হোম > জীবনধারা > জেনে নিন

ইফতারে শরবত পান করবেন যে কারণে, জেনে নিন কয়েকটি রেসিপি

ফিচার ডেস্ক, ঢাকা 

মস্তিষ্কের প্রধান খাবার গ্লুকোজ। ইফতারে এক গ্লাস ফলের শরবত আপনার মস্তিষ্কের জ্বালানি হিসেবে কাজ করবে। প্রতীকী ছবিটি এআই দিয়ে তৈরি।

শুধু ইফতারে নয়, ক্লান্তি দূর করতে ফলের শরবতের বিকল্প নেই। আর রোজার ইফতার শুরু হয় পানীয় পানের মাধ্যমে। তবে পানীয় যদি হয় ফলের শরবত, তাহলে সেটা হবে স্বাস্থ্যবান্ধব। এই মৌসুমে খুব সহজে পাওয়া যায় বেল, আনারস, পেয়ারা, তেঁতুল ইত্যাদি ফল। অনায়াসে এসব ফলের শরবত রাখতে পারেন আপনার প্রতিদিনের ইফতারে।

কেন ফলের শরবত খাবেন

প্রতিটি ফলে আছে শর্করা বা কার্বোহাইড্রেট, খুব সামান্য প্রোটিন, সামান্য চর্বিসহ সব ধরনের ভিটামিন ও খনিজ। যেমন পেয়ারায় ১৫, আনারসে ১৪, তেঁতুলে ৬০ এবং বেলে ৩০ শতাংশ কার্বোহাইড্রেট থাকে। এ ছাড়া বিভিন্ন ফলে রয়েছে বিটা ক্যারোটিন, ব্রমোলিন, ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন সি-সহ অনেক কিছু। আরও আছে জিংক, পটাশিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম, ম্যাঙ্গানিজসহ শরীরের প্রায় সব প্রয়োজনীয় উপাদান। আরও গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে আছে আঁশ ও অ্যান্টিঅক্সিডেন্ট। ফলের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে পানি। প্রতিটি ফলের জলীয় অংশের পরিমাণ গড়ে ৭৫ শতাংশ।

রোজায় শরবত পানের উপকারিতা

চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালের জ্যেষ্ঠ পুষ্টি কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, ‘সারা দিন না খেয়ে থাকার ফলে শরীরে শর্করার স্তর অনেক কমে যায়। এ জন্য ইফতারের কয়েক ঘণ্টা আগে থেকে শারীরিক দুর্বলতা বেশি অনুভূত হয়। এ ক্ষেত্রে ফলে থাকা শর্করা ধীরে ধীরে রক্তে গ্লুকোজের স্তর বাড়িয়ে শক্তি জোগাবে। তবে যাঁদের ডায়াবেটিস আছে, তাঁরা তেঁতুলের শরবত কম পান করবেন। তাতে শর্করা একটু বেশি থাকে।’

আমাদের মস্তিষ্কের প্রধান খাবার গ্লুকোজ। ইফতারে এক গ্লাস ফলের শরবত আপনার মস্তিষ্কের জ্বালানি হিসেবে কাজ করবে। তা ছাড়া ক্লান্ত পেশিকে সতেজ করে ভিটামিন ও মিনারেল। এ ক্ষেত্রে ভিটামিন বি কমপ্লেক্সের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ফলের পটাশিয়াম স্নায়বিক দুর্বলতা দূর করে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে।

ইকবাল হোসেন বলেন, ‘সারা দিন রোজা রাখার ফলে শরীরে কিছুটা পানিশূন্যতা তৈরি হয়। ফলের জলীয় অংশ পানিশূন্যতা দূর করে শরীরের প্রতিটি কোষ কর্মক্ষম রাখে এবং শরীরের তাপমাত্রার ভারসাম্য রক্ষা করে।’

ফল দিয়ে তৈরি শরবতের মধ্য়ে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে ফ্রি-র‍্যাডিক্যাল তৈরি হতে বাধা দেয় এবং সৃষ্ট মৃত কোষ অপসারণ করে। ফলে কোষের রোগ প্রতিরোধক্ষমতা বাড়ে। আনারসে থাকা ব্রমোলিন হজমশক্তি বাড়ায়। বিভিন্ন ফলের মধ্য়কার বিটা ক্যারোটিন চোখের রেটিনার সুরক্ষা দেয়। ফলের আয়রন, ভিটামিন সি, জিংক, ভিটামিন বি কমপ্লেক্স ত্বক ও চুলের সুরক্ষা দেবে।

