আজ প্রপোজ ডে
ফেব্রুয়ারি মানে বাতাসে একধরনের ভালোবাসার টান। ভ্যালেন্টাইন সপ্তাহের অন্যতম গুরুত্বপূর্ণ দিন হলো প্রপোজ ডে বা প্রেম নিবেদনের দিন। মনের কোণে জমে থাকা ভালোবাসার কথা প্রিয় মানুষকে জানানোর জন্য এর চেয়ে ভালো দিন আর কি হতে পারে! তবে, ভালোবাসার মানুষকে মনের কথাটা বলা যতটা রোমাঞ্চকর, ততটাই স্নায়ুচাপের বিষয়ও বটে। এই প্রেম নিবেদন করতে গিয়ে আমরা অনেক সময় এমন কিছু করে ফেলি, যা সামনের মানুষটিকে অস্বস্তিতে ফেলে দেয়। তাই সফলভাবে নিজের অনুভূতি প্রকাশ করতে কিছু বিষয় খেয়াল রাখুন।
জনসমক্ষে প্রেমের নিবেদন
একেক মানুষের ব্যক্তিত্ব একেক রকম। সবাই জনজনসমক্ষে বা অনেক মানুষের মধ্যে প্রেম নিবেদন পছন্দ করেন না অনেকেই। আপনার ভালোবাসার মানুষটি যদি লাজুক স্বভাবের হয়, তবে ভিড়ের মধ্যে হাঁটু গেড়ে বসে তাঁকে প্রেম নিবেদন করলে তিনি অস্বস্তিতে পড়ে যাবেন। অনেক সময় আশপাশে মানুষ দেখছে ভেবে চাপে পরে ‘হ্যাঁ’ বললেও ভেতরে ভেতরে বিরক্ত হতে পারেন। তাই পছন্দের মানুষের ব্যক্তিত্ব বুঝে তবেই প্রেম নিবেদনের জায়গা নির্বাচন করুন।
ইমোশনাল ব্ল্যাকমেল করা
‘তুমি “না” বললে আমি নিজের ক্ষতি করব।’ এটি আসলে ভালোবাসার কথা নয়; বরং মানসিক চাপ। কখনোই কাউকে আবেগ দিয়ে আটকে রাখার চেষ্টা করবেন না। আপনার প্রস্তাব আপনার পছন্দের মানুষের ওপর যেন কোনো মানসিক চাপ সৃষ্টি না করে, সেদিকে খেয়াল রাখুন। ভালোবাসা কখনোই ব্ল্যাকমেল করে হয় না।
ভুল সময় নির্বাচন
প্রেম নিবেদনের জন্য সময়টা সঠিক হওয়া খুবই জরুরি। আপনার পছন্দের মানুষটি যদি কোনো গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকেন বা কোনো কারণে তাঁর মন খুব খারাপ থাকে বা কোনো বিষয়ে তিনি বিচলিত থাকেন, তেমন সময় প্রেম নিবেদন করাটা কখনোই ঠিক হবে না। ধৈর্য ধরে সঠিক সময়ের জন্য অপেক্ষা করুন।
অন্ধ অনুকরণ নয়
সিনেমায় দেখা কোনো গ্র্যান্ড আইডিয়া বা অন্য কারও কোনো স্টাইল কখনোই হুবহু কপি করতে যাবেন না। প্রতিটি সম্পর্ক আলাদা। আপনার ভালোবাসার মানুষটি হয়তো কোনো সাজানো স্ক্রিপ্ট থেকে আপনার মনের কথাগুলো সহজভাবে শুনতেই বেশি পছন্দ করবেন।
উত্তরের জন্য জোরাজুরি
আপনি প্রস্তাব দিয়েছেন, আর আপনার পছন্দের মানুষটি সঙ্গে সঙ্গে ‘হ্যাঁ’ বলে দেবেন, ব্যাপারটি এমন না-ও হতে পারে। তাঁকে চিন্তা করে উত্তর দেওয়ার সময় দিন। ‘এখনই বলো তুমি কী চাও?’ এমন আচরণ তাঁর কাছ থেকে আপনাকে বরং দূরে সরিয়ে দিতে পারে। মনে রাখবেন, জোর করে সম্পর্ক হয় না।
নেশাগ্রস্ত অবস্থায় প্রস্তাব
অনেকেই সাহস সঞ্চয় করার জন্য নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করে প্রস্তাব দেন। এটি বড় ভুল। নেশাগ্রস্ত অবস্থায় দেওয়া প্রস্তাবের কোনো গুরুত্ব আসলে সামনের মানুষটার কাছে থাকে না। বরং এই আচরণ আপনার ব্যক্তিত্বকে ছোট করে দেয়। তাই, সুস্থ মস্তিষ্কে দায়িত্বশীলতার সঙ্গে নিজের অনুভূতি প্রকাশ করুন।
‘না’ শোনার মানসিকতা না থাকা
প্রেম নিবেদন করলেই যে সামনের মানুষটি উত্তর ‘হ্যাঁ’ হবে, এমন কোনো কথা নেই। তিনি আপনাকে প্রত্যাখ্যান করলে তা সম্মানের সঙ্গে গ্রহণ করার মানসিকতা রাখুন। ভালোবাসা মানে হলো একে অপরের প্রতি শ্রদ্ধা। তাই অশালীন আচরণ করা বা তাঁকে বিরক্ত করা থেকে বিরত থাকুন।
তৃতীয় পক্ষ বা বন্ধুর মাধ্যমে প্রস্তাব পাঠানো
অনেকেই লজ্জা পেয়ে বা সাহসের অভাবে তৃতীয় পক্ষ বা বন্ধুর মাধ্যমে পছন্দের মানুষটিকে প্রস্তাব পাঠান। এটি ভুল। আপনার জীবনের এ বিশেষ কথাটি যখন অন্য কেউ গিয়ে বলবেন, তখন তার গুরুত্ব অনেকটাই কমে যাবে। সামনের মানুষটি মনে করবেন, আপনি তাঁকে নিয়ে খুব একটা হয়তো সিরিয়াস নন। কিংবা আপনার আসলে সাহসের অভাব রয়েছে। আপনি তাঁকে কতটা ভালোবাসেন, তা সততার সঙ্গে বুঝিয়ে বলুন। নিজের অনুভূতি নিজেই প্রকাশ করুন।
সূত্র: ফ্লাইটোগ্রাফার, রিপাবলিক ওয়ার্ল্ড ও অন্যান্য