হোম > জীবনধারা > জেনে নিন

আজকের রাশিফল: খুশির খবর অপেক্ষা করছে, পুরোনো প্রেম ঘরে আগুন লাগাতে পারে

আজকের পত্রিকা ডেস্ক­

মেষ

আজ আপনার পকেটে থাকা ওয়ালেটটা একটু বেশিই চঞ্চল। অর্থাগম ভালো হবে, তাই বলে হুট করে সোনার হরিণ কিনতে যাবেন না! ভাই-বোনেরা আজ আপনার প্রতি হঠাৎ খুব সদয় হতে পারে (হয়তো নতুন ফোন বা ট্রিট পাওয়ার আশায়)। নতুন গাড়ি কেনার কথা ভাবছেন? কেনার আগে চাকা আর পকেট দুটোই চেক করে নিন। আধ্যাত্মিকতায় মন দিন, কিন্তু উপাস করে পেট খারাপ করবেন না।

বৃষ

আপনার শরীর আজ একটু ‘নখরা’ করতে পারে। হৃৎপিণ্ড আর চর্মরোগ নিয়ে সাবধান! আয়নায় নিজেকে দেখে বেশি মুগ্ধ হবেন না, র‍্যাশ বেরোতে পারে। বন্ধুরা আজ আপনার সামনে খুব ‘মিষ্টি’ সাজবে, কিন্তু আড়ালে আপনার নামে পিএনপিসি (পরনিন্দা পরচর্চা) করার সুযোগ ছাড়বে না। আইনি জটিলতা থেকে দূরে থাকুন, উকিলবাবু কিন্তু আপনার পকেট ফাঁকা করার অপেক্ষায় আছেন। রাস্তায় গাড়ি চালানোর সময় গান কম শুনুন, ব্রেক মারার দিকে নজর দিন।

মিথুন

আপনার কাণ্ডজ্ঞান আজ টনটনে! কৌশলী কথায় পারিবারিক ঝগড়া এমনভাবে মেটাবেন যে পাড়ার লোকে আপনাকে ‘পঞ্চায়েত প্রধান’ ভেবে বসতে পারে। তবে সাবধান, পুরোনো প্রেম হঠাৎ করে উঁকি দিয়ে আপনার বর্তমান জীবনে ‘আগুন’ লাগিয়ে দিতে পারে। সেই আগুনের চেয়েও আসল আগুন (রান্নাঘর বা মোমবাতি) থেকে দূরে থাকুন। দূরে কোথাও যাওয়ার প্ল্যান করতে পারেন, তবে টিকিট কনফার্ম হয়েছে কি না দেখে নেবেন।

কর্কট

আজ আপনি একটু বেশিই ইমোশনাল। ফেসবুকে দুঃখের স্ট্যাটাস দেওয়ার আগে দুবার ভাবুন। বন্ধুরা আপনাকে আজ বিপদে উদ্ধার করবে (হয়তো ধার দিয়ে নয়, শুধু সান্ত্বনা দিয়ে)। অযথা খরচের যোগ প্রবল। মানিব্যাগটি ঘরে রেখে বেরোতে পারলে ভালো হতো, কিন্তু তা তো আর হয় না! সন্তানকে নিয়ে দুশ্চিন্তা হতে পারে, কিন্তু মনে রাখবেন তারা আপনারই কার্বন কপি!

সিংহ

আজ সকালে আপনার আত্মবিশ্বাস থাকবে হিমালয়ের সমান। বসের মুখের ওপর কথা বলে দেবেন না যেন! সন্ধ্যার পর স্ত্রীর সঙ্গে বিবাদ হওয়ার প্রবল সম্ভাবনা। স্বামী-স্ত্রীর ঝগড়া ‘খড়ের আগুন’ ভেবে বসবেন না, মাঝেমধ্যে তা দাবানল হয়ে যেতে পারে। তবে মা আপনার পাশে থাকবেন। কারণ, আপনি তাঁর কাছে চিরকালই সেই ছোট্ট খোকন। চোখের সমস্যা অবহেলা করবেন না। বেশি মোবাইল ঘাঁটাঘাঁটি বন্ধ করুন।

কন্যা

বিজনেস পার্টনারের সঙ্গে আজ খিটিমিটি হতে পারে। আপনি ভাববেন আপনি ঠিক, সে ভাববে সে ঠিক—মাঝখান থেকে লাভ হবে প্রতিযোগীদের। বিয়ের সানাই বাজতে বাজতে হঠাৎ থেমে যেতে পারে, কিন্তু ঘাবড়াবেন না, ওটা স্রেফ নেটওয়ার্ক প্রবলেম। রক্তপাত বা চোট পাওয়ার যোগ আছে, তাই সবজি কাটার সময় একটু হাত বাঁচিয়ে। বন্ধুদের কাছ থেকে আজ অপ্রত্যাশিত উপহার পেতে পারেন, বিনিময়ে ট্রিট দিতে ভুলবেন না।