তাই সাধারণ সময়ের পাশাপাশি প্রতিদিন ইফতারে যেকোনো একটি ফলের শরবত রাখুন। এ সময় যে ধরনের ফলের শরবত পান করতে পারেন, তারই কয়েকটি রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা

বেদানার শরবত

বেদানার শরবত

উপকরণ

বেদানা ১টি, চিনি ২ টেবিল চামচ, বিট লবণ আধা চামচের কম, লেবুর রস ১ চা-চামচ, বরফকুচি সামান্য, পুদিনাপাতা ৫ পিস এবং পানি ১ কাপ।

প্রণালি

প্রথমে বেদানার খোসা ছাড়িয়ে দানাগুলো বের করে নিয়ে হাতে চেপে চেপে রস করে নিন। পরে চিনি, বিট লবণ, লেবুর রস ও পরিমাণমতো পানি দিয়ে শরবত তৈরি করে নিন। তারপর বরফকুচি ও পুদিনাপাতা ছড়িয়ে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের বেদানার শরবত।

আনারসের শরবত 

আনারসের শরবত

উপকরণ

আনারসকুচি ২ কাপ, কাঁচা মরিচ ২টি, বিট লবণ আধা চা-চামচ, কাসুন্দি ১ চা-চামচ, চিনি আধা কাপ, পুদিনাপাতাকুচি ১০ থেকে ১২টি, মাল্টার জুস ১ কাপ, পানি ২ কাপ এবং আইস কিউব স্বাদমতো।

প্রণালি

আনারসের খোসা ফেলে টুকরো করে কেটে নিন। পরে বরফকুচি ছাড়া বাকি সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে নিন। শেষে বরফকুচি দিয়ে দিন। তৈরি হয়ে গেল সুস্বাদু আনারসের শরবত।

বেলের শরবত

বেলের শরবত

উপকরণ

পাকা বেল ২টি, চিনি বা গুড় আধা কাপ, লবণ ১ চিমটি, পানি ১ লিটার এবং আইস কিউব প্রয়োজনমতো।

প্রণালি

পাকা বেল ফাটিয়ে চামচ দিয়ে ভেতরের অংশ বের করে নিন। পরে পানি দিয়ে বেল ভালো করে চটকে নিয়ে ছেঁকে নিন। ছাঁকা বেলের ভেতর চিনি বা গুড়, গুঁড়া দুধ ও লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এবার গ্লাসে পরিবেশন করার সময় আইস কিউব দিয়ে পরিবেশন করুন।

স্ট্রবেরির শরবত

স্ট্রবেরির শরবত

উপকরণ

স্ট্রবেরি ১ কাপ, মধু ২ চা-চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, বিট লবণ আধা চা-চামচের কম, পুদিনাপাতা ৭ থেকে ৮ পিস, পানি ২ কাপ, বরফকুচি প্রয়োজনমতো।

প্রণালি

স্ট্রবেরির বোঁটা ফেলে ধুয়ে টুকরো করে কেটে নিন। এরপর সব উপকরণ ব্লেন্ডারে দিয়ে পরিমাণমতো পানি যোগ করে একসঙ্গে ব্লেন্ড করে নিন। তারপর আইস কিউব দিয়ে পরিবেশন করুন।

স্বাস্থ্যকর জীবন চাইলে ঘরবাড়ি পরিষ্কার রাখুন

কিশোর-কিশোরীদের তীক্ষ্ণ বুদ্ধি চান? সমাধান লুকিয়ে আছে গভীর ঘুমে

ফ্লার্ট করা কি নিছকই আকর্ষণ, নাকি অন্য কিছু

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে বলির পাঁঠা হতে পারেন, প্রেমের সাগরে জোয়ার আসবে

সেহরিতে যা খাবেন, যা খাবেন না

বিশ্বের দামি ৫ পারফিউম

আজকের সংসদীয় রাশিফল, কেমন যাবে হবু এমপি-মন্ত্রীদের দিন

মানসিক চাপ কমাতে এবং ত্বক সুন্দর রাখতে প্রতিদিন প্রাণায়াম করুন

মহাকাশে উল্টো জগতের সন্ধান

ঘর গোছাতে ম্যাজিক ফর্মুলা