ফুল, প্রজাপতি, মৌমাছি কিংবা সবুজ পাতার সৌন্দর্য—প্রকৃতির এই ছোট ছোট উপাদান এবার জায়গা করে নিচ্ছে নখের সাজে। নেইল আর্টের জগতে এখন আলোচনায় গার্ডেন-ইন্সপায়ারড ম্যানিকিউর। শুধু একটি ফুল এঁকে নখ সাজানো নয়, বরং পুরো বাগানের আবহ তুলে আনার চেষ্টা দেখা যাচ্ছে এই ধারায়। কখনো রঙিন পাপড়ি, কখনো ক্ষুদ্র মৌমাছি, আবার কখনো প্রজাপতির ডানার অনুপ্রেরণায় তৈরি হচ্ছে নান্দনিক নকশা।
নেইল আর্ট এখন আর শুধু সাজসজ্জার অংশ নয়; এটি ব্যক্তিগত রুচি ও সৃজনশীলতা প্রকাশের মাধ্যমও বটে। ছোট্ট নখকে ক্যানভাস হিসেবে ব্যবহার করে শিল্পীরা তৈরি করছেন নানান গল্প। গার্ডেন ম্যানিকিউরের আকর্ষণীয় দিক হলো, এতে প্রকৃতির বিভিন্ন উপাদানকে নিজের মতো করে সাজিয়ে নেওয়ার সুযোগ রয়েছে। কারও নখে ফুটছে গোলাপ, কারও নখে ডেইজি, আবার কেউ বেছে নিচ্ছেন পিকনিকের স্মৃতি মনে করিয়ে দেওয়া চেক প্রিন্ট।
ফ্লোরাল নেইল আর্ট নতুন কোনো বিষয় নয়। তবে সাম্প্রতিক প্রবণতায় শুধু ফুলকে কেন্দ্র করে কাজ করা হচ্ছে না। একটি বাগানের পরিবেশকেই নখের ওপর তুলে আনার চেষ্টা করা হচ্ছে। ফুলের সঙ্গে থাকছে পাতা, পোকামাকড়, শিশিরের মতো ঝলমলে ফিনিশ এবং নানা ধরনের টেক্সচার।
কিছু ডিজাইনে এত সূক্ষ্মভাবে কাজ করা হয় যে দূর থেকে দেখলে মনে হতে পারে, ক্ষুদ্র কোনো চিত্রকর্ম। আবার থ্রিডি বা স্ক্যাল্পটেড ডিজাইনের মাধ্যমে ফুলের পাপড়িতে আনা হচ্ছে আলাদা মাত্রা। ক্রোম ফিনিশ, ক্রিস্টাল কিংবা উজ্জ্বল রঙের ব্যবহার নখের এই ক্ষুদ্র শিল্পকে আরও আকর্ষণীয় করে তুলছে।
বাগানের কথা উঠলেই মৌমাছির কথা মনে পড়ে। প্রকৃতির সঙ্গে এই ছোট্ট প্রাণীর সম্পর্ক যেমন গুরুত্বপূর্ণ, তেমনি এর আকৃতি ও রংও নেইল আর্টে ভিন্নতা আনতে পারে। ক্ষুদ্র মৌমাছির নকশা, তার সঙ্গে ছোট ফুল কিংবা পাতার ডিজাইন মিলিয়ে তৈরি করা যায় গল্পের বইয়ের মতো একটি লুক।
যাঁরা খুব বেশি ভারী বা অতিরিক্ত নকশা পছন্দ করেন না, তাঁরাও এমন ডিজাইন বেছে নিতে পারেন। স্বচ্ছ বা হালকা রঙের বেসের ওপর একটি বা দুটি ছোট মোটিফ ব্যবহার করলেই পাওয়া সম্ভব প্লেফুল কিন্তু পরিমিত একটি ম্যানিকিউর।
শৈশবের বনভোজন, ঘাসের ওপর বসে গল্প করা কিংবা রঙিন চাদরের ওপর খাবার সাজানোর স্মৃতিও হতে পারে নেইল আর্টের অনুপ্রেরণা। গিংহাম বা চেক প্রিন্ট এখন বিভিন্ন ফ্যাশন আইটেমের পাশাপাশি নখেও জনপ্রিয়।
