হোম > জীবনধারা > ফ্যাশন

গরমে আরাম দেবে সাদা রঙের পোশাক

ফিচার ডেস্ক

ছবি সৌজন্য: রঙ বাংলাদেশ

গনগনে গরমে চকমকে পোশাক তো দূরের কথা গাঢ় রঙের পোশাকও আমরা প্রায় এড়িয়ে চলি। এই গরমে পোশাকে যদি থাকে সাদার স্নিগ্ধতা ও আভিজাত্য, তাহলেই যেন সবচেয়ে ভালো হয়। বৈশাখের এই সময়টায় নিজেকে সাজিয়ে নেওয়া যেতে পারে সাদার মায়ায়। সাদা এমন একটি রং, যা সবাইকে খুব ভালোভাবে মানায়। এখন যে আবহাওয়া তাতে ঘাম তো হচ্ছেই। সুতির সাদা রঙের পোশাক আরাম যেমন দেয় তেমনি ঘামলে দ্রুত শুকিয়ে যায়। তা ছাড়া সাদা রঙের পোশাকে অন্যান্য রঙের তুলনায় গরমও কম লাগে। এই গরমে আলমারির প্রথম শাড়িতে যদি বেশ কয়েকটি সাদা রঙের পোশাক রাখতে চান, তাহলে ভাবতে বসে যান। অফিস, আড্ডা বা ছোটখাটো পার্টিতে সাদা রঙের কেমন পোশাক পরলে ভালো লাগবে সেটাই ভাবার কথা বলা হচ্ছে। খানিক সাহায্য না হয় এখান থেকেই নিন।

পরিপাটি ও ফরমাল লুক পেতে

অফিস কিংবা ক্লাসের জন্য বেছে নিতে পারেন সাদা ঢিলেঢালা সুতির কুর্তি। সাদার সঙ্গে যেকোনো রং দিয়ে খুব সহজে আকর্ষণীয় কম্বিনেশন তৈরি করা যায়। যেমন সাদা কুর্তির সঙ্গে নেওয়া যেতে পারে নীল কিংবা সবুজ রঙের ওড়না। খেয়াল রাখবেন, পোশাক যাতে খুব আঁটসাঁট না হয়ে একটু ঢিলেঢালা হয়। এতে গরমে স্বস্তি পাওয়া যায়। তা ছাড়া নিজের আকৃতি থেকে দুই আকার বড় পোশাক পরা এখন বেশ ট্রেন্ডি। লুকের ভিন্নতা আনার জন্য কুর্তির সঙ্গে ডেনিম প্যান্ট পরতে পারেন কিংবা বাহারি রঙের পালাজ্জো। এ ছাড়া বেছে নিতে পারেন সাদা ফতুয়া, চাইলে ফতুয়ার ওপর পরে নিতে পারেন পছন্দের রঙের কটি। সাদার ওপর হালকা রঙের সুতার কাজ করা সালোয়ার-কামিজ পরতে পারেন। সাদা মানেই যে মলিন, তা কিন্তু নয়। সাদার মধ্যেও রং নিয়ে আসতে সাদা পোশাকের সঙ্গে নিতে পারেন গাঢ় রঙের ব্যাগ, যেমন—গোলাপি, লাল কিংবা নীল ইত্যাদি। এ ছাড়া সাদা পোশাককে উজ্জ্বল করে তুলতে নানা রঙের জুতা কিংবা গয়না পরা যেতে পারে।

ছবি সৌজন্য: রঙ বাংলাদেশ

ফিউশনও বাদ যাবে না

ফিউশন লুক দিতে চাইলে সাদা শার্টের সঙ্গে স্কার্ট পরতে পারেন। তবে স্কার্ট যেন হয় ভিন্ন রঙের। সাদা পোশাক ঘটি হাতা দিয়ে বানাতে পারেন, এতে যেমন গরম কম লাগবে, তেমনি ভিন্নতা আসবে। যেকোনো উৎসবের জন্য বেছে নিতে পারেন সাদা শাড়ি। সাদা শাড়ির সঙ্গে বিভিন্ন রঙের ব্লাউজ খুব ভালো ফুটে উঠবে। শাড়ি ও ব্লাউজ—দুটোই যদি সাদা পরতে চান, তবে রঙিন পাথরের কিছু গয়না পরতে পারেন। সাদার সঙ্গে যেকোনো গয়না মানিয়ে যায়। সাদা জামদানি শাড়ি ও সাদা মুক্তার মালা আপনার সাজে আভিজাত্য ভাব নিয়ে আসতে পারে। এ ছাড়া দাওয়াতে সাদা কামিজের সঙ্গে ভারী এমব্রয়ডারি করা ওড়নাও পরতে পারেন। তবে সাদা রঙের কিছু ধরন রয়েছে, যেমন—ঘিয়ে, ধূসর, চাপা সাদা ইত্যাদি।

