হোম > জীবনধারা > জেনে নিন

শীতের জন্য রান্নাঘর গোছাবেন যেভাবে

ফিচার ডেস্ক, ঢাকা 

ঋতুবদলের সঙ্গে রান্নাঘরের উপকরণ ও কাজকর্মে আসে বেশ কিছু পরিবর্তন। তাই শীত আসার আগেই রান্নাঘরের কিছু প্রয়োজনীয় জিনিস গুছিয়ে রাখলে রান্নার কাজ সহজ ও আরামদায়ক হয়। প্রতীকী ছবি: পেক্সেলস

শীত মানেই একটু উষ্ণতার খোঁজ। রান্না ও খাওয়ার ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয় না। গরম স্যুপ, খেজুর গুড়ের পায়েস, পিঠা কিংবা এক কাপ ধোঁয়া ওঠা চা শীতের আমেজ তৈরি করে দেয়। ফলে ঋতুবদলের সঙ্গে রান্নাঘরের উপকরণ ও কাজকর্মে আসে বেশ কিছু পরিবর্তন। একটু বেশি সময় ধরে রান্না করা, একসঙ্গে অনেকটা খাবার তৈরি করা কিংবা পরিবার-পরিজন নিয়ে উষ্ণ কোনো খাবার-পানীয় আড্ডা—সবকিছুর কেন্দ্র হয়ে ওঠে রান্নাঘর। তাই শীত আসার আগেই রান্নাঘরের কিছু প্রয়োজনীয় জিনিস গুছিয়ে রাখলে রান্নার কাজ যেমন সহজ হয়, তেমনি জায়গাটিও হয়ে ওঠে আরও আরামদায়ক।

ভারী এবং তাপ ধরে রাখে এমন রান্নার পাত্র

শীতের দিনে স্যুপ, স্টু, খিচুড়ি এমন খাবারের চাহিদা বাড়ে। তাই এ সময়ে ভালো মানের ভারী রান্নার পাত্র কাজে আসতে পারে। ঢালাই লোহার পাত্র বা পাথরের তৈরি বেকিং ডিশ দীর্ঘ সময় তাপ ধরে রাখতে পারে। ফলে রান্না শেষ হওয়ার পরও খাবার বেশিক্ষণ গরম থাকে। রান্না ও পরিবেশন—দুই কাজে ব্যবহার করা যায় এমন পাত্র কিনুন। এতে রান্নাঘরে জায়গা বাঁচে।

ঢালাই লোহার পাত্র বা পাথরের তৈরি বেকিং ডিশ দীর্ঘ সময় তাপ ধরে রাখতে পারে। শীতকালে এ ধরনের পাত্র রাখতে পারেন রান্নাঘরে। ছবি: পেক্সেলস

অ্যাপ্রোন ও রান্নাঘরের কাপড়

শীতে রান্নাঘরে কাজের সময় ভালো মানের অ্যাপ্রোন, ওভেন মিট এবং শুকনো কাপড় হাতের কাছে রাখা ভালো। টেবিল ক্লথ বা টেবিলের ওপর ব্যবহারের কাপড়েও শীতের আবহ আনা যায়। মোটা কাপড়ের অ্যাপ্রোন যেমন কাজে লাগে, তেমনি রান্নাঘরের সৌন্দর্যও বাড়ায়। পাশাপাশি কয়েকটি পরিষ্কার চা-তোয়ালে বা রান্নাঘরের কাপড় রাখলে কাজের সময় হাত ও বিভিন্ন সরঞ্জাম পরিষ্কার রাখা সহজ হয়।

মসলা রাখার পাত্র

শীতের রান্নায় দারুচিনি, লবঙ্গ, জায়ফলসহ বেশ কিছু সুগন্ধি মসলার ব্যবহার বাড়ে। এসব মসলা শুকনা ও গোছানো রাখতে কাচ বা সিরামিকের বয়াম ব্যবহার করতে পারেন। আলাদা পাত্রে মসলা রাখলে রান্নার সময় সহজে খুঁজে পাওয়া যায় এবং রান্নাঘরও পরিপাটি দেখায়। একই সঙ্গে পাত্রগুলো রান্নাঘরের সাজের অংশ হিসেবে ব্যবহার করতে পারবেন।