তুলা

আজ আপনার জন্য ‘ম্যানেজিং’ করার দারুণ দিন। কোনো চুক্তি বা দালালি করে দু-পয়সা বাড়তি কামাতে পারেন। উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পাওয়ার খবর আসতে পারে (স্বপ্ন দেখবেন না, বাস্তব খবর নিন)। মায়ের শরীর নিয়ে একটু দুশ্চিন্তা হতে পারে, তাঁকে ডাক্তার না দেখিয়ে নিজেই বড় ডাক্তার সেজে বসবেন না। জিমে যাওয়ার কথা ভাবছেন? আজ অন্তত এক কিলোমিটার হাঁটুন।

বৃশ্চিক

কর্মক্ষেত্রে আজ বস আপনার ওপর একগাদা ফাইল চাপিয়ে দিতে পারে। হার মেনে নেওয়ার পাত্র তো আপনি নন! চ্যালেঞ্জ গ্রহণ করুন, কিন্তু কপালে যেন বেশি ভাঁজ না পড়ে। বাইরে খেলাধুলা বা যোগব্যায়াম করলে মন ভালো থাকবে। আজ আপনি একটু বেশিই রহস্যময় থাকবেন, লোকে ভাববে বোধহয় লটারি জিতেছেন!

ধনু

হাওয়ায় কেল্লা বানানো বন্ধ করুন আর কাজ শুরু করুন। ধনু রাশির মানুষেরা এমনিতেই একটু বেশি দার্শনিক। আজ আপনার সেই দর্শন কেউ শুনতে চাইবে না। সম্পর্কের ক্ষেত্রে সময়টা ভালো, মনের মানুষকে মনের কথা আজ বলে দিতে পারেন, তবে রিজেক্ট হওয়ার জন্য একটা ‘প্ল্যান বি’ রাখুন। অযথা বিলাসিতা করতে গিয়ে ক্রেডিট কার্ডের লিমিট ক্রস করবেন না।

মকর

আজ টাকার বিষয়ে একটু কৃপণ হওয়াই ভালো। কেউ ধার চাইলে সরাসরি ‘না’ বলতে শিখুন। স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে, তবে অন্যের খুশিতে গা ভাসাতে গিয়ে নিজের ডায়েট ভুলে যাবেন না। বড়দের পরামর্শ আজ আপনার জন্য টনিকের মতো কাজ করবে। অফিসে আপনার কাজ আজ প্রশংসিত হতে পারে, কিন্তু সেই আনন্দে আজই ইনক্রিমেন্ট চেয়ে বসবেন না।

কুম্ভ

আজ আপনার জন্য খুশির খবর অপেক্ষা করছে। বন্ধুদের সঙ্গে আড্ডা বা ভ্রমণের সুযোগ আসবে। ক্যারিয়ারের ক্ষেত্রে আজ কোনো সাহসী সিদ্ধান্ত নিতে পারেন। তবে অতি উৎসাহে ভুল বাসে উঠে পড়বেন না যেন! আর্থিক লেনদেনে সক্রিয় থাকুন, কিন্তু পিন কোড কাউকে দেবেন না। মানসিক শান্তি পাবেন, আজ কোনো পছন্দের গান শুনে সময় কাটান।

মীন

আজ আপনার মনে নতুন নতুন আইডিয়া আসবে। মুশকিল হলো, সেগুলো বাস্তবায়ন করার আগেই ঘুমিয়ে পড়তে পারেন। কর্মক্ষেত্রে সাহস দেখানোর দিন আজ। সিনিয়ররা আপনার কথা মন দিয়ে শুনবেন। প্রেমে জোয়ার আসার সম্ভাবনা, তবে সাঁতার না জানলে বেশি গভীরে যাবেন না! কোনো পুরোনো বন্ধুর সঙ্গে হঠাৎ দেখা হয়ে যেতে পারে, স্মৃতি রোমন্থন করুন।

ইফতারের দাওয়াতে যেসব উপহার নিতে পারেন

সেহরি ও ইফতারের পর ভালো ঘুমের সহজ পাঠ

রমজানে ত্বকের যত্ন: ঈদের আগে উজ্জ্বল ও প্রাণবন্ত ত্বক পেতে করণীয়

ইফতারের পর মাথাব্যথা? জেনে নিন কমানোর উপায়

আজকের রাশিফল: অর্থভাগ্য বেশ ভালো, অফিসের বসকে ‘জান’ ডাকলে বিপদ

ইফতারে মিষ্টি খাওয়ার তীব্র ইচ্ছা নিয়ন্ত্রণ করবেন যেভাবে

আজকের রাশিফল: প্রেমে জোয়ার আসবে, আলসেমির কারণে অনেক কিছুই হাতছাড়া হবে

রমজান মাসজুড়ে পানিশূন্যতামুক্ত থাকতে যা করবেন

জীবনে সফল হতে কি ভোর ৫টায় উঠতেই হবে

ইফতারে শরবত পান করবেন যে কারণে, জেনে নিন কয়েকটি রেসিপি