ে নেওয়া সম্ভব হবে না, তখন চেন নিজের অবসরকালীন সঞ্চয় থেকে ৫০ হাজার ইউয়ান বের করে দেন। বহু বছর ধরে কষ্ট করে তিনি জমিয়েছিলেন এই অর্থ। নববর্ষের উপহার হিসেবে পাওয়া টাকা ও পেনশনের অর্থ জমিয়ে রেখেছিলেন তিনি। প্রয়োজন না হলে কখনোই তা খরচ করতে চাইতেন না। মায়ের এই অর্থ দেওয়ার পরই নির্মাণকাজ আবার কিছুটা এগিয়ে নেওয়া সম্ভব হয়।
চলতি বছরের অক্টোবরের শেষ দিকে রাস্তা নির্মাণের কাজ শেষ হয়। এরপর নিশ্চিন্তে পাহাড়ের পুরোনো বাড়িতে ফিরে যান চেন। হুয়াং ঝুলিয়ান সংবাদকর্মীকে মায়ের পাহাড়ে ওঠার একটি ভিডিও দেখান। তাতে দেখা যায়, ভাই-বোনেরা সামনে প্রয়োজনীয় জিনিসপত্র ও খাবার নিয়ে হাঁটছেন। আর পেছনে বাঁশের লাঠিতে ভর দিয়ে ধীরে ধীরে এক ধাপ এক ধাপ করে পাহাড়ে উঠছেন বৃদ্ধ মা।
হুয়াং ঝুলিয়ান বলেন, ‘মা এখন বৃদ্ধ হয়েছেন। হাঁটতে পারেন ঠিকই, কিন্তু নিয়মিত পাহাড়ে ওঠানামা করেন না। এই পথ মূলত তাঁর সন্তান ও নাতি-নাতনিদের যাতায়াত সহজ করার জন্য। আমরাও তো বুড়িয়ে যাচ্ছি। মাঝেমধ্যে এখানে হাঁটাহাঁটি করে শরীরচর্চা করি। এখন পাহাড়ে উঠতে মাত্র সাত-আট মিনিট লাগে।’
পাহাড়ের বাড়িতে চেন খুব সাধারণ জীবন কাটান। তিনি শাকসবজি চাষ করেন, কাপড় কাচেন, উঠান পরিষ্কার করেন। কখনো আবার উঠানে বসে আপন মনে সময় কাটান। মূলত বড় মেয়ে হুয়াং হেলান তাঁর দেখাশোনা করেন। অন্য ভাই-বোনেরাও সময়-সুযোগ পেলে পাহাড়ে মাকে দেখতে আসেন।
পাহাড়ে থাকার কারণ জানতে চাইলে চেন হাসিমুখে বলেন, ‘সকালে ঘুম থেকে উঠলে রোদ পাই, আর সূর্য ডোবার পর বিশ্রাম নিই। পাহাড়ের বাতাস নির্মল। এখানে আমার জীবন খুব আরাম ও আনন্দের।’
রাস্তা নির্মাণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পাহাড়ের বাইরেও দ্রুত পৌঁছে যায় পাঁচ ভাই-বোনের গল্প। ‘মাতৃভক্তির সিঁড়ি’ হয়ে ওঠে আলোচিত এক দেখার জায়গা। সপ্তাহান্তে পাহাড়ের নিচে অনেক গাড়ি পার্ক করা দেখা যায় এখন। অনেকে বিশেষভাবে এই সিঁড়ি দিয়ে হাঁটার জন্য সেখানে আসেন।
কেউ কেউ হুয়াং পরিবারের উঠানকে অতিথিশালায় রূপান্তরের পরামর্শও দিয়েছেন। তবে হুয়াং ঝুলিয়ান এখনই এমন কিছু ভাবছেন না। তাঁর কথায়, ‘এখনো এ নিয়ে কিছু ভাবিনি। মা যতক্ষণ স্বচ্ছন্দে আছেন, তাতেই আমি খুশি।’
তবে প্রশংসার পাশাপাশি সমালোচনাও এসেছে। কেউ প্রশ্ন তুলেছেন, ‘আপনারা কি বনভূমির জমি দখল করেছেন?’ কেউ আবার জানতে চেয়েছেন, ‘এতে কি বনের ক্ষতি হচ্ছে?’
এমন একের পর এক প্রশ্নের মুখে কিছুটা বিব্রত হয়েছেন পাঁচ ভাই-বোন। তাঁদের বক্তব্য, এটি নতুন কোনো রাস্তা নয়; তাঁদের পূর্বপুরুষেরা বহু বছর ধরে এই পথ ব্যবহার করেছেন। হুয়াং ঝুলিয়ান বলেন, ‘ছোটবেলায় মা আর আমি এখানে বোঝা বহন করে চলাচল করতাম। আমরা একটি গাছও কাটিনি, বনের কোনো ক্ষতিও করিনি। শুধু আগাছা পরিষ্কার করে রাস্তার ভিত্তি নতুন করে তৈরি করেছি।’
তবে এসব উদ্বেগের মধ্যেও চেন বেশ আনন্দিত। বহুদিনের ইচ্ছা পূরণ হয়েছে তাঁর। পাহাড়ের বাড়িতে ফিরে নিজের মতো করে জীবন কাটাতে পারছেন। নিজের বর্তমান জীবন নিয়ে কথা বলার সময় তাঁর কণ্ঠে ছিল তৃপ্তি ও সন্তুষ্টির সুর।
৪৩০ ধাপের এই সিঁড়ি নির্মাণের গল্প শুধু মায়ের প্রতি পাঁচ সন্তানের ভালোবাসার গল্প নয়; এটি এক বৃদ্ধ মানুষের নিজের শিকড়ের কাছে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষার গল্পও। যে পাহাড় একসময় ছিল তাঁর জীবন, সেখানেই আবার ফিরে পেয়েছেন নিজের স্বস্তি। আর সেই ফেরার পথ তৈরি করে দিয়েছেন তাঁর সন্তানেরা।
৬৬ডব্লিউজেড ডট কম থেকে অনুদিত