মসলা শুকনা ও গোছানো রাখতে কাচ বা সিরামিকের বয়াম ব্যবহার করতে পারেন। ছবি: পেক্সেলস

বহুমুখী রান্নার জিনিসপত্র

শীতে অনেক সময় একসঙ্গে বেশি পরিমাণ খাবার রান্না করতে হয়। সে ক্ষেত্রে ধীরগতিতে রান্নার পাত্র বা চাপযুক্ত বৈদ্যুতিক রান্নার যন্ত্রের মতো বহুমুখী সরঞ্জাম সময় ও শ্রম কমায়। স্যুপ, স্টু থেকে শুরু করে নানা ধরনের এক পাত্রের খাবার তৈরিতে এসব সরঞ্জাম কাজে লাগে।

সুন্দর পরিবেশনের বাসন

শীতের আয়োজন শুধু রান্নাতেই সীমাবদ্ধ নয়; খাবার পরিবেশনেও থাকে আলাদা আনন্দ। বড় পরিবেশন বাটি, প্রশস্ত প্ল্যাটার কিংবা স্যুপের পাত্র খাবারের পরিবেশনকে আকর্ষণীয় করে তোলে। বিশেষ করে পরিবার বা অতিথিদের নিয়ে খাওয়ার সময় সুন্দর পরিবেশনের বাসন টেবিলের পরিবেশ বদলে দেয়। খাবারের ধরন ও রান্নাঘরের সাজের সঙ্গে মানানসই বাসন বেছে নিন।

গরম পানীয়ের জন্য পছন্দের মগ

শীতের সকাল কিংবা বিকেলে এক কাপ চা, কফি বা হট চকলেটের আবেদনই আলাদা। তাই পছন্দের কয়েকটি মগও থাকতে পারে শীতের রান্নাঘরের তালিকায়। হাতে আরাম লাগে এমন মগে গরম পানীয় পরিবেশন করলে মুহূর্তটিও হয়ে ওঠে আরও উপভোগ্য। ব্যক্তিগত পছন্দের নকশা বা হাতে তৈরি মগ রান্নাঘরের সৌন্দর্য বাড়ায়। মগ কেনার ক্ষেত্রে পছন্দের রং কিংবা শীত ঋতুর রং প্রাধান্য দিন।

হালকা সাজসজ্জায় বদলে দিন রান্নাঘর

শুকনা ফুল, মৌসুমি ফল, কাঠের তৈরি ছোট সাজসজ্জা কিংবা টেবিলের মাঝখানে একটি ছোট সাজসজ্জার উপকরণই যথেষ্ট। সন্ধ্যায় হালকা আলো ব্যবহার করলে রান্নাঘরেও তৈরি হতে পারে আরামদায়ক পরিবেশ। আলো ব্যবহারের ক্ষেত্রে পরিমিতিবোধের দিকে খেয়াল রাখুন। অর্থাৎ আলো যেন খুব উজ্জ্বল না হয়, সে বিষয়টি বিবেচনায় রাখুন।

পরিবেশবান্ধব জিনিস রাখুন

শীতের প্রস্তুতিতে শুধু সৌন্দর্য নয়, পরিবেশের কথাও ভাবা যায়। একবার ব্যবহারযোগ্য জিনিসের পরিবর্তে পুনর্ব্যবহারযোগ্য পাত্র, কাপড়ের ব্যাগ কিংবা টেকসই সংরক্ষণ পাত্র ব্যবহার করতে পারেন। এতে রান্নাঘরের অপ্রয়োজনীয় বর্জ্য কমানোর পাশাপাশি দীর্ঘদিন ব্যবহারযোগ্য জিনিসও হাতের কাছে থাকবে।

সূত্র: এলিমেন্টারি