হালকা বা নুড রঙের নখের সঙ্গে নীল চেক ডিজাইন বেশ সতেজ দেখায়। এর সঙ্গে ছোট লেডিবার্ড বা ফুলের নকশা যোগ করা যেতে পারে। এমন সাজে রয়েছে একধরনের নস্টালজিয়া। আধুনিক ফ্যাশনের সঙ্গে পুরোনো দিনের সরল আনন্দের একটি সংযোগ তৈরি করে এই ধরনের নকশা।
ডেইজি ফুলের কথা ভাবলেই সাধারণত সাদা ও হলুদের কোমল সমন্বয়ের কথা মনে আসে। কিন্তু নেইল আর্টে এই পরিচিত ধারণা বদলে দেওয়া যায় সহজে। উজ্জ্বল লাল, নীল বা অন্য কোনো সাহসী রঙের ওপর ছোট ছোট ডেইজি ব্যবহার করলে লুকটি হয়ে উঠতে পারে বেশ নাটকীয়।
ক্রিস্টাল, গ্লসি ফিনিশ কিংবা সামান্য ঝলমলে উপকরণ যোগ করলে ক্ল্যাসিক ফুলের নকশাও নতুন রূপ পায়। অর্থাৎ ফুলের ডিজাইন মানেই যে সব সময় সফট ও মিষ্টি হবে, এমন কোনো নিয়ম নেই।
ফ্রেঞ্চ ম্যানিকিউর সব সময়ই জনপ্রিয়। তবে চিরচেনা সাদা টিপের বদলে সেখানে যোগ করা যেতে পারে ছোট ছোট ফুল। বিশেষ করে গোলাপের নকশা ফ্রেঞ্চ ম্যানিকিউরকে দিতে পারে রোমান্টিক অনুভূতি।
পুরো নখ জুড়ে ডিজাইন না করে শুধু নখের আগায় ক্ষুদ্র ফুল আঁকলে সাজটি মার্জিত থাকে। যাঁরা অফিস, অনুষ্ঠান কিংবা দৈনন্দিন জীবনে খুব বেশি চোখে পড়ার মতো নেইল আর্ট করতে চান না, তাঁদের জন্য এটি হতে পারে সুন্দর বিকল্প।
গোলাপি, বাটার ইয়েলো, হালকা নীল কিংবা অন্যান্য প্যাস্টেল রং গার্ডেন ম্যানিকিউরে কোমলতা নিয়ে আসে। থ্রিডি পাপড়ির সঙ্গে পলকা ডটের মতো ছোট নকশা যোগ করলে তৈরি হয় রেট্রো আবহ।
এ ধরনের নেইল আর্ট হালকা পোশাকের সঙ্গে বেশ মানিয়ে যায়। ভিনটেজ ফ্যাশন পছন্দ করেন এমন ব্যক্তিরাও এই স্টাইল থেকে অনুপ্রেরণা নিতে পারেন।
প্রজাপতি ছাড়া বাগানের ছবি অসম্পূর্ণ। এর রঙিন ডানা যুগ যুগ ধরে শিল্প ও ফ্যাশনের অনুপ্রেরণা হয়ে এসেছে। নেইল আর্টেও কপার, অ্যাম্বার কিংবা উজ্জ্বল নানা রঙের মাধ্যমে প্রজাপতির সৌন্দর্য তুলে ধরা সম্ভব।
গার্ডেন-ইন্সপায়ারড নেইল আর্টের কোনো নির্দিষ্ট নিয়ম নেই। কেউ হয়তো শুধু একটি ফুল আঁকবেন, কেউ পুরো নখজুড়ে তৈরি করবেন রঙিন বাগান। নিজের পছন্দ, পোশাক এবং ব্যক্তিত্ব অনুযায়ী নকশা বেছে নেওয়াই এখানে গুরুত্বপূর্ণ। ছোট্ট নখের ওপর যখন প্রকৃতির রং, ফুল আর প্রজাপতির গল্প ফুটে ওঠে, তখন সাধারণ ম্যানিকিউরও হয়ে উঠতে পারে এক টুকরো শিল্প।
সূত্র: স্ক্র্যাচ ম্যাগাজিন ও অন্যান্য