রোদে বের হওয়ার পর যখন কোলের ওপর রাখা হাতের ওপর সূর্যরশ্মি পড়ে, তখন রোদে পোড়া দাগও হয়ে ওঠে নিত্যসঙ্গী। সামনেই আবার দুর্গাপূজা; ছোট হাতা বা স্লিভলেস ব্লাউজ পরলে হাতের যত্ন নিতে হবে এখন থেকেই। সহজে কী করে নেবেন হাতের যত্ন? একনজরে দেখে নিন—
রোজকার কাজ করার পর হাত ধুতেই হয়। তাই কাজ করার পরে বারবার হাত ধুতে হলে, হাত আরও শুষ্ক হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। হাত ধোয়ার জন্য গ্লিসারিন ও ক্রিম বেসড হ্যান্ডওয়াশ ব্যবহার করতে পারেন। এতে রুক্ষতা কমবে। রাতে ঘুমোতে যাওয়ার আগে ময়শ্চারাইজার ছাড়া কয়েক ফোঁটা অলিভ অয়েল ভালো করে ম্যাসাজ করে নিতে পারেন। বারবার হাত ধোয়া এড়াতে হ্যান্ড স্যানিটাইজারও ব্যবহার করতে পারেন। তবে যেসব স্যানিটাইজারে অ্যালকোহল থাকে, সেসব এড়িয়ে চলাই ভালো। অ্যালকোহল স্যানিটাইজার ব্যবহারে হাত আরও বেশি শুষ্ক হয়ে যায়।
ত্বকের অসমান রং ঠিক করতে দিনের বেলায় কমপক্ষে এসপিএফ৩০ সমৃদ্ধ ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে। এ ছাড়া বাইরে বের হওয়ার আগে আলাদা করে সানস্ক্রিন লাগিয়ে নিতে হবে। এতে আপনার ত্বক থাকবে রোদের ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষিত।
গোসল করার আগে হাতে ভালো করে তেল ম্যাসাজ করে নিন। যে তেল আপনার ত্বকের সঙ্গে ভালো যায়, সেটিই ব্যবহার করতে পারেন। তিলের তেল, আমন্ড অয়েল কিংবা অলিভ অয়েলও হাতে লাগাতে পারেন। তবে সেগুলো মাত্র কয়েক ফোঁটাই যথেষ্ট। হাত অতিরিক্ত শুকিয়ে গেলে হট অয়েল ম্যাসাজ করতে পারেন। ২ টেবিল চামচ বেসনের মধ্যে সামান্য দুধ অথবা টক দই এবং এক ফোঁটা হলুদের গুঁড়া দিয়ে মিহি মিশ্রণ তৈরি করুন। গোসলের আগে দুই হাতে ভালো করে সেই মিশ্রণ মেখে নিন। শুকিয়ে গেলে কুসুমগরম পানিতে হাত ধুয়ে নিতে পারেন।
রাতের বেলা ঘুমানোর আগে হাতের ত্বকের উপযোগী ভালো মানের ক্রিম বা লোশন লাগাতে হবে। এতে সারা রাত আপনার ত্বকের ময়শ্চারাইজেশন বজায় থাকে। হাত নরম রাখার উপায় হলো ময়শ্চারাইজ করা। ধোয়া হয়ে গেলেই কয়েক ফোঁটা ময়শ্চারাইজার হাতে লাগিয়ে নিন। রাতে নারিশিং ক্রিম ব্যবহার করার সময়ে হাতের তালু, তালুর পেছন দিক, আঙুল, কবজি থেকে শুরু করে কনুই পর্যন্ত ভালো করে ম্যাসাজ করতে হবে। এরপর যতটা সম্ভব কম হাত ধোয়ার চেষ্টা করুন।
অতিরিক্ত শুষ্ক হাত থেকে রেহাই পেতে ২ চামচ সানফ্লাওয়ার অয়েল, ২ চামচ পাতিলেবুর রস ও ৩ চামচ চিনি মিশিয়ে ম্যাসাজ করুন। অল্প গ্লিসারিনের সঙ্গে গোলাপজল মিশিয়ে দুই হাতে ভালো করে ম্যাসাজও করতে পারেন। এতে হাত নরম হবে। হাত নরম ও সতেজ রাখার জন্য অনেকেই নানা কিছু ব্যবহার করেন। তবে বেশি জরুরি ময়শ্চারাইজার।
মুখের মতো হাতের যত্নেও মাঝে মাঝে প্যাক ব্যবহার করতে হবে। প্যাক বানাতে ডিমের কুসুম ফেটিয়ে নিন ভালো করে। হাতের ত্বকে মেখে রাখুন ২০ মিনিট। তারপর কোমল সাবান দিয়ে হাত ধুয়ে ফেলুন। এ ছাড়া ১ টেবিল চামচ চিনির সঙ্গে আধা চা-চামচ নারকেল তেল মিশিয়ে স্ক্রাব তৈরি করে দুই হাতে ভালো করে ম্যাসাজ করুন। কিছুক্ষণ অপেক্ষা করে ধুয়ে ফেলুন কুসুম গরম পানি দিয়ে। অ্যালোভেরা জেল ব্লেন্ড করে নিন মিহি করে। হাতের ত্বকে ১৫ থেকে ২০ মিনিট লাগিয়ে রাখুন। হাত ধুয়ে ময়শ্চারাইজার লাগান।
সূত্র: স্টাইলক্রেজ ও হেলথলাইন