ছবি সৌজন্য: রঙ বাংলাদেশ

এবারের গরমকে বিবেচনায় রেখে দেশের বিভিন্ন ফ্যাশন ব্র‍্যান্ড নিজেদের কালেকশনে রেখেছে সাদা। এসব সাদা পোশাকে টাইডাই, ব্লক, স্ক্রিন প্রিন্টসহ সুতার কাজও চোখে পড়ে।

গরমকালে সাদা রঙের পোশাকের যত্ন

প্রতিদিন ব্যবহার করলে খুব স্বাভাবিকভাবেই সাদা রঙের পোশাক উজ্জ্বলতা হারায়। তাই মেনে চলতে পারেন কিছু টিপস–

সাদা পোশাক অন্য রঙের পোশাকের সঙ্গে ধোবেন না। অন্য রঙের পোশাক থেকে রং উঠে সাদা কাপড়ে একবার লেগে গেলে সেই রঙের দাগ ওঠানো সহজ হয় না। তা ছাড়া অন্য রঙের পোশাকের সঙ্গে সাদা কাপড় ভিজিয়ে রাখলে অথবা ধুলে সাদা কাপড়ের উজ্জ্বলতাও কমে যায়।

সাদা কাপড়ে দাগ লাগলে পানিয়ে ভেজানোর আগেই সেই দাগ ভালো করে তুলে নিন। কাপড়ের যে অংশে দাগ লেগেছে সেখানে বেশি করে ডিটারজেন্ট পাউডার লাগিয়ে রেখে দিন কিছুক্ষণ। এরপর একটা টুথব্রাশ দিয়ে ধীরে ধীরে ঘষে উঠিয়ে নিন দাগ।

সাদা পোশাক থেকে জেদি দাগ ওঠাতে বেকিং সোডা ও লেবুর রস একসঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করুন। কাপড়ের দাগযুক্ত অংশে পেস্টটি লাগিয়ে রাখুন। আধা ঘণ্টা পর শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। দূর হবে দাগ।

সাদা কাপড়ের উজ্জ্বলতা বাড়াতে লেবুর রস বেশ কার্যকর। সাদাকে আরও সাদা ও উজ্জ্বল করে তুলতে কাপড় ভেজানোর সময় ডিটারজেন্টের সঙ্গে এক-দুই কাপ লেবুর রস মিশিয়ে দিন। এরপর সেই পানিতে কাপড় ভিজিয়ে রাখুন।

সাদা কাপড় সব সময় কড়া রোদে শুকাবেন।  

সাদা পোশাকে নীল ব্যবহারের বিষয়ে খুব সতর্ক থাকতে হবে। খেয়াল রাখতে হবে নীল ভালোভাবে পানিতে মিশেছে কিনা। তা না হলে সাদা কাপড়ে নীলের ছোপ ছোপ দাগ লেগে যাবে।

সূত্র: স্পোর্টোফিনো ও অন্যান্য

গামছা পোশাক ও অলংকারে দেশীয় আইকন

চশমা পরলে কেমন হবে চোখের মেকআপ?

গরমে আরাম ও ফ্যাশনের সমন্বয় করবে স্টাইলিশ লেয়ারিং

জেন-জি ফ্যাশনে দাবার বোর্ড!

ফ্যাশন দুনিয়ার নতুন চমক ফেইসলেট

লাল ও সবুজ রঙের পোশাক যেভাবে পরবেন

রাশিফলে ভরসা করছে জেন-জি, পরছে রাশিচক্রের গয়নাও

এই ঈদে যেমন পোশাক বেছে নিতে পারেন

শাড়ির সঙ্গে হিজাব স্টাইলিং করবেন যেভাবে

গরমে কুল লুক দেবে ‘নেকড়ে’ হেয়ার